গান্ধীর স্বাদেশিকতায় দেশীদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিতা কেটে নয়, চরকায় সুতা কেটে শুরু হলো গান্ধীর স্বাদেশিকতায় দেশীদশ নামের প্রদর্শনী। ২১ জানুয়ারি ঢাকায় বসুন্ধরা সিটির দেশীদশ চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে পুরোনো অন্তরাত্মা খুঁজে পেয়েছি। স্বনির্ভর হওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি, যা দেশের প্রতিটি মানুষের জন্য খুব দরকার।’ বিলেতি পণ্য বর্জন, স্বদেশি পণ্যের ব্যবহার নিশ্চিতকরণ—এই লক্ষ্য সামনে রেখেই ‘গান্ধী আশ্রম ট্রাস্ট’ প্রতিষ্ঠিত হয়েছিল। নোয়াখালীর জয়াগ গ্রামের এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী। তাঁর আহ্বানেই ঘরে ঘরে চরকার ব্যবহার শুরু হয়। দেশি পণ্যের ব্যবহার বাড়ে।‘গান্ধী আশ্রম ট্রাস্ট গান্ধীর সেই ধারা অব্যাহত রেখেছে। এখনো সুতা কাটা, হাতে কাপড় বোনা হয়। তাঁতশিল্পকে বাঁচানোর মাধ্যমেই অহিংস, অসহযোগ ও প্রগতিশীল সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।’ খাদি তাঁতের কাপড় ও চরকার আদি গল্প এভাবেই বর্ণনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী। ‘বঙ্গ আমার, জননী আমার...’ সুরতীর্থের শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দেশীদশের পক্ষে খালিদ মাহমুদ খান বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে নোয়াখালী অঞ্চলের মানুষের কথা স্মরণ করা হয়েছে। প্রদর্শনীতে এই আশ্রমের তৈরি খাদি কাপড়, তাঁতের কাপড়, ফতুয়া, শাল, কুশন কভার ও রুমাল পাওয়া যাচ্ছে। এসব দেশি পণ্যকে মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যেই গান্ধী আশ্রম ট্রাস্টের সহায়তায় দেশীদশ এই আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেসকো প্রতিনিধি মালামা মেলেইসি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। তাঁরা দেশীয় কাপড়ের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানের সভাপতি দেশীদশের পক্ষে আশরাফুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।