গানে-নাচে প্রাণের জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নাচ পরিবেশন করছে খুদে শিল্পীরা l জুয়েল শীল
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নাচ পরিবেশন করছে খুদে শিল্পীরা l জুয়েল শীল

মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নাচে বিজয়ের ক্ষণে চট্টগ্রামবাসীকে প্রাণের জোয়ারে ভাসালেন সংস্কৃতিকর্মীরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার শিল্পকলা একাডেমির পাশাপাশি চেরাগী পাহাড় চত্বর ও আমতলেও চলেছে মুক্তিযুদ্ধের বিজয়বন্দনা।
জেলা শিল্পকলা একাডেমি: বিজয়ের দিনে তরুণদের সবচেয়ে বড় জমায়েতটা হয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। এখানে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বসে আলোচনা সভা ও সাংস্কৃতিক আসর। এ ছাড়া শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল চিত্র প্রদর্শনীর আয়োজন। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন এবং মূল আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ ছাড়া আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন ও নগর কমান্ডার মোজাফফর আহমদ। আলোচনা সভা শেষে সংগীতশিল্পী মোস্তফা কামাল, আবদুল রহিম, অপু বর্মন ও শ্রেয়সী রায়ের সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন।

চেরাগী পাহাড় চত্বরে বোধনের বিজয় উৎসবে খুদে শিল্পীদের পরিবেশনা
চেরাগী পাহাড় চত্বরে বোধনের বিজয় উৎসবে খুদে শিল্পীদের পরিবেশনা

আসরে ‘নোঙর তোলো তোলো’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ শিরোনামে দুটি সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এরপর গানে গানে মঞ্চ মাতান সংগীতশিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান। সংগীতের পরিবেশনা শেষে মঞ্চে আসে শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। ‘হায়রে আমার মন মাতানো দেশ’, ‘ওগো জন্মভূমি’ ও ‘প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন তাঁরা। নাচের পরিবেশনা শেষে মঞ্চে আসেন সংগীতশিল্পী চন্দ্রিমা ভৌমিক ও সেঁজুতি দে। ‘এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও’, ‘মেঠো পথের বাউল আমি’সহ চারটি সংগীত পরিবেশন করেন তাঁরা। সবশেষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ‘বাংলার হিন্দু, বাংলার মুসলিম’ গানগুলোর মাধ্যমে শেষ হয় এই আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রাবণী দাশ গুপ্তা।

আমতল মোড়ে সম্মিলিত আবৃত্তি জোটের অনুষ্ঠানে কবিতা পাঠ করছেন আবৃত্তিশিল্পীরা
আমতল মোড়ে সম্মিলিত আবৃত্তি জোটের অনুষ্ঠানে কবিতা পাঠ করছেন আবৃত্তিশিল্পীরা

সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম: ১৬ ডিসেম্বর সকাল নয়টায় নগরের রেয়াজুদ্দিন বাজার আমতল মোড়ে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কবিতা আসরের আয়োজন করে সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম। ‘বিজয়ের পদাবলি’ শিরোনামে কবিতার এ আসরে অংশ নেয় নগরের ১৬টি আবৃত্তি সংগঠন। সংগঠনের সহসভাপতি হাসান জাহাঙ্গীরনগর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় কবিতা পাঠের আয়োজন। এরপর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আল সেলিম ও প্রমিতি সংস্কৃতি একাডেমির তারানা সুলতান। একক আবৃত্তি শেষে শুরু হয় বৃন্দ আবৃত্তির পরিবেশনা। শুরুতেই ছিল তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ পরিবেশনা ‘মিছিল’। নির্দেশনায় ছিলেন মুজাহিদুল ইসলাম। এরপর বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শব্দনোঙর আবৃত্তি সংগঠন ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ। বৃন্দ আবৃত্তি শেষে কবিতার পরিবেশনা নিয়ে মঞ্চে আসে একে একে দশটি আবৃত্তি দল। সবশেষে ছিল মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের বৃন্দ পরিবেশনা ‘জ্বলে শুধু এক শপথের ভাস্কর’। নির্দেশনায় ছিলেন মশরুর হোসেন। কবিতার এই আসরের উপস্থাপনায় ছিলেন সংগঠনের সহসভাপতি প্রণব চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক তাহের।
বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম: ‘মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র না’ শিরোনামে ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় কবিতা পাঠের আসরের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। নগরের চেরাগী পাহাড় মোড়ে কবিতা পাঠের এই আসরের আয়োজন করা হয়। আসরে বোধনের আবৃত্তিশিল্পীরা পাঠ করেন ‘বিজয়ের স্বাদ তাদের হাতে তুলে দাও’, ‘বিজয়ের রাতে’, ‘হাড়েরও ঘরখানি’, ‘বাংলার জন্ম হবে বলে’, ‘মুক্তিযুদ্ধের পুঁথি’ কবিতাগুলো। কবিতা পাঠ করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, শব্দনোঙর আবৃত্তি সংগঠন ও উচ্চারক আবৃত্তি কুঞ্জের শিল্পীরা। সবশেষে হোসনে আরা তারিনের নির্দেশনায় ছিল বৃন্দ পরিবেশনা ‘হারাধনের দশটি ছেলে’।