গাড়ি চলছে চলছে মুঠোফোনে কথাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন চালানোর সময় চালকদের মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমছে না। মোটরযান আইনে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ হলেও তা মানছেন না অনেকেই। ফলে, মুঠোফোন ব্যবহারজনিত দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। ১১ জুলাই মিরসরাইয়ে মুঠোফোন ব্যবহারের কারণে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ (সরকারি হিসাবে ৪০ জন) শিক্ষার্থী প্রাণ হারায়। এ ঘটনার পর প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী গাড়ি চালানোর সময় চালকের মুঠোফোন ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু ঘটনার ছয় দিন পরও এ ব্যাপারে নগর পুলিশের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ ১৭ জুলাই প্রথম আলোকে বলেন, ‘যান চালানোর সময় মুঠোফোন ব্যবহারকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় একটি পরিকল্পনা হাতে নিয়েছি। শিগগির তা বাস্তবায়ন হবে।’ তবে পরিকল্পনার বিস্তারিত তিনি জানাননি।সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়ার পর কী ব্যবস্থা নিয়েছেন-জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মোটরযান আইনে যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছি।’ ১৬ ও ১৭ জুলাই এই দুই দিনে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গাড়ি চালানোর সময় অনেক চালকই মুঠোফোন ব্যবহার করছেন। ১৬ জুলাই বেলা একটায় ষোলশহর ২নং গেইটে অবস্থান করে দেখা যায়, চট্টমেট্রো-ই-১১-৩১৯৬ নম্বরের বড় একটি ট্রাকের চালক মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে দ্রুত জিইসি মোড়ের দিকে ছুটছেন। একইভাবে লালখান বাজার এলাকায় দুপুর ১২টা ২৫ মিনিটে প্রাইভেট গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন জনৈক চালক (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১২-২৬১৪)। অক্সিজেন মোড়ে দুপুর দেড়টায় চট্টমেট্রো-ট-১১-২৭৫২ নম্বরের ট্রাক চালানোর সময় চালককে মুঠোফোনে কথা বলতে দেখা গেছে।একই দিন বেলা দুটায় হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১১-৭৬৭৯) চালক আবদুল হক। এই প্রতিবেদক দৃশ্যটি দেখে নতুনপাড়া এলাকায় অটোরিকশাটি থামানোর অনুরোধ করেন। এক পর্যায়ে গাড়িটি বিসিএসআইএর (বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগার) এলাকায় থামার পর প্রশ্ন করলে চালক এ প্রতিবেদককে বলেন, ‘বাড়ি থেকে একটা জরুরি ফোন এসেছে। তাই ধরতে বাধ্য হলাম।’ এ সময় তাঁকে মিরসরাইয়ের ভয়াবহ দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ তা জানি। ভবিষ্যতে এই অপরাধ আর করব না।’ এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, ‘গাড়ি চালানোর সময় চালকের মুঠোফোন ব্যবহার বন্ধে এখনো নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত না হলেও মোটরযান আইনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক বলেন, ‘মোটরযান আইনে চালকের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ। এটি অমান্য করলে সংশ্লিষ্ট চালককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।’ জানা যায়, মোটরযান বিধি ১৯৪০ এর ১১৫ ধারায় যানবাহন চালানো অবস্থায় ইয়ারফোন (কানে গান শোনার ব্যবস্থা) ব্যবহারও নিষিদ্ধ। এ বিধি ১৯৮৬ সালে অধ্যাদেশে পরিণত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ২০০৭ সালে এ সংক্রান্ত ধারা সংশোধন করে ইয়ারফোনের সঙ্গে মুঠোফোন ব্যবহারও নিষিদ্ধ করে।এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত ১৭ জুলাই প্রথম আলোকে বলেন, ‘শুধু আইন থাকলে হবে না। এর যথাযথ প্রয়োগ থাকতে হবে। আর এ দায়িত্ব পালনে পুলিশকে কঠোর হতে হবে। এর পাশাপাশি চালক ও যাত্রীদেরও সচেতন হতে হবে।’ এ প্রসঙ্গে জানতে চাইলে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ১৭ জুলাই বলেন, ‘গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার অত্যন্ত বিপদজনক। এতে চালক ও আরোহীর জীবন-মৃত্যুর বিষয়টি জড়িত। তাই এ ব্যাপারে পুলিশ, গাড়ির মালিক, যাত্রী ও চালক সবার স্ব স্ব ক্ষেত্রে ভূমিকা রাখা প্রয়োজন।’ বিআরটিএ সহকারী পরিচালক শহীদুল আযম বলেন, ‘যানবাহন চালানোর সময় মুঠোফোন ব্যবহার বন্ধে আইন প্রয়োগ করার দায়িত্ব পুলিশের।’