
উঁচু উঁচু ভবন। মাঝখানে এক চিলতে জায়গা। বড় কয়েক টুকরো কাপড় বিছিয়ে তার ওপর বসে চলে ছাত্রছাত্রীদের প্রাণবন্ত আড্ডা। কী নেই সে আড্ডায়? গান, নৃত্য, আবৃত্তি থেকে শুরু করে তর্ক-বিতর্ক—সবই চলে। এই চিত্র সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। অল্প সময়ের মধ্যেই এখানে সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার নর্থ ইস্ট, ট্যুরিস্ট ক্লাব, ডিবেটিং সোসাইটি, স্পোর্টস ক্লাব, সোশ্যাল সার্ভিস ক্লাবসহ বেশ কয়েকটি সংগঠন তৈরি হয়েছে। সংগঠনগুলো নিজেদের কাজের মাধ্যমে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শহর সিলেটেও সুনাম অর্জন করছে।
সিলেট নগরের তেলিহাওর শেখঘাট এলাকায় এই ক্যাম্পাসে আটটি বিষয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী জানান, ‘ছাত্রছাত্রীদের সংস্কৃতিচর্চায় উৎসাহ দিতে কর্তৃপক্ষই নানা ধরনের সংগঠন গড়ে তুলতে সাহায্য করে। পড়াশোনার বাইরে অবসর সময়টুকু যেন শিক্ষার্থীরা সৃজনশীল কাজে সম্পৃক্ত থাকে, সে লক্ষ্যে আমরা এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।’
থিয়েটার নর্থ ইস্টের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র আবু বকর আল-আমিন বলেন, ‘সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু আমাদেরই নাট্য সংগঠন আছে। আমাদের সাংস্কৃতিক সংগঠনও নিয়মিত বিশ্ববিদ্যালয় ছাড়াও শহরের বিভিন্ন সাংস্কৃতিক উত্সবে অংশ নেয়।’
প্রতি মঙ্গলবার শ্রেণিকার্যক্রম শেষে বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে গান-আবৃত্তি-বিতর্কের আসর। নিজেদের মতো করে সবাই এতে অংশ নেন। কেউ গান করেন, কেউ শোনান আবৃত্তি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঈশিতা পুরকায়স্থ ও তৃতীয় বর্ষের ছাত্রী দুর্বা দেব যেমন গান গেয়েই ক্যাম্পাসে পরিচিতি পেয়েছেন, তেমনি আবৃত্তি প্রসঙ্গ উঠলেই চলে আসে ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাফওয়াত মাহদির নাম।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষে পড়ুয়া নাকীব চৌধুরী বলেন, ‘নাটক ও সংগীতপ্রিয় অনেকেই ক্লাবের সঙ্গে জড়িত আছেন। যাঁরা স্কুল-কলেজে এসবে যুক্ত ছিলেন না, তাঁরাও অনেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমার বিশ্বাস, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীরা বিপথে যাওয়ার সুযোগ পায় না।’ অন্যদিকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি, ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমানের বক্তব্য, ‘আমরা সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াই। দেশের দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে আমরা দেশটাকে আরও ভালোভাবে জানতে চেষ্টা করি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এফ মুজতাহিদ বলেন, ‘কেবল পড়াশোনা করেই একজন শিক্ষার্থী ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। দেশপ্রেম, সংস্কৃতিচর্চার মাধ্যমে তারা প্রকৃত মানুষ হয়ে ওঠে।’