গানের সুর চুরি!
শেফালী ঘোষের জনপ্রিয় গান ‘এ জমানাত ভালা মাইনষর কন দাম নাই/ উপকারর লাডির বারি মাইত্যে কন কোনো চিন্তা-ভাবনা নাই’ (এ জামানায় ভালো মানুষের কোনো দাম নেই। যে উপকার করে তাঁকে লাঠির আঘাত করতে কোনো চিন্তাভাবনা নেই)। এ গানের গীতিকার ও সুরকার শিল্পী স্বপন কুমার দাশ। কে জানত এমনটা তাঁর জীবনেই ঘটবে। হ্যাঁ, এমনটাই হয়েছে। শুধু শেফালী ঘোষ নয়, দেশের অনেক খ্যাতনামা শিল্পীর গানের কথায় সুর দিয়ে প্রাণ এনেছেন এই সুরকার। তাঁরই সুর করা গানে বাজারে বেরোল অন্যজনের নামে। চট্টগ্রামের ক্যাসেট কোম্পানি ‘বিনিময় ক্যাসেট বাজার’ থেকে বের হওয়া আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের সর্বশেষ ভিসিডি অ্যালবাম জমিদারির বড়াই-এর মলাটে লেখা আছে গীতিকার ও সুরকার খোরশেদুল আনোয়ার। অথচ গানগুলোর সুর করেছেন স্বপন কুমার দাশ। মোড়কের কোথাও তাঁর নাম-নিশানা নেই। তিনি শুধু যে ১২টি গানে সুর দিয়েছেন তা নয়, শেফালী ঘোষের সঙ্গে তিনটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এবং সংগীত পরিচালনাও করেছেন। কোথাও তাঁর কোনো নাম-নিশানা নেই। দুঃখ আর ক্ষোভ নিয়ে স্বপন কুমার দাশ বললেন, ‘একেকটি সুর আমার সৃষ্টি। আমার সন্তান। আমার ১২টি গানের সুর অপহরণ মানে সন্তান অপহরণের সমান। সবচেয়ে দুঃখজনক, শেফালী ঘোষের সঙ্গে তিনটি গান আমি নিজে গেয়েছি, সেখানেও আমার নাম নেই। এমনকি সংগীত পরিচালক হিসেবেও আরেকজনের নাম—যা আমার শিল্পীসত্তাকে হত্যার শামিল।’ ব্যাপারটি আদালত পর্যন্ত গড়িয়েছে। ১৭ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে করা ফৌজদারি মামলায় আসামি করা হয় খোরশেদুল আনোয়ার, বিনিময় ক্যাসেট বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ লেয়কত ও আবুল হাসেমকে। আদালত সমন জারি করলে তাঁরা হাজির হয়ে জামিন নেন। বর্তমানে মামলাটি মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে বিচারাধীন।ব্যাপারটা নিয়ে খোরশেদুল আনোয়ার ও বিনিময় কর্তৃপক্ষ একে অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। অ্যালবামের ১২টি গানের সুরকার যে স্বপন কুমার দাশের, তা স্বীকার করে গীতিকার খোরশেদুল আনোয়ার বলেন, ‘ভুলটা বিনিময় কর্তৃপক্ষের। সিডিটা বের হওয়ার পর পর আমি তাদের কাছে গিয়ে প্রতিবাদ করেছি। এরপর তারা অ্যালবামে সংশোধন করেছে। তার পরও হয়তো আগের কিছু সিডি এখনো বাজারে থেকে যেতে পারে। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’ এ প্রসঙ্গে বিনিময় ক্যাসেট বাজারের স্বত্বাধিকারী আবুল হাসেম বলেন, ‘দোষটা খোরশেদুল আনোয়ারের। তিনি যেভাবে আমাদের দিয়েছেন, আমরা সেভাবে করেছি। কারণ, আমাদের সঙ্গে চুক্তি হয়েছে গীতিকারের। তিনি কাকে দিয়ে সুর করিয়েছেন আমরা কীভাবে জানব। আর তিনি এটার কোনো প্রতিবাদ করেননি।’ তবে তাঁরা দুজনই সংগীত পরিচালনার বিষয়টি অস্বীকার করেন। তাঁরা বলেন, ‘এটি স্বপন কুমার দাশের অযৌক্তিক দাবি।’ শিল্পী স্বপন কুমার দাশ প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ মোহন লাল দাশের ছেলে। যাঁর সুরে প্রথম বাংলা গান গেয়েছেন গজলশিল্পী মেহেদী হাসান—‘হারানো দিনের কথা মনে পড়ে যায়।’ এ ছাড়া চট্টগ্রামের আনাচে-কানাচে ঝড় তোলা শেফালী ঘোষের অমর সেই গান ‘ওরে সাম্পানওয়ালা/ তুই আমারে করলি দিওয়ানা’-এর কথা ও সুর মোহন লাল দাশের। আর বাবার দেখানো পথেই হেঁটেছেন স্বপনও। গুণী এ শিল্পীর কথা ও সুরে গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, প্রবাল চৌধুরী, সুবীর নন্দী, তপন চৌধুরী, শাকিলা জাফর, পান্থ কানাই ও শিমুল শীলের মতো শিল্পীরা।