গার্হস্থ্য অর্থনীতি নিয়ে পাঠ
গার্হস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী বড়ুয়া বললেন, ‘গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজেই একটি ফ্যাশন হাউস গড়ে তোলার ইচ্ছে আছে আমার।’ অপর সহপাঠী রাবেয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে খাদ্য ও পুষ্টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বিসিএসের মাধমে পেশাগত জীবনের হাল ধরার কথা জানালেন। তাঁরা দুজনই চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী। চট্টগ্রাম শহরের হালিশহর বড় পোল এলাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০২ সালে। ইতিমধ্যে আটটি ব্যাচে বেরিয়ে গেছে। গার্হস্থ্য অর্থনীতি, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিনটি বিভাগে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা চলছে এখানে।ক্লাস শেষে কথা হয় দ্বিতীয় বর্ষ ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী নার্গিস আক্তার, জনি রানী আচার্যি, জাহানারা ফেরদৌস, রিনা খানের সঙ্গে। তাঁদের কাছ থেকে জানা গেল, কলেজের আবাসন সুবিধা (হোস্টেল) একটি বড় পাওনা। এটিই অনেককে এখানে ভর্তি হতে উৎসাহী করে। নিরিবিলি ও নিরাপদ পরিবেশের কথা বললেন কেউ কেউ। অবসর কাটে আড্ডা, টেলিভিশন দেখা আর গান শুনে। ‘গান শুনি, জাফর ইকবাল, হুমায়ূন আহমেদের বই পড়ি অবসরে।’ এমনটিই জানালেন সবে কলেজে পা রাখা মানবিক প্রথম বর্ষের আয়েশা খানম। বললেন, ভবিষ্যতে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়তে চান। পড়াশোনার ক্ষেত্রে একই পরিকল্পনা রয়েছে মানবিকের পূরবী রানী দাশেরও। প্রথম বর্ষ গার্হস্থ্য অর্থনীতির বিলকিস আক্তার বললেন, দেশের বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি নেবেন। কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন জাতীয় দিবসে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্যাম্পাসে। বাংলা নববর্ষে বসে ‘বৈশাখী মেলা’। গার্হস্থ্য অর্থনীতি কলেজ যানবাহন চালকদের কাছে ‘মহিলা কলেজ’ হিসেবে বেশি পরিচিত। হালিশহর বড়পোল এলাকা থেকে এর দূরত্ব অনুমানিক তিন থেকে চার কিলোমিটার। চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ রাজধানী ঢাকার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম এবং চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত নারী শিক্ষাপ্রতিষ্ঠান। বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে কলেজের ক্যাম্পাস। ভেতরে খোলামাঠ আর সবুজ গাছগাছালিতে ঘেরা কলেজের একপাশে অধ্যক্ষের আবাসন, ছাত্রী হোস্টেল অপর পাশে পাঠাগার ভবন। কলেজের মূল ভবনটি পাঁচতলা। এর মধ্যে নিচতলায় রয়েছে অধ্যক্ষের কক্ষ, শিক্ষক মিলনায়তনসহ প্রশাসনিক কার্যালয়। আর দোতলা থেকে চারতলা পর্যন্ত চলছে বিভিন্ন শ্রেণীর কার্যক্রম। এ ছাড়া রয়েছে বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।একটি ক্যানটিনও রয়েছে কলেজ ক্যাম্পাসে। কলেজের এক প্রাক্তন শিক্ষার্থীর পরিচালনায় ক্যানটিনের খাবার মান নিয়ে সন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ওয়াসার কোনো সংযোগ না থাকায় আয়রনযুক্ত ডিপটিউবওয়েলের পানি ব্যবহারে কিছুটা সমস্যায় পড়তে হয়। কলেজ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গার্হস্থ্য অর্থনীতি, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রতিটিতে ১০০টি করে মোট ৩০০ আসন রয়েছে কলেজে। যেকোনো বিভাগ থেকে এসএসসি পাস শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবেন।গার্হস্থ্য অর্থনীতির পাঠ্য বিষয়ে রয়েছে খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ, শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক, ব্যবহারিক শিল্পকলা, বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প।প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে এমপিওভুক্ত এ কলেজটিকে সিটি করপোরেশনের আওতায় আনার পরিকল্পনা চলছে। তাহলে সুযোগ-সুবিধা আরও বাড়বে। যোগাযোগের ঠিকানা: চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ, উত্তর হালিশহর, বড়পোল, সিগন্যাল ঘর, চট্টগ্রাম। ফোন: ২৫১৫৩১১, ০১৮১৮১৫৪৬৭৬, ০১৮১৭৭০৮৭৮৪।