গানের সুরে নৃত্যের ছন্দে প্রকৃতির রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার প্রকৃতির রূপ-রংই যেন মূর্ত হয়ে উঠেছিল ‘ঋতুসংগীতে রবীন্দ্রনাথ’ শীর্ষক শারদ উৎসবের নাচে-গানে। রবীন্দ্রনাথের যেসব গানে ষড়ঋতুর চিরকালীন লাবণ্য ফুটে উঠেছে, সেই সব গান নিয়েই অনুষ্ঠানটি সাজিয়েছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। ১০ অক্টোবর টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মিলনায়তনে ঝড়-জল উপেক্ষা করে আসা দর্শকশ্রোতারা ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি প্রাণ ভরে উপভোগ করেছে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড. অনুপম সেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আসা দর্শকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ—বাল্মিকী, কালিদাসের মতো প্রকৃতিকে ভালোবেসেছেন। তাঁর প্রায় সব সৃষ্টিকর্মেই প্রকৃতি এসেছে অনিবার্যভাবে।’বক্তব্যের পর ‘দারুণ অগ্নিবাণে রে’ গানের সঙ্গে প্রমা অবন্তীর নাচের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এটি ছিল গ্রীষ্মের গান। গ্রীষ্মের পরই তো বর্ষা আসে। আর তাই পরের দলীয় নাচটি ছিল বর্ষার গান ‘আজি বরিষণ শ্রাবণ রাতে’র তালে তালে। মনোমুগ্ধকর এই নাচে দর্শকেরাও যেন বৃষ্টিস্নাত হয়ে ওঠেন। তখনই আবার শোনা যায় ‘ধরণীর গগনের মিলনের ছন্দে’ সমবেত সংগীতটি। ‘আজি ধানের ক্ষেতে’ দলীয় নাচ ও তন্বী দত্তের ‘শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে’ গানের মধ্য দিয়ে চলে শরৎ বরণ। এভাবে নাচে-গানে হেমন্ত গিয়ে শীতের পর আসে বসন্ত। ‘আজি খেলা ভাঙার খেলায় আয় আয়’ আবির ছড়িয়ে শিল্পীরা বরণ করে নেন ঋতুরাজকে। আর এর মধ্যে দিয়েই শেষ হয় ঋতুসংগীতে রবীন্দ্রনাথ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুলাল দাশ গুপ্ত ও কান্তা দে। দলীয় নাচ ও গানে অংশ নিয়েছেন সেঁজুতি বড়ুয়া, নিবিড় দাশ গুপ্তা, তন্বী দাশ, আফসানা ইকবাল। তন্বী দত্ত, তুলি দাশ গুপ্তা, সাবিনা ইয়াসমিন, অন্তরা মজুমদার প্রমুখ।