গালিবের হাভেলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালকিল্লা থেকে বেরিয়ে আমরা পশ্চিম দিকে হাঁটা দিলাম। আমাদের গন্তব্য চাঁদনী চক এবং তারপর দিল্লি জামে মসজিদ। এই তিনটি ঐতিহাসিক স্থান মিলিয়েই গড়ে ওঠে শাহজাহানাবাদ। মোগল সম্রাট শাহজাহান দিল্লিতে নির্মাণ করেন লালকিল্লা ও শাহি জামে মসজিদ। বলতে গেলে এই দুয়ের মাঝামাঝি গড়ে তোলা হয় চাঁদনী চক। সম্রাটের বড় মেয়ে জাহানারার পরিকল্পনায় গড়ে ওঠে এই চক। আজকে চাঁদনী চক মানে দুই ধারে অসংখ্য দোকানপাট আর তার ভেতর দিয়ে অলিগলি। সেই অলিগলির ভেতরে বিভিন্ন মহল্লা। সেই পুরোনো ধাঁচের বাড়িঘরে মানুষের বসবাস। বড় রাস্তা পেরিয়ে এপারে এলে চাঁদনী চকের শুরু। কোনো গাড়ি ঢোকে না। এ-মাথা থেকে ও-মাথা দীর্ঘ পথ হয় হাঁটতে হবে। অথবা চেপে বসতে হবে সবুজ রঙের মিনিবাসে, যার নাম চাঁদনী চক সার্ভিস। আমি আর ঝর্ণা (আমার স্ত্রী) হাঁটারই সিদ্ধান্ত নিলাম। না হেঁটে পুরোনো দিল্লির ছোঁয়া আর কতটাই বা অনুভব করা যাবে। শিখদের একটা বড় উপাসনালয় আছে চাঁদনী চকে। তার আগে প্রবেশমুখেই দিগম্বর জৈন শিখ মন্দির। এটা জৈনদের উপাসনালয়। সম্রাট শাহজাহানের সময়কালেই নির্মিত। হাতের বাঁয়ে বা দক্ষিণে—এই দুটো পেরিয়ে গেলেই শুরু হয় দোকানপাটের সারি। রাস্তার ওপর দাঁড়িয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ‘সেল’ বা ‘ডিসকাউন্ট’ বলে চেঁচাচ্ছে কেউ কেউ।এরই মধ্যে চোখে পড়ল ঔপনিবেশিক ধাঁচে তৈরি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ভবন। আরেকটু হাঁটতেই চোখে পড়ল সাইনবোর্ড ‘ঘন্টেওয়াল’। হিন্দির পাশাপাশি ইংরেজিতে লেখা থাকায় পড়তে পারলাম নামটা। ‘ঘন্টেওয়াল আবার কী?’ ঝর্ণা জানতে চাইল। ‘মিষ্টির দোকান’, আমি বললাম। আসলে বলা উচিত হালুয়া আর মোরব্বার দোকান।চাঁদনী চকের এই ঘন্টেওয়ালার দোকান ১৭৯০ সালে প্রতিষ্ঠিত। ছয় প্রজন্ম ধরে তারা মিষ্টি, হালুয়া, নিমকির ব্যবসা করে যাচ্ছে। তবে আরও কয়েকজন ঘন্টেওয়ালার দোকানও আছে, যেগুলো নাকি ১০০ বছরের বেশি পুরোনো। ঘন্টেওয়ালার পর চোখে পড়ল পারাটাওয়ালার গলি। এখানেও আছে দেড় শ বছরের বেশি সময় ধরে পরোটা-কাবাব বানানেওয়ালার দোকান। চাঁদনী চকে আরও দেখলাম জিলাপিওয়ালা ও সিক্কাওয়ালা। জিলাপি প্রস্তুতকারকদের না-হয় বুঝলাম, কিন্তু সিক্কাওয়ালা?‘জিজ্ঞেস করো’, ঝর্ণা বলল। ‘যেটুকু উর্দু-হিন্দি জানি, তাতে এরা উল্টো বেয়াক্কেল জানিয়ে দেবে।’আরেকটু এগোতেই হাতের ডানে পড়ল টাউন হল। টাউন হলের চত্বরে দেখা গেল অসংখ্য কবুতর; কখনো উড়ছে, কখনো মাটিতে বসছে।‘চাঁদনী চকের সেই জলের ধারা নেই। লালকিল্লার সামনে থেকে সোজা বয়ে যাওয়া জলের ধারা গিয়ে ঠেকেছিল ফতেহপুরী মসজিদের সামনে। এটাই চাঁদনী চকের শেষ প্রান্ত। আর এখন যেখানে টাউন হল, তার সামনেই ছিল অষ্টকোনাকৃতির একটা জলাধার। জ্যোৎস্না রাতে তাতে চাঁদের আলো পড়লে পুরো চত্বরটাই রুপালি বর্ণের ছটায় শোভিত হয়ে উঠত। যেন এর রুপালি জলের ধারা বয়ে যাচ্ছে। সে জন্যই নাম হয়েছে চাঁদনী চক।সাইনবোর্ড দেখে দক্ষিণ দিকে একটা রাস্তায় ঢুকলাম আমরা। এ যেন আমাদের পুরান ঢাকার অলিগলির মতো। দুটো রিকশা পাশাপাশি কোনোমতে চলতে পারে। ‘গলি কাসিমজান নশদি হ্যায়?’ একটা দোকানে বয়স্ক একজনকে জিজ্ঞাসা করলাম আমি। ‘কাঁহা পর যাইয়ে?’ পাল্টা প্রশ্ন করল সে। ‘গালিব কো হাভেলি।’ হিন্দিতে যা বলল তা মোটামুটি বুঝতে পারলাম।তবু নিশ্চিত হওয়ার জন্য সামনে আরেকটু এগিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলাম। একই রকম নির্দেশনা মিলল। খানিকটা হাঁটতেই হাতের ডানে আরেকটা সরু গলি পড়ল। ওটা ধরেই ঢুকে পড়লাম। কয়েক কদম যেতেই থমকে দাঁড়াতে হলো। এসে গেছি সেই প্রতীক্ষিত স্থানে। আশপাশে মুঠোফোন আর রকমারি জিনিসের দোকানপাটের মধ্যে যেন অতীতের হাতছানি হয়ে দাঁড়িয়ে আছে গালিবের হাভেলি। লাল ইটের দেয়ালে তৈরি দালানখানার বেশির ভাগ অংশই বেদখল। কাঠের বড় ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই ওপরে খোলা আকাশ, নিচে ছোট্ট উঠান। উঠানের দেয়ালে উর্দুতে গালিবের লেখা শের ঝুলছে। বাঁ দিকটায় হাভেলির বারান্দা। চক্রাকৃতির পিলারের ওপর দাঁড়ানো হাভেলির দোতলাটা। বারান্দায় গালিবের প্রতিকৃতি আর কাচের বড় আলমারিতে গালিবের কয়েকটি বই। সাজানো আছে হাতে লেখা শের ও চিঠি।‘বল্লিমারানের এই হাভেলিতে গালিব বহু বছর কাটিয়েছেন। এখানেই মৃত্যু হয়েছিল তাঁর। সেটা ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর।’ ‘হাভেলিটা কি এ রকমই ছিল?’ ঝর্ণার প্রশ্ন।‘মূল কাঠামোটা এ রকম। তবে ভেতরে অনেক সংস্কার করা হয়েছে। গালিব-ভক্তদের চাপে ১৯৯৯ সালে এই হাভেলির একাংশ পুনরুদ্ধার করে ছোট একটা জাদুঘরের মতো করা হয়েছে।’ গালিবের হাভেলিতে কিছুক্ষণ বিমোহিতের মতো কাটালাম দুজন। উপমহাদেশে উর্দুর অন্যতম সেরা কবি মির্জা আসাদউল্লাহ খান গালিব। মোগল সাম্রাজ্যের অস্তগামী সূর্যের শেষ রশ্মি যেন গালিবের মধ্য দিয়েই বিচ্ছুরিত হয়েছে। অথচ কয়েক দিন আগেই এক রাতে এই হাভেলিতে কারা যেন বিয়েবাড়ির খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। সংরক্ষিত এই ভবনে এ ঘটনা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর দিল্লিজুড়ে হইচই পড়ে যায়। গালিব-অনুরাগীরা প্রচণ্ড ক্ষিপ্ত হন। তাঁরা হাভেলি সংরক্ষণের জন্য সরকারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর দাবি তোলেন। গালিবের মৃত্যুবার্ষিকী বিশেষভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়।আর তাই তো ২০০৯ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় গালিব স্মরণে টাউন হল থেকে গলি কামিসজানের এই হাভেলি পর্যন্ত প্রজ্বলিত মোমবাতি নিয়ে গালিব-অনুরাগীরা শোভাযাত্রায় আয়োজন করেন।অবশ্য তার দুই দিন আগেই এই হাভেলি দর্শন করে আমরা দিল্লি থেকে বিদায় নিই।