গার্ডারে মার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেড়া খেত খায়। পুরোনো কথা, বেড়ার জায়গায় ভুল করে কেউ ভেড়া লেখাতে সে জমির ফসল মালিক আর ঠেকাতে পারেনি। ভেড়া একটি তৃণভোজী প্রাণী, খেত খাওয়াই তার স্বভাব, তাই ভেড়াকে বোধ হয় এই যাত্রায় মাফ করা যায়। কিন্তু যে ব্যাটা ভুল করে বেড়ার বদলে ভেড়া জুড়ে দিয়েছে তার কী হবে? রক্ষক যখন ভক্ষক বলে বাংলায় আরেকটি কথা প্রচলিত। এটার ব্যাখ্যার বোধ হয় আর দরকার নেই। শেয়ালের কাছে মুরগি রাখা! উমমম, চলে তবে একটু বোধ হয় দূরে সরে যাচ্ছি, মাঝখানে একটা ফাঁক তৈরি হচ্ছে। অন্ধকার অলিগলিতে হাতড়ানোর চেয়ে চলেন মেইন রোডেই হাঁটি!কথা হচ্ছে, ফ্লাইওভারের গার্ডার কেন পড়ে গেল? দি বিগ কোয়েশ্চেন। গার্ডার তো বানিয়ে বানিয়ে ব্রিজের ওপর থেকে নিচে ফেলার জন্য না। তাহলে পড়ল কেন? নিশ্চয়ই ফাঁক ছিল। সেটা কর্তব্যরত লোকদের কাজে হোক কিংবা গার্ডার বসানোর জায়গায় হোক, ফাঁক যে ছিল নিশ্চিত। আর সেই ফাঁক গলেই তো পড়ে গেল শত ফুট লম্বা আর সোয়া শ টনের ইয়া ভারী ভারী গার্ডার। পড়বি পর মালির ঘাড়ে! মালি নয়, পড়েছে মানুষের ওপর। মানুষ? এখানে মানুষ এল কোত্থেকে? দাঁড়ান দাঁড়ান, এত বিশাল আর ঝুঁকিপূর্ণ একটা কাজ হচ্ছে, তার নিচে এত মানুষ কেন? এই জায়গাটিকে বিপজ্জনক এরিয়া হিসেবে কড়া নিরাপত্তাবেষ্টনী রাখার কথা। তার মানে আরেকটা ফাঁক পাওয়া গেল! আর সেই ফাঁক গলে এমন একটি বিপজ্জনক এলাকায় মানুষ ঢুকে পড়েছিল। তার মানে কনস্ট্রাকশন কোড মানা হয়নি। আরেকটি ফাঁক। ফাঁক আরও আছে! আইনেরও নাকি ফাঁক আছে। আর এসব ফাঁক গলে একে একে বেরিয়ে পড়বে ওই ফাঁকফোকর তৈরির মূল হোতারা, জাল ছিঁড়ে বেরিয়ে যাবে রুই-কাতলারা। মাঝখানে যারা গেল, তারা তো গেলই, পিষে গেল, হারিয়ে গেল, সঙ্গে গেল অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক সম্ভাবনা। অনেকে ক্ষোভ থেকে বলেছেন, ফ্লাইওভার তৈরির আগেই যদি গার্ডার ভেঙে পড়ে, ফ্লাইওভার তৈরি হলে না জানি কী হয়! খুবই লজিক্যাল, একই সঙ্গে খুবই ফ্রাস্টেটেড কথা। তার মানে ফ্লাইওভার বিপজ্জনক, এর ওপর দিয়ে যাওয়া যাবে না। কিন্তু তাই বলে যে এর নিচ দিয়ে যাওয়া নিরাপদ, তাও কিন্তু নয়। ঠিক যে ভয়ে এর ওপর দিয়ে যেতে পারবেন না, একই ভয়ে নিচ দিয়েও যাওয়া ঠিক হবে না। জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো উভয় সংকট, ওপরে গার্ডার আর নিচে মার্ডার! এক লোক শহরে নতুন এসেছে। একটা সিএনজি ভাড়া করে উঠেছে। পথে সামনে ফ্লাইওভার দেখে সিএনজি থামিয়ে ড্রাইভারের কাছে ভালো করে জেনে নিল, গাড়ির ইঞ্জিন ঠিক আছে কি না, ব্রেক কাজ করে কি না। সব ঠিকঠাক আছে জেনে সে ড্রাইভারকে বলল, তুমি ব্রিজের ওপর দিয়ে চালিয়ে যাও, আমি নিচ দিয়ে হেঁটে হেঁটে ওই পারে আসতেছি। বেঁচে থাকলে ওপারে দেখা হবে। ড্রাইভার বলল, কোনো টেনশন কইরেন না, উঠেন গাড়িতে। কঠিন একখান টান দিমু, ব্রিজ ভাঙার আগেই ওই পারে পৌঁছায় যামু। আমাগো কিচ্ছু হইব না। কিছু যদি হয়ও, পরে যারা আসতেছে তাদের হবে। আমরা সবাই এভাবেই ভাবি, যা হবে অন্যদের ওপর দিয়েই হবে, আমি বেঁচে গেলেই হলো। কথায় আছে, আপনি বাঁচলে বাপের নাম। তাই নিজের বেঁচে থাকার বিষয়টা নিজেকেই নিশ্চিত করতে হবে। কারণ, কাজটা যাদের করার কথা তারা শুধু মৃত্যুটাই নিশ্চিত করতে শিখেছে, বাঁচানোটা এখনো ঠিক শিখে ওঠেনি!