গানে ও কবিতায় নগরজুড়ে পালিত হলো বাইশে শ্রাবণ। রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন আয়োজনে সমকালে রবীন্দ্র-প্রাসঙ্গিকতাও নিয়েও আলোচনা হয়।
জেলা শিল্পকলা একাডেমি: ৬ আগস্ট গান, নাচ, কবিতা ও কথামালার মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় শুরু হয় অনুষ্ঠান। আয়োজনের শুরুতেই ছিল আলোচনা সভা। কথামালা পর্বে বাংলা সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এই পর্ব শেষে শ্রাবণী দাশের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। শুরুতেই ছিল শিল্পকলার শিক্ষার্থীদের সমবেত সংগীত। শ্রাবণসন্ধ্যায় শিল্পীরা গাইলেন ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’। সমবেত পরিবেশনা শেষে গান গেয়ে শোনান সুমাইয়া ইসলাম, চৌধুরী রাইসা, প্রীতি চৌধুরী, দেবলীনা চৌধুরী, অর্পিতা ঘোষ ও অপু বর্মণ। দর্শকদের মন ছুঁয়ে গেছে ‘বিরহ মধুর হলো আজি মধুরাতে’ ও ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানগুলো।
শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা শেষে একক গান নিয়ে মঞ্চে আসেন শিল্পী মোস্তফা কামাল। তিনি পরিবেশন করেন ‘তুমি কি কেবলই ছবি’ ও ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ শিরোনামের দুটি গান। এরপর আবৃত্তিশিল্পী ফারুক তাহের রবীন্দ্রকাব্য থেকে আবৃত্তি করেন। সবশেষে ছিল শিল্পকলার শিক্ষার্থীদের দলীয় নৃত্য পরিবেশনা। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ।
তারুণ্যের উচ্ছ্বাস: ‘বাইশে শ্রাবণ: গান কবিতায় রবীন্দ্রস্মরণ’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্প চর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস। আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
এরপর ‘আমার এই পথ-চাওয়াতেই আনন্দ’ শিরোনামের গান পরিবেশন করেন শিল্পী বৈশাখী নাথ। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অর্পিতা দাশগুপ্তা, রুবেল চৌধুরী, শিউলী চৌধুরী, সেঁজুতি দে এবং ঐশিক বিশ্বাস। শিল্পীদের গাওয়া গানগুলোর মধ্যে ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘যদি জানতেম আমার কিসের ব্যথা’ ও ‘নয়ন তোমারে পায় না দেখিতে’ মুগ্ধতায় ভাসিয়েছে দর্শকদের।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মিঠু তলাপাত্র, হিরণ্ময় বড়ুয়া প্রমুখ। সবশেষে ছিল শিল্পীদের সমবেত সংগীত।