গানে-কবিতায় বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর মূকাভিনয়
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর মূকাভিনয়

‘স্বাধীনতা তুমি/রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান/স্বাধীনতা তুমি/কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো’—আয়োজন শুরু হয়েছিল কবি শামসুর রাহমানের স্বাধীনতা তুমি কবিতার চরণ দিয়ে। এরপর একে একে গান, কবিতা ও স্মৃতিচারণা। বিজয় দিবসে এমন আয়োজন ছিল নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ)।

নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ছিল দুটি পর্ব। শুরুতেই ছিল জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও স্মৃতিচারণা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘আমরা সবাই এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। কিন্তু কেউ তা সঠিকভাবে অন্তরে ধারণ করি না। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের কথা বলছি। অথচ তারপরও মানুষে-মানুষে বিভেদ তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই সমন্বিত উদ্যোগ। যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন কিংবা জড়িত ছিলেন, তাঁরা ব্যক্তিগত উদ্যোগে বা প্রাতিষ্ঠানিকভাবে ১৯৭১ সালের কাহিনি তুলে ধরতে পারেন। এতে করে সচেতনতা ও দেশপ্রেম দুটোই সৃষ্টি হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গল্প জোর করে চাপিয়ে দিলে তরুণ প্রজন্মের মনের ভেতর বেশি দিন স্থায়ী হবে না।

ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার শামস-উদ-দোহা, ডিরেক্টর অ্যান্ড প্ল্যানিং শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ প্রমুখ।

আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে দেশাত্মবোধক গান, কবিতা ও মূকাভিনয় পরিবেশন করেন মোজাম্মেল, মুমু, অটুট চৌধুরী, আল নাহিয়ান, হাসান মাহাবুব, সাবরিনা সুলতানা ও সাদাফ প্রমুখ।

 অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ: বিজয় দিবস উপলক্ষে নগরের অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের। শোভাযাত্রা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন। বিজ্ঞপ্তি।