সেতুর দুপাশে নির্দেশনাফলকে (সাইনবোর্ড) লেখা আছে, ‘ঝুঁকিপূর্ণ সেতু, পাঁচ টনের অধিক ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ।’ আরাকান সড়কের বোয়ালখালীর মিলিটারি পুলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ সতর্কবার্তা কেউ নজরেও আনছে না। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে চলছে ২০-২৫ টন বেশি ওজনের যানবাহন। শুধু নির্দেশনাফলক লাগিয়ে যেন দায় সেরেছে সওজ বিভাগ। আর কোনো নজরদারি নেই। সেতুটিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। গাড়িচালকেরা জানান, যেকোনো গাড়ি উঠলে সেতুটি কাঁপতে থাকে।সওজ বিভাগ সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে দক্ষিণ চট্টগ্রামে যুদ্ধের রসদ সরবরাহের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের ৩০ বছরের মাথায় ১৯৯৬ সালে সেতুর উত্তরাংশ দেবে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দেবে যাওয়া অংশে সওজ কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ৭০ ফুটের একটি বেইলি সেতু স্থাপন করে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে। পরবর্তীকালে ওই অংশে আবার ফাটল দেখা দিলে সেটিকে আরও ২০ ফুট বাড়িয়ে ৯০ ফুটে উন্নীত করে।সরেজমিনে দেখা গেছে, উত্তর পাশে বেইলি সেতুর কারণে সচল থাকলেও দক্ষিণ-পশ্চিমে সেতুর মূল স্তম্ভে মাটি সরে দেয়াল দেবে গেছে। সেখানে সৃষ্টি হয়েছে গর্তের। এ গর্ত দিন দিন বড় হচ্ছে। ফলে সেতুর মূল অংশ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। একদিকে বেইলি, অন্যদিকে পাকা সেতু, যেন সেতুর ওপর সেতু। এ অবস্থায় সেতুর একদিক থেকে যানবাহন উঠলে, অন্যদিক থেকে দেখা যায় না। তাই উভয় দিক থেকে যানবাহন উঠে মুখোমুখি হয়ে যায়। লেগে রয়েছে ছোট-বড় দুর্ঘটনা। এ ছাড়া গর্তের মধ্যে বালুর বস্তা, ভাঙা ইট দেওয়া অংশে ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর পুরো অংশই যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, ‘সেতুর ওপর বড় গাড়ি উঠলে সেতুটি কাঁপতে থাকে। দ্রুত পেরোতে পারলেই বাঁচি।’ তিনি বলেন, সওজের সতর্কবাণী উপেক্ষা করে প্রতিদিন ২০-২৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করছে সেতু দিয়ে। অথচ সওজের কোনো নজরদারি নেই। ট্রাকচালক রহমত উল্লাহ বলেন, ‘সেতুতে গাড়ি নিয়ে উঠলে কাঁপা শুরু হয়। তখন আল্লাহর নাম জপে সেতু পার হতে হয়।’ টেম্পোচালক আবসার জানান, সেতুর একদিকে উঠলে অন্যদিক থেকে ওঠা গাড়ি দেখা যায় না। ফলে প্রায় সময় যানজট লেগেই থাকে। অটোরিকশাচালক সোলায়মান হোসেন জানান, সেতু পারাপারের নির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় যে যার খুশিমতো এটিকে ব্যবহার করছে। এ ছাড়া বেইলি সেতু স্থাপনের ফলে জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সওজ দোহাজারী সার্কেলের প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেতুর মেরামতকাজের জন্য দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে।’ তিনি বলেন, ‘সেতুটি ভেঙে পুনরায় নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে ওই প্রস্তাবনা পাসের অপেক্ষায় রয়েছে। বরাদ্দ হয়ে গেলেই নতুন করে সেতু নির্মাণ করা হবে।’