একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় চার ইউনিয়নে ১০০ জন উপকারভোগীর মধ্যে একটি করে গাভি বিতরণ করা হয়। কিন্তু এর মধ্যে ৫২ জন উপকারভোগী ইতিমধ্যে গাভি বিক্রি করে দিয়েছেন। এখন প্রতিটি গাভি বাবদ ২০ হাজার টাকা ফেরত দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়ায় বিপাকে পড়েছেন ওই ৫২ জন উপকারভোগী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১ সালের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় উপজেলার কুতুবজোম, বড় মহেশখালী, কালারমারছড়া ও মাতারবাড়ি ইউনিয়নের ২০ গ্রামের পাঁচজন করে ১০০ উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়। পরে ২০১১ সালের জুন মাসে পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয় ১০০টি গাভি। প্রতিটি গাভির বাজার মূল্য ছিল ২০ হাজার টাকা। গাভী পেয়ে কিছুদিন লালন-পালন করলেও পরে ৫২ উপকারভোগী বিভিন্ন সময়ে গাভি বিক্রি করে দেন। ফলে মাঠ পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের ১০, মাতারবাড়ির ১২, কালারমারছড়ার ১৫ ও বড় মহেশখালীর ১৫ জন উপকারভোগী গাভি বিক্রি করে দিয়েছেন।
মাতারবাড়ি ষাইটপারা এলাকার উপকারভোগী কালা মিয়া ও সারা খাতুন বলেন, ‘গাভি পেয়ে অনেক খুশি হয়েছিলাম। লালন পালন করে গাভী থেকে বাছুর হবে সে আশা করেছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতে গাভি দুটি অসুস্থ হয়ে পড়ে। পরে সেগুলো বিক্রি করে দিই। এখন হাতে কোনো টাকা নেই। টাকা কীভাবে ফেরত দেব, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
কুতুবজোম ইউনিয়নের খোন্দাকারপাড়ার সার্বিক গ্রাম উন্নয়ন দল সমিতির ব্যবস্থাপক ছাবের আহমদ বলেন, উপকারভোগীরা গাভি বিক্রি করে দেওয়ায় প্রকল্পের লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না। অথচ যাঁরা গাভি লালন-পালন করেছেন তাঁরা লাভবান হয়েছেন।
মাতারবাড়ি ইউনিয়নের মিয়াজিরপাড়া সমিতির ব্যবস্থাপক রেজাউল করিম জানান, তাঁরা মনে করেছিলেন গাভির টাকা আর ফেরত দিতে হবে না। এখন নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন।
প্রকল্পের মহেশখালীর মাঠপর্যায়ের কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, গাভির মূল্য বাবদ নির্ধারিত টাকা উপকারভোগীদের ফেরত দিতে হচ্ছে। এ নিয়ে অনেকে ক্ষুব্ধ হলেও কেউ সরকারি টাকা ফেরত না দিয়ে পারবেন না।
এ প্রসঙ্গে প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, গাভির টাকা ফেরত দিতে ইতিমধ্যে উপকারভোগী ১০০ জনকে নোটিশ দেওয়া হয়েছে। যাঁরা টাকা ফেরত দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।