গানের সঙ্গে জীবনের সুর
‘ওই আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায়...আমি খুঁজেছি তোমায় মাগো, খুঁজেছি তোমায়।’ আর সবকিছু বাদ দিলেও শুধু এই গানটি দিয়েই রাশেদকে কারও চিনে নিতে অসুবিধা হওয়ার কথা না। ক্লোজআপ ওয়ান (২০০৫) মৌলিক গান পর্বে এ গানটি যেভাবে মানুষকে কাঁদিয়েছিল। এখনো শুনে মানুষ সমানভাবে আপ্লুত হয়। তাই তো যেকোনো মঞ্চে উঠলে এই গানটি না গেয়ে নামতে পারেন না রাশেদ। গানের জগতের এই মানুষটি সাম্প্রতিক সময়ে ব্যস্ত ছিলেন অভিনয় নিয়ে। বিপ্লব হায়দারের জোছনা রাতের গল্প নামের ছবিতে দেখা যাবে তাঁকে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবির শুটিংয়ের কাজে পুরো ফেব্রুয়ারি মাস ছিলেন পটুয়াখালীর স্বরূপকাঠিতে। ওখানে অনেক মজার ঘটনা ঘটেছে। একদিনের ঘটনার কথা বললেন রাশেদ, ‘সিনেমায় আমার চরিত্রের নাম শরৎ, একদিন সকালে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে পান্তা খাচ্ছি আর নায়ককে ডাকছি,ওঠো, দেখো, কী সুন্দর সকাল। তো কখনো কাঁচা মরিচ মুখে, কখনো পান্তা ভাত মুখে দিয়ে শট দিচ্ছি। পুরোপুরি শটটি নিতে আমাকে এত খেতে হলো যে সারা দিন আর কিছুই খেতে পারিনি এবং পেট নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম।’সিনেমায় অভিনয় ছাড়াও নাটকে অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। আরও প্রস্তাব আছে অভিনয়ের। গানের পাশাপাশি অভিনয়টাও নিয়মিত রাখার চিন্তাভাবনা করছেন এখন। সে প্রসঙ্গে রাশেদ বলেন, ‘আমি গানের লোক। সারা জীবন গান গাইতে চাই। দর্শক-শ্রোতাদের সামনে উপস্থিত থাকার জন্যই অভিনয় করা।’শৈশব কেটেছে কালুরঘাটের মোহড়ায়। কৈশোরে চলে আসেন আগ্রাবাদের পশ্চিম মাদারবাড়ি। ছেলেবেলা থেকেই বেশ সুরে গান গাইতেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় ভর্তি হন আর্য সংগীতে। এ সময় পরিবারের অবস্থা একটু খারাপ হলেও তিনি গানটা চালিয়ে যান। সপ্তাহে দুদিন হেঁটেই আন্দরকিল্লা পর্যন্ত আসতেন গান শিখতে। ২০০১ সালে প্রথম একটি গায়েহলুদের মঞ্চে গান গেয়ে পারিশ্রমিক পান ১০০ টাকা। ধীরে ধীরে বাড়তে থাকে পারিশ্রমিক, তিনিও লেগে থাকেন। ২০০৩ সালে ব্যানসন অ্যান্ড হ্যাজেস স্টার সার্চ প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে সলো ও ব্যান্ডে প্রথম হন। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় জায়গা করে নেন শীর্ষ দশে।ক্লোজ আপ ওয়ানের মৌলিক গান পর্বে আসিফ ইকবালের লেখা গানটি তাঁরই ভাগ্যে পড়েছিল। রাশেদ বলেন, ‘এই গানটি আমার জীবনে একটি টার্নিং পয়েন্ট। এদিক থেকে সত্যিই আমি ভাগ্যবান।’ প্রথম একক অ্যালবাম ফেরিওয়ালা প্রকাশ হয় ২০০৭ সালে। চার বছর পর গেল ঈদে ফাহিম মিউজিক থেকে এসেছে দ্বিতীয় অ্যালবাম সোনাবন্ধে। এর একটি গানে অতিথি শিল্পী হিসেবে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আরেক ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। রাশেদ জানান, ‘আমরা প্রথম ক্লোজআপ ওয়ান প্রথম ১০ জন অনেক দিন একসঙ্গে প্রোগ্রাম করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, এর মধ্যে থেকে একজন চলে গেল চিরতরে। সোনাবন্ধে অ্যালবামটি আমি আবিদকে উৎসর্গ করেছি।’ রাশেদ এখন দুটি মিক্সড অ্যালবাম ও একটি সলো অ্যালবামের কাজ করছেন এবং মঞ্চেও নিয়মিত থাকার চেষ্টা করছেন।প্রতিভা আর সাধনার জোরে দর্শক-শ্রোতার সঙ্গে যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, তা টিকিয়ে রাখতে চান রাশেদ। তাই প্রতিবছরই অ্যালবাম বের করতে চান তিনি। আর পেছন ফিরে তাকাতে চান না। গানের সঙ্গে নিজের জীবনের সুরকে মিলিয়েছেন রাশেদ। সেই সুরকে প্রাণের ভেতর লালন করে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেন। এমন কিছু গান গাইতে চান, যা মানুষ মনে রাখবে, বাঁচিয়ে রাখবে তাঁকে।