
আমার মা গান শুনতে ভীষণ ভালোবাসতেন। কানন দেবীর গানই বেশি শুনতেন। সে সময় কলের গান শুনেই আমার গান শোনার যাত্রা শুরু। গানের সুরগুলো আমার মধ্যে একধরনের আবেশ তৈরি করত। বিভিন্ন কাজে প্রায়ই আমাকে ময়মনসিংহে যেতে হতো। সেখানে বাউল গানের অনুষ্ঠান হতো। বাউল, মারফতি, আধ্যাত্মিক গানের প্রতি তীব্র আকর্ষণ বোধ করতাম।
দেশ স্বাধীন হলে, সত্তর দশকের গোড়ার দিকে ফরিদা পারভীনের গান শুনলাম। প্রথম শুনেছিলাম দুটি গান: ‘আমি অপার হয়ে বসে আছি’ আর ‘খাঁচার ভিতর অচিন পাখি’। গান দুটির সুরে মোহিত হয়ে লালনদর্শনের ভক্ত হয়ে গেলাম। তারপর ১৯৭৫ সাল থেকে শুরু হলো আমার চিত্রকর্মে লালনের ভাবাদর্শের ব্যবহার। সে সময় আমি এগ টেমপেরা মাধ্যমে ছবি আঁকতে শুরু করলাম। ডিমের হলুদ অংশ আর গুঁড়া রং দিয়ে এ ধরনের ছবি আঁকতে হয়। ছবিগুলোর বিষয়বস্তু লালনদর্শন। ছবিগুলোয় আমি লালনের গানের চরণগুলো লিখে দিতাম। পরে সেই ছবিগুলো আমি প্রদর্শনী করি। বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল ছবিগুলো।
আবদুর রহমান বয়াতির গানও বেশ ভালো লাগত আমার। তিনি ঢাকার যে মঞ্চেই গান গাইতেন, খবর পেলেই ছুটে যেতাম। মঞ্চের প্রথম সারিতে বসে তাঁর গান শুনতাম।
এরপর চারুকলার শিক্ষকতা ছেড়ে আমি স্পেন চলে গেলাম। সেটা আশির দশকের কথা। সেখানে একদিন হাটের মতো একটা জায়গায় দেখলাম গান বাজছে। আসলে সেখানে গান শুনিয়ে সেগুলোর সিডি বিক্রি করছিল। আমি দাঁড়িয়ে গেলাম উৎসুক হয়ে। সেটা ছিল ফ্লামিনকো গান। ভাষা কিছু বুঝতে পারলাম না। কিন্তু সুরটা বেশ ভালো লাগছিল। অজান্তেই তালে তালে পা নাচাতে লাগলাম। একজন জিজ্ঞেস করল, ‘তুমি কি গানটা বুঝতে পেরেছ?’ আমি বললাম, না। আমাদের বাউল গানের সুরের সঙ্গে এই সুরের দারুণ মিল! মানল কারাকল ফ্লামিনকো গানের প্রথম দিককার শিল্পী। মানল কারাকল ও সিগালার গান শুনতে শুনতে প্রায়ই আমি বিভোর হই। একটি ফ্লামিনকো গান এ রকম ‘রে মে দি ও আমাইয্যা’। এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘ভাটা যেন আমার নৌকা নিয়ে যায়’। আমার দেশের গানের সঙ্গে সত্যি কী অসাধারণ মিল! জ্যামাইকার বব মারলের একটা গান ‘ডোন্ট রক মাই বোট’, ‘আমার নৌকা দোলাইয়ো না’। সত্যি সত্যি বেশ চমৎকৃত হলাম আমি। বুঝলাম, সব গানের সুরে এমন চিরন্তন কোনো মিল থাকে, যার কোনো ভৌগোলিক সীমারেখা নেই।

আমি একটা গান লিখেছি। প্রথম দুটো লাইন কাজী নজরুল ইসলামের। আর পরের দুই লাইন ফেদেরিকো গার্সিয়া লোরকার। গানটা হচ্ছে ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ, বিকেলটা যেন নদীর পাড়ে শুকোতে দেয়া’। যাঁরা নজরুলের গানটা শুনেছেন, তাঁরা বলেন এটা নজরুলের গান। আবার যাঁরা লোরকার গানটা শুনেছেন, তাঁরা বলেন পুরো গানটাই লোরকার। দুজন কবি, দুটি গান। অথচ একসঙ্গে জুড়ে দিলে দারুণ একটা মর্মবাণী তৈরি হয়। একটা অসাধারণ ব্যাপার।
এখন আমার সময় কাটে টুনটুন বাউল, দিল আফরোজ রেবা, রব বাউল, চন্দনা মজুমদার আর কৃষ্ণকলি ইসলামের গান শুনে। কৃষ্ণকলি প্রায়ই আপন মনে আমাকে গান শোনায়। আমি বেশ আনন্দ পাই। দিনের যতক্ষণ আমি ছবি আঁকি, পুরোটা সময় আমি গান শুনি। গানের সুর আমাকে আর আমার ছবিকে অন্য এক জগতে পৌঁছে দেয়। মনে হয়, গানের সুর আমার কান দিয়ে ঢুকে হূৎপিণ্ডে জায়গা করে নেয়। গান শুনতে শুনতে যে ছবিগুলো এখন আঁকছি, সেগুলো খুব শিগগির দর্শক দেখতে পাবেন। আগামী অক্টোবর মাসের শেষে আমার একক চিত্র প্রদর্শনী হবে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। আশা করছি, ছবিগুলো দর্শকের ভালো লাগবে।
এখন আমি একতারা আর দোতারা বাজানো শিখছি কৃষ্ণকলি ইসলামের মিউজিক ডিরেক্টর অর্ক সুমনের কাছে। বাজনা শিখছি আর ক্লান্তহীন হূদয়ে বাউলদের আখড়ায় ছুটে যাচ্ছি গান শুনতে।
অনুলিখন: সুচিত্রা সরকার