গানের সাধক গফুর হালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পান্জাবিওয়ালা’, ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’, ‘মনের বাগানে’সহ বহু অবিস্মরণীয় গানের স্রষ্টা তিনি। আঞ্চলিক গানের কিংবদন্তি জুটি শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গফুর হালী। এই ৮০ বছর বয়সেও তিনি গান লিখে আর গান গেয়ে সংসার চালান। তাঁর লেখা গান নিয়ে জার্মানির হালে বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে গবেষণা গ্রন্থ ডার ফেরুকটে গফুর, স্প্রিখট (পাগলা গফুর, বলে)। পরিচিত হোন এই গানওয়ালার সঙ্গে।নিউ মার্কেটে ছোটখাটো একটা দোকান ছিল শ্যামসুন্দর বৈষ্ণবের। শ্যাম গানের মানুষ। সে সূত্রে তাঁর দোকানে শিল্পীদের আড্ডা বসে সকাল-সন্ধ্যায়। সে আড্ডায় একদিন ঢুঁ মারেন গানের জগতে নবীন আবদুল গফুরও। শ্যাম দিলখোলা মানুষ, গফুরও তা-ই—দুজনের ভাব হতে সময় লাগে না। গ্রাম থেকে গান নিয়ে শহরে ছুটে আসেন গফুর। শ্যামের কণ্ঠে তা তুলে দেন। চট্টগ্রাম বেতারে প্রচারিত হয় গানগুলো।বেতারেই একদিন ধরে বসলেন শেফালী ঘোষ। বললেন, ‘উদা শ্যামরে দিলে অইতো ন, আঁরেও গান দেওন ফরিব (শুধু শ্যামকে দিলে তো হবে না, আমাকেও দিতে হবে)।’শেফালী বারবার তাগাদা দেন, আর গফুর ভুলে যান। তখনকার আঞ্চলিক পরিচালক (আরডি) আশরাফুজ্জামানকে নালিশ দেন শেফালী, ‘গফুরদা আমাকে গান দিচ্ছেন না।’ আরডি ডেকে পাঠান গফুরকে। পাশে বসিয়ে চা খাওয়ান। এ কথা-সে কথা বলার পর শেফালীকে গান দিতে অনুরোধ করেন।গফুর আরডিকে বললেন, ‘একটা দ্বৈত গান আছে। সেটা শ্যাম-শেফালীকে দিয়ে গাওয়ানো যায়।’ গফুরের প্রস্তাব লুফে নেন আরডি। বলেন, আপনি কালই গানটা রেকর্ড করে দিন।দুই দিন পর শ্যামসুন্দরের চকবাজারের বাসায় হাজির হন গফুর। শ্যামের সাইকেলে চড়ে পৌঁছে যান শেফালীর বাসায়। শ্যাম ও শেফালীর কণ্ঠে তুলে দেন সেই গান—‘ন যাইও ন যাইওআঁরে ফেলাই বাপের বাড়িত ন যাইও (ছেলে)ন গইরজ্য ন গইরজ্যবাপর বাড়িত যাইতাম মানা ন গইরজ্য (মেয়ে)।’বেতারে প্রচারের পর আলোড়ন তুলল গানটি। শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের নাম ছড়িয়ে পড়ল হাটে-মাঠে।এর আগে মলয় ঘোষ দস্তিদারের ‘নাইয়র গেলে আইস্য তারাতারি’সহ দু-একটা দ্বৈত আঞ্চলিক গান গেয়েছিলেন শ্যাম-শেফালী। কিন্তু ‘নাইয়র’ গানটির দারুণ জনপ্রিয়তা আঞ্চলিক গানে নতুন ধারা সৃষ্টি করল। প্রতিষ্ঠিত হলো নতুন জুটি—শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ। এই একটি গান গফুরের জীবনের মোড়ও ঘুরিয়ে দেয়। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন তিনি। সংগীতজীবন শুরু করেছিলেন শিল্পী হিসেবে। খ্যাতিমান হলেন গীতিকার ও সুরকার হিসেবে। এটা ১৯৬৪ সালের ঘটনা।সেই থেকে এখনো গানের সঙ্গেই তাঁর ঘরবসতি। এই ৮০ বছর বয়সেও গান লিখে এবং গান গেয়ে সংসার চালান। আঞ্চলিক গানের কিংবদন্তি জুটি বৈষ্ণব-শেফালী ঘোষের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তাঁর গান গেয়ে নাম কুড়িয়েছেন চট্টগ্রাম ও ঢাকার অনেক শিল্পী। এ পর্যন্ত দুই হাজারের বেশি গান লিখেছেন। তাঁর মাইজভান্ডারি গান নিয়ে জার্মানির হালে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণামূলক বই বেরিয়েছে। তিনি আঞ্চলিক নাটকের পথিকৃত্ রচয়িতাও। তবে সংগীতে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বললেই চলে। গফুরের ভাষায়, ‘গাইতে গাইতে গায়েন।’মন মজে যায় ছবির গানেআবদুল গফুরের জন্ম ১৯২৯ সালে পটিয়ার রশিদাবাদে। বাবা, আবদুস সোবহান, মা গুলতাজ খাতুন। লেখাপড়া করেছেন রশিদাবাদ প্রাথমিকবিদ্যালয় ও জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চবিদ্যালয়ে।রশিদাবাদ সাধকশিল্পী আস্কর আলী পণ্ডিতের গ্রাম। আস্কর আলীর গান শুনে বড় হয়েছেন গফুর। ছোটবেলায় তাঁর আধ্যাত্মিক ও মরমি গান গফুরের মনে গভীর প্রভাব ফেলে। গ্রামে যাত্রাদলের আনাগোনা ছিল নিয়মিত। হতো পালা গান, গাজীর গান। পুঁথিপাঠের আসর বসত ঘরে ঘরে। এসব আসরের নিয়মিত শ্রোতা ছিলেন শিশু গফুর।অল্প বয়সে সিনেমার পোকা ঢুকেছিল মাথায়। দোহাজারি রেলস্টেশনটা কাছেই। চার আনা ভাড়া দিয়ে চলে আসতেন শহরে। টিকিট কেটে ঢুকে পড়তেন রঙ্গম সিনেমা হলে, কখনো লায়ন-ঝুমুরে। ছবির গানগুলো হুবহু গাইতে পারতেন গফুর। সে সময় প্রতিটি ছবির গান নিয়ে দু-তিন পাতার বই পাওয়া যেত। গান মুখস্থ করতে ভালোই কাজ দিত এটা।কী করে যেন গ্রামে প্রচার হয়ে গেল, গফুর ভালো গান করেন। একদিন তাঁকে যাত্রা অনুষ্ঠানের মঞ্চে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। গান শুনে সবাই প্রশংসা করলেন। তবে গফুরের বাবা এসব পছন্দ করতেন না। গান না করার জন্য অনেক শাসন করেছেন। শেষে ঘরে আনলেন বউ। তখন গফুরের বয়স ২২-২৩ বছর। বাবা ভেবেছিলেন, বিয়ে দিলে হয়তো ছেলে সংসারী হবে। হলো উল্টো।মাইজভান্ডারের প্রেমসাগরেবিয়ের পর বউয়ের মুখের দিকে তাকিয়ে সংসারী হওয়ার চেষ্টা করেছিলেন আবদুল গফুরও। টুকটাক আয়-রোজগারও করছিলেন। বাবার পুরোনো ব্যবসাটা রপ্ত করে নিচ্ছিলেন। এ সময় একদিন আচমকা হাজির হলেন ফটিকছড়ির মাইজভান্ডারে। এখানেও গানের টান। রমেশ শীল, বজলুল করিম মন্দকিনি, মৌলানা হাদীর মাইজভান্ডারি গান তাঁর মনোজগত্ বদলে দেয়। লাল পোশাক পরা লোকজন যখন মাইজভান্ডারে ঢোল বাজিয়ে গাইতেন, তখন তিনি আর স্থির থাকতে পারতেন না। তাঁদের সঙ্গে গলা মেলাতেন। একদিন মাইজভান্ডারের ভক্তদের অনুরোধে গাইতে হলো আবদুল গফুরকে। গান শেষ করার পর দেখলেন, হারমোনিয়াম ভরে গেছে টাকায়। গান গেয়ে টাকা পাওয়া যায়, এ অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই নতুন।এটা ১৯৫৫-৫৬ সালের কথা।বাকিটা শুনুন গফুরের জবানিতে—মনে হলো, আমার ওপর অদৃশ্য শক্তি ভর করেছে। এই দরবার যেন সব জাতির মিলনমেলা! মাইজভান্ডারের প্রেমসাগরে আমি নিজেকে হারিয়ে ফেললাম। ওখান থেকে আসার পর আমাকে কে যেন বলছেন, ‘লেখ লেখ।’ একদিন গান বাঁধলাম—‘আর কত কাল খেলবি খেলা/মরণ কি তোর হবে না/আইল কত গেল কত/কোথায় তাঁদের ঠিকানা।’বেতারে ঘরবসতিশিল্পী হিসেবে মোটামুটি নাম হয়েছে আবদুল গফুরের। এরই মধ্যে অডিশনের ঘোষণা শুনে আগ্রাবাদের বেতার ভবনে হাজির হলেন। অডিশনে সেই গানটিই গাইলেন, ‘আর কত দিন খেলবি খেলা...।’ বেতারে তখন সরাসরি গান প্রচার হতো। গ্রামে পৌঁছার আগেই গান প্রচার হয়ে গেল।বাড়ির পাশে রৌশনহাট রেলস্টেশন। গফুরের গান শুনে গ্রামের শত শত মানুষ তাঁর জন্য অপেক্ষা করছিল। ট্রেন থেকে নামার পর তাঁকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিল তারা। পরে শুনেছিলেন, অডিশনে তিনি নাকি প্রথম হয়েছিলেন।উল্লেখ্য, ১৯৬৩ সাল থেকে বেতারে গফুরের লেখা গান প্রচার শুরু হলেও প্রথম সাত-আট বছর তাঁর নাম উল্লেখ করা হয়নি। গান প্রচার হতো ‘সংগ্রহ’ হিসেবে। কারণ, গীতিকার ও সুরকার হিসেবে তখনো তালিকাভুক্ত হননি গফুর হালী। ’৭২ সালে তালিকাভুক্ত হওয়ার পর শ্রোতারা অবাক হয়ে শুনলেন, বেতারের অনেক জনপ্রিয় গানের স্রষ্টা গফুর। সেই থেকে বেতারেই তাঁর ঘরবসতি। এখন এক বিশেষ শ্রেণীর শিল্পী, গীতিকার ও সুরকার।১৯৭০-এর নির্বাচনে গান গেয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে তখন। গফুর হালী চট্টগ্রাম শহরে গিয়েছিলেন কেরোসিন কিনতে। ফেরার সময় রৌশনহাটে ধরল রাজাকারেরা। বলল, ‘তুমি তো নির্বাচনে নেতার বিরুদ্ধে গান করেছ। গানের মজা এবার বোঝাব।’ তাঁর গানের একজন ভক্ত সেদিন তাঁকে বাঁচিয়েছিলেন।পরে কালুরঘাটে আরেকবার পেয়েছিল পাকিস্তানি সেনারা। ঘাড়ে বন্দুকের বাঁট দিয়ে এমন মার দিয়েছিল যে মনে হয়েছিল, ঘাড়টা বুঝি বিচ্ছিন্ন হয়ে গেল। স্রেফ বুদ্ধির জোরে সেদিন পালাতে পেরেছিলেন গফুর হালী।আবদুল গফুর হালী সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেননি। তবে ক্যাম্পে গিয়ে গান গেয়ে উদ্দীপ্ত করতেন মুক্তিযোদ্ধাদের। তাঁরা হালীর একটি গান খুব পছন্দ করতেন। সেটি হলো, ‘তোর লয় আঁর লয় ন অইব অভাই/আঁই বাঙালি, তুই পাঠান/তোর দেশে আর আঁর দেশে/দুই হাজার মাইল ব্যবধান।’মাটির গানের ফেরিওয়ালাআবদুল গফুর হালীর আঞ্চলিক গানের সংখ্যা প্রায় দেড় হাজার। মাইজভান্ডারি গানও হাজারের বেশি হবে। এসব গানের মধ্যে শেফালী ঘোষের গাওয়া ‘ও শ্যাম রেঙ্গুন ন যাইও রে’, ‘ঢোল বাজের আর মাইক বাজের’, ‘সোনাবন্ধু, ‘বাইন দুয়ার দি’, ‘ন মাতাই ন বুলাই’, ‘ছোডকাইল্যা প্রেম আমার’, ‘মনের বাগানে’; কল্যাণী ঘোষের গাওয়া ‘পান্জাবিওয়ালা’, ‘শঙ্খ খালর মাঝি’, ‘দুই কুলের সোলতান’, ‘দেখে যারে মাইজভান্ডারে’সহ অসংখ্য গান শ্রোতাদের মুখে মুখে ফেরে। শ্যাম-শেফালীর কণ্ঠে ‘তুঁই যাইবা সোনাদিয়া’, ‘বন্ধু আঁর দুয়ারদি যঅ’ গানগুলো তো চিরসবুজ গান হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর গান আরও গেয়েছেন উমা খান, সঞ্জিত আচার্য, কান্তা নন্দী, শিল্পীরানী, আবদুল মান্নান, সেলিম নিজামী ও শিমুল শীল। এ ছাড়া তাঁর গান সাম্প্রতিক সময়ে নতুন সংগীতায়োজনে গেয়েছেন সন্দীপন (সোনাবন্ধু), শিরিন (পান্জাবিওয়ালা, মনের বাগানে), বেবী নাজনীন (শঙ্খ খালর মাঝি)। এসব গান নতুন প্রজন্মের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।গফুর হালীর গানে আছে মাটির ছোঁয়া। আছে অসাম্প্রদায়িক চেতনা। গানের কথায় জড়িয়ে আছে ভক্তি ও আধ্যাত্মিকতা। হালীও বলেন, ‘চট্টগ্রামের আঞ্চলিক ভাষা মাটির সঙ্গে গাঁথা, এ ভাষার সঙ্গে এ এলাকার মানুষের নাড়ির টান। তাই আমার গানও এসব থেকে সৃষ্টি।’সত্তর ও আশির দশক ছিল আঞ্চলিক ও মাইজভান্ডারি গানের স্বর্ণযুগ। তাঁর লেখা সাড়া জাগানো বেশির ভাগ গান বিভিন্ন শিল্পীর গ্রামোফোন রেকর্ডে বেরিয়েছিল।ওই সময় হালী একটি দারুণ কাজ করেছেন। আর তা হলো আস্কর আলী পণ্ডিতের গান সংগ্রহ করে শেফালী ঘোষসহ বিভিন্ন শিল্পীর কণ্ঠে তুলে দেওয়া। এতে আস্কর আলীকে নতুন করে পান শ্রোতারা।’৭৫ সালের দিকে বিটিভির একজন কর্মকর্তার অনুরোধে আঞ্চলিক নাটক লেখা শুরু করেন গফুর হালী। যদিও নাটকটি পরে প্রচারিত হয়নি। নাটক নিয়ে একটি মধুর স্মৃতি আছে হালীর। বলেন, ‘গুলবাহার নাটক নিয়ে একবার কক্সবাজার গিয়েছিলাম। প্রথম শোতেই দারুণ হিট। অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ, পংকজ বৈদ্য সুজন। নাটকের একটি দৃশ্যে অঞ্জু ঘোষ কলাগাছ ধরে কেঁদেছিলেন। নিলামে সে কলাগাছের দাম উঠেছিল ১০০ টাকা।জার্মান ভাষায় মাইজভান্ডারি গানজার্মানির হালে বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষবিষয়ক দর্শন শাস্ত্রের সহকারী অধ্যাপক হানস হারডার (বর্তমানে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ১৯৮৯ সালের দিকে বাংলাদেশে এসেছিলেন। তিনি চট্টগ্রামের মাইজভান্ডারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে শিল্পী কল্যাণী ঘোষের মাধ্যমে যোগাযোগ হয় আবদুল গফুর হালীর সঙ্গে। তাঁর জীবন ও গান নিয়ে ২০০৪ ডার ফেরুকটে গফুর, স্প্রিখট (পাগলা গফুর, বলে) নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। এতে হালীর ৭৬টি গান অন্তর্ভুক্ত হয়। এগুলোকে আবদুল গফুর হালী রচিত পূর্ববাংলার মরমি গান বলে উল্লেখ করেছেন হানস হারডার। তিনি আবদুল গফুর হালী সম্পর্কে লেখেন, ‘আবদুল গফুর হালীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি বা উপাধি না থাকলেও নিজের চেষ্টায় তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী হতে সক্ষম হয়েছেন। তিনি নিজেকে শুধু বাংলা সাহিত্যের দিকে সরাসরি ধাবিত করেননি।...প্রায় প্রতিদিনই তিনি মাইজভান্ডারি গান রচনা করেন। ভালোবাসার এক অলৌকিক শিল্প তাঁকে টালমাটাল করে তোলে।’কোন সাধনে তাঁরে পাওয়া যায়৫৪ বছর ধরে টানা লিখে চলেছেন আবদুল গফুর হালী। এখন তাঁর বয়স ৮০। এখনো গান লিখে ও গেয়ে দিন কাটান, চালান সংসার।গানের সঙ্গে এমন ভালোবাসার কারণ কী? গান গেয়ে কী পেলেন?এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তেজনায় কণ্ঠ ধরে আসে গফুর হালীর। বলেন, ‘পয়সা তো কম কামাইনি। সেসব কোথায় জানি না। সংসার কীভাবে চলেছে, তাও আমি জানি না। জানে আমার স্ত্রী। তবে এটা জানি, সংসারে কষ্ট ছিল। কী পেয়েছি, কী পাইনি—তা হিসাব করিনি। করব না কখনো!’এবার কণ্ঠ খাদে নেমে আসে। নিজের লেখা গানটি গেয়ে ওঠেন ‘কোন সাধনে তাঁরে পাওয়া যায়।’ বলেন, ‘তাঁকে পাওয়ার জন্যই আমার সব সাধনা।’ হালীকে প্রশ্ন করি, ‘তিনি কে?’হালী প্রশ্নের জবাব দেন না। শুধু বলেন, ‘তাঁকে আমার পাইতেই হবে।’ তারপর গাইলেন/‘তাঁর জন্য মোর মন উদাসী ঘরে রব আমি কার আশে/আমায় নিয়ে চলরে সখি আমার বন্ধু যে দেশে।’