‘ছোটবেলায় হাতে আংটি পরে, সেজেগুজে রুনা লায়লা সাজতাম। আয়নার সামনে দাঁড়িয়ে তাঁরই গান গাইতাম। মনে মনে স্বপ্ন বুনতাম, আমিও একদিন রুনা লায়লা হব।’ চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা চৈতি মুৎসুদ্দি কথায় কথায় এভাবেই নিজের মনের কথা বললেন প্রথম আলোকে। চৈতি বলেন, ‘প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারকা হওয়ার আশায় কিন্তু আমি সেরাকণ্ঠে অংশ নিইনি, রুনা লায়লাকে এক পলক দেখব, এটাই আমার কাছে বড় ব্যাপার ছিল।’ চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমেই চট্টগ্রামের চৈতি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। পেয়ে যান তারকাখ্যাতি। কিন্তু ২০০৯ সালে তিনি যখন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তখন শুরুতেই ঘটে এক নাটকীয় ঘটনা। আজকের চৈতিকে আমরা আর এভাবে না-ও চিনতে পারতাম। সে সময় বাছাই পর্বে চট্টগ্রাম থেকে যে ৫০ জনকে বাছাই করা হয়েছিল, তার মধ্যে ভুলবশত চৈতির নাম ঘোষণা করা হয়নি। তিনি ভেবেছিলেন, ‘আমার স্বপ্ন কি এখানেই শেষ?’ বিচারকের দায়িত্বে ছিলেন খুরশীদ আলম ও শাম্মী আখতার। তাঁরা দেখলেন, কোনো এক চৈতিকে তাঁরা পুরো নম্বর দিয়েছিলেন, সে ৫০ জনের মধ্যে নেই। শুরু হলো খোঁজখবর। শেষ পর্যন্ত জানা গেল যে ভুলে অন্য চৈতির নাম ঘোষণা করা হয়েছে। বিচারকেরা নিজেই এসে চৈতিকে বললেন, ‘ভুলবশত তোমার নামটি বাদ পড়েছে। আশা করছি তুমি ঢাকায় গিয়ে অনেক ভালো করবে।’ চৈতি বললেন, ‘এই কমপ্লিমেন্টটি আমার জন্য একটা আশীর্বাদ। আর এই আশীর্বাদেই আমি রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনের সামনে গাইলাম শাকিলা জাফরের “ভুলিতে পারি না...” এবং গান শেষে রুনা লায়লা যখন বলছিলেন, “তোমার কণ্ঠে অন্য রকম একটা জাদু আছে।” তখন এমন একটি ভালোলাগা কাজ করছিল যে এরপর আর কে কী কথা বলছে আমার কানে কিছুই ঢুকছিল না।’চৈতি বর্তমানে ইউএসটিসিতে (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছেন। বেতারে তালিকাভুক্ত শিল্পী। পড়াশোনা, রেওয়াজ, দেশে-বিদেশে মঞ্চে গান গাওয়া নিয়েই কাটছে তাঁর দিন। প্রকৌশলী মা-বাবার বড় সন্তান চৈতি, নিজেও প্রকৌশলী হতে চান। তিনি বলেন, ‘গান তো থাকবেই, এটা আমার নেশা আমার শখ।’ ছোটবেলায় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় মায়ের চিকিৎসার জন্য একবার ভারতে গিয়েছিল। সেখানে পাড়ায় একটি গানের আসর হচ্ছিল। চৈতির আত্মীয়রা আয়োজকদের ধরল তাকে একটা গান গাওয়ার সুযোগ দিতে। আয়োজকেরা প্রথমে গুরুত্ব দেয়নি। তারপর অনেক বলেকয়ে রাজি করানো হলো। শেষে ছোট্ট চৈতি নজরুলের ‘অঞ্জলি লহ মোর...’ গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করে। গান শেষ হওয়া মাত্র আয়োজকেরা তাকে কোলে তুলে সে কী নাচ, এত ছোট্ট মেয়ে কীভাবে এত কঠিন গানটি অবলীলায় গেয়ে ফেলল। মঞ্চে গান গাওয়ার প্রথম অভিজ্ঞতাটি এভাবেই পেল চৈতি।সেরাকণ্ঠ দ্বিতীয় রানার-আপ পুরস্কার ছাড়াও পেয়েছেন শিশু সপ্তাহ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মতো বেশ কিছু জাতীয় পুরস্কার। বিভাগীয় ও জেলা পর্যায়েও পেয়েছেন স্বর্ণপদক। গান শেখার হাতেখড়ি মায়ের কাছে। এরপর ভর্তি হয়েছেন আর্য্যসংগীতে। ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মারা যাওয়ার পর এখন শিখছেন ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে। তিনি বলেন, ‘আসলে রিয়েলিটি শোগুলো মানুষের অনেক কাছাকাছি নিয়ে যায়। সম্প্রতি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে ভোলা গিয়েছিলাম। ওখানে এক তরমুজওয়ালাকে ডেকে, দাম জিজ্ঞেস করলাম। সে বলল, “আপু, আপনি চৈতি না? আপনার কাছ থেকে তো দাম নেব না। আপনার গান আমরা শুনি।” এই যে সর্বস্তরের মানুষ গান শুনে ভালোবাসে, এটা ভাবতেই অনেক ভালো লাগে।’ চৈতি ইতিমধ্যে ফুয়াদের সঙ্গে সালাদ শিরোনামে একটি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। ‘কাগজের নৌকা’ গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। কণ্ঠ দিয়েছেন কয়েকটি টেলিফিল্মে। এখন আরেফিন রুমির সঙ্গে একটি মিক্সড অ্যালবামে কাজ করার কথা চলছে। এ ছাড়া একটি একক অ্যালবামেরও কাজ চলছে।