গান্ধী আশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলেন সত্যাগ্রহ আশ্রম, কেউ বলেন হরিজন আশ্রম আবার কেউ বলেন সবরমতী আশ্রম। কিন্তু এখন এই আশ্রম পরিচিত গান্ধী আশ্রম নামেই। পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদ শহরের উপকণ্ঠে সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে এই আশ্রম। এই আশ্রম গড়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্র সেনানী মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আবাসস্থলও ছিল এই আশ্রম। এখান থেকেই তিনি স্বাধীনতার আন্দোলন করেছেন। ঐতিহাসিক ডান্ডি পদযাত্রা করেছেন। সেই আশ্রম আজ ঐতিহাসিক এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ভারতের ইতিহাসের পাতায়। বলা হয়, এই আশ্রমই ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান। আশ্রম দেখতেই আমরা সোজা পাড়ি জমিয়েছিলাম আহমেদাবাদে। আগেই দেখেছি গুজরাটেরই পোরবন্দর শহরের মহাত্মা গান্ধীর জন্মভিটে। এবার পালা গান্ধী আশ্রম দেখার। সঙ্গে আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি। ট্রেনযোগে কলকাতা থেকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের দূরত্ব দুই হাজার ৮৭ কিলোমিটার। আর আহমেদাবাদ শহরের উপকণ্ঠের উত্তরে মাত্র সাত কিলোমিটার দূরে সবরমতী নদীর তীরে ৩৬ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই আশ্রম। গড়েছেন মহাত্মা গান্ধী। আজ এই আশ্রম গান্ধী আশ্রম নামেই পরিচিত। ১৯১৫ সালের ৯ জানুয়ারি গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এ সময়ই তিনি আহমেদাবাদ শহরে একটি আশ্রম গড়ে সেখানে নিজের ভক্তদের নিয়ে বসবাস করার উদ্যোগ নেন। ওই বছরই কোচরাব পল্লিতে প্রথম গড়ে তোলেন আশ্রম। পরবর্তী সময় আহমেদাবাদে প্লেগ রোগ ছড়িয়ে পড়লে তিনি ১৯১৭ সালে আশ্রম গড়ার জন্য সবরমতী নদীর তীরে পেয়ে যান উপযুক্ত জায়গা। তার পরই ওই বছরের ১৭ জুন সেখানে গড়ে তোলেন এই আশ্রম। এখানে আন্দোলনের পাশাপাশি কৃষিকাজ, গবাদিপশু পালন, দুগ্ধ খামার এবং খাদি কাপড় তৈরির উদ্যোগ নেন। এই আশ্রম থেকেই তিনি শুরু করেন ভারতের স্বাধীনতা এবং ব্রিটিশবিরোধী আন্দোলন। ১৯৬৩ সালের ১০ মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই গান্ধী আশ্রমকে গান্ধী স্মারক হিসেবে ঘোষণা করেন। পরবর্তী সময় এখানেই গড়ে ওঠে বিশাল গান্ধী সংগ্রহশালা। ১৯৩০ সালের ১২ মার্চ ব্রিটিশের লবণ আইনের প্রতিবাদে গান্ধীজি এখান থেকে শুরু করেন স্বাধীনতার যুদ্ধ এবং ঐতিহাসিক ডান্ডি পদযাত্রা। ৭৯ জন সত্যাগ্রহী সঙ্গে নিয়ে গান্ধীজি ২৪ দিনে ৩৯০ কিলোমিটার পথ হেঁটে ক্যাম্বে উপসাগরের ডান্ডি গ্রামে পৌঁছান। তারপর ৬ এপ্রিল সেখানে সমুদ্রের পানি ফুটিয়ে নুন বানিয়ে ব্রিটিশের কালাকানুনের প্রতিবাদ জানান। ঘোষণা দেন, নুন তৈরিতে ব্রিটিশদের কোনো ট্যাক্স নয়। পরে অবশ্য এখানেই কারাডি গ্রামে ব্রিটিশ পুলিশের হাতে ৫ মে বন্দী হন গান্ধীজি। এই লবণ সত্যাগ্রহ আন্দোলনে গোটা দেশে ৮০ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এতে থেমে যায়নি এই আন্দোলন। এই আন্দোলনই পরে স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। স্মারক রূপে এখানে একটি গান্ধী সংগ্রহশালাও তৈরি হয়েছে।ওই গান্ধী আশ্রম দেখার জন্য আমরা বেলা ১১টার দিকে প্রবেশ করি আশ্রমে। সঙ্গে চিত্রগ্রাহক ভাস্কর। কোনো প্রবেশমূল্য নেই। বিরাট এলাকাজুড়ে সাজিয়ে তোলা হয়েছে আশ্রম। সুন্দর বাগান। নানা গাছ ও ফুল গাছে সাজানো। আশ্রমের পাশ দিয়ে চলেছে সবরমতী নদী। দূরে দেখা যায় নদীর ওপর এলিজ সেতু। প্রবেশদ্বারেই রয়েছে বিশাল বোর্ড। সেখানে আশ্রমের সংক্ষিপ্ত ইতিহাস এবং পথনির্দেশিকা। ঢুকেই বাঁ দিকে গান্ধী সংগ্রহশালা। একতলা ভবন। নতুনভাবে তৈরি এ ভবন। ভবনে ঢুকতেই সামনের দিকে গান্ধীর বিরাট এক তৈলচিত্র। সঙ্গে অবশ্য সহধর্মিণী কস্তুরিবা। ছবিটি ১৯১৫ সালের তোলা। এরপর আমরা দেখলাম সংগ্রহশালা, গ্রন্থাগার, ফটো গ্যালারি, গান্ধীজির ব্যবহূত নানা স্মারক, পাণ্ডুলিপি, চিঠি, তৎকালীন নানা খবরের কাগজ ইত্যাদি। চোখে পড়ল গান্ধীজির এক অবাক করা মূর্তি ও একটি তাম্রমূর্তিও। অপূর্ব এসব মূর্তি। কাচের ঘরে রক্ষিত গান্ধীজির মূর্তি দেখে তো অবাক! প্রথম দর্শনেই মনে হলো দিব্যি বসে আছেন গান্ধীজি! সেই চেহারা! সংগ্রহশালার এক কর্মকর্তা জানালেন, এখানে রয়েছে গান্ধীজির লেখা বিভিন্ন গ্রন্থের আট হাজার ৭৮১ পাতার পাণ্ডুলিপি, ৩৪ হাজার ১১৭টি চিঠি, স্বাধীনতাসংগ্রাম, ডান্ডি পদযাত্রা থেকে গান্ধীজির জীবনের নানা মুহূর্তের আট হাজার আলোকচিত্র, গান্ধীজিকে নিয়ে ১৬৫টি তথ্যচিত্র এবং ৩৫ হাজার বই। ওই কর্মকর্তা আরও জানালেন, এখানে রয়েছে হিটলারকে লেখা গান্ধীজির চিঠি, গান্ধীজিকে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি। এখানে নিয়মিত দেখানো হয় গান্ধীজির তথ্যচিত্র। আরও বললেন, প্রতিবছর গড়ে সাত লাখ মানুষ এই আশ্রম পরিদর্শন করে। গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের সার্বিক প্রামাণ্য তথ্য এখানেই সংরক্ষিত রয়েছে। রয়েছে বইয়ের দোকানও। এখানে বিক্রি হয় গান্ধীজির বইসহ নানা স্মারক। আমরা সংগ্রহশালা দেখে পেছনের দিকে নদীতীরে চলে এলাম। এখানেই রয়েছে ঐতিহাসিক গান্ধীজির সবরমতী আশ্রম। গান্ধীজির আবাসস্থল। নাম দেওয়া হয়েছে হূদয়কুঞ্জ। চৌচালা টালির ঘর। পাকা দেয়াল। এখনো অবিকল। এই ঘরে থাকতেন গান্ধীজি। চার কক্ষের ঘর এটি। বারান্দায় এখনো রয়েছে একটি সুতা কাটার চরকা। পাশেই গান্ধীর চরকায় সুতা কাটার ঘর। ঘরটি বন্ধ থাকলেও জানালা দিয়ে দেখা যায়। ছবিও তোলা যায়। বারান্দার পর রয়েছে গান্ধীজি ও কস্তুরিবার ঘর এবং একটি অতিথিঘর ও রান্নাঘর। রান্নাঘরে এখনো গান্ধীজির ব্যবহার করা সেই সব তৈজসপত্র, চুলা ইত্যাদি। সত্যি কথা বলতে কি, রাখা হয়েছে ওই ঐতিহাসিক গান্ধী আশ্রম হূদয়কুঞ্জকে। এই হূদয়কুঞ্জ থেকেই গান্ধীজি ভারতের স্বাধীনতার জন্য ডান্ডি যাত্রা শুরু করেছিলেন। সেই ১৯৩০ সালে। তখন গান্ধীজি ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তিনি আর ফিরবেন না এই আশ্রমে। এ বাড়িতে গান্ধীজি বাস করেছেন ১৯১৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। এখানে থাকাকালীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দিয়েছিলেন গান্ধীজিকে। দেখলাম সবরমতী আশ্রমের সামনেই ছোট্ট একটি উপাসনা মন্দির। পাকা বেদি, ফাঁকা জায়গা। তবে একটি বোর্ড রয়েছে। বর্ণনা রয়েছে উপাসনাস্থলের। এখানের এই চত্বরে গান্ধীজি উপাসনা করতেন সকাল-সন্ধ্যা। সামনে চারদিক বেড়া দিয়ে ঘিরে রাখা উন্মুক্ত উপাসনাস্থল। বলা হয় প্রার্থনা ভূমি। গান্ধী শুনতেন ভজন, গীতাপাঠ, পবিত্র কোরআন পাঠ ও বাইবেল পাঠ। সর্বধর্মের মিলনকেন্দ্র ছিল এই উন্মুক্ত প্রার্থনা ভূমি। কাছেই আচার্য বিনোভা-মীরা কুটির। এই কুটিরে গান্ধীজির ভাবশিষ্য আচার্য বিনোভা ভাবে থেকেছেন সেই ১৯১৮ থেকে ১৯২১ সাল পর্যন্ত। ছিলেন এখানে ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মীরাও। ১৯২৫ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত। গান্ধীজির বই পড়ে মীরা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হন। তারপর গান্ধীজির ডাকে তিনি চলে আসেন এই আশ্রমে। থাকেন এই কুটিরে। আজও সেই ছোট্ট কুটিরটি ইতিহাসের সাক্ষ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আরও দেখা হলো মগন নিবাস। এই ভবনেই থাকতেন আশ্রমের ম্যানেজার মগন গান্ধী। রয়েছে এখানে নন্দিনী। গান্ধীজির আমলে এখানে থাকতেন দেশ-বিদেশের অতিথিরা। উদ্যোগ মন্দির, শিক্ষানিবাস ইত্যাদিও দেখলাম। তারপর ফিরলাম। ফিরে এলাম দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফের কলকাতায়। হূদয়ে গেঁথে রাখলাম গান্ধী আশ্রমের নানা স্মৃতি।