গাড়ি চলবে কম জ্বালানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লিটার তেল খরচ করে একটি গাড়ি সর্বোচ্চ কতদূর পথ অতিক্রম করতে পারে? ১০, ২০, ৩০ কিলোমিটার! হয়তো অনেকে সাহসী হয়ে বলবেন, ১০০ কিলোমিটার। কিন্তু এসব অনুমান অনুমানই! সত্য হলো, এখন পর্যন্ত এক লিটার তেল খরচ করে একটি গাড়ি পাড়ি দিয়েছে তিন হাজার কিলোমিটার পথ। জাপানে কম জ্বালানিতে চলে এ ধরনের গাড়ি তৈরির প্রতিযোগিতায় এই রেকর্ড হয়েছে। পরিবেশবান্ধব ও কম জ্বালানিতে চলে এমন গাড়ি তৈরির প্রতিযোগিতা এবার চট্টগ্রামেও হচ্ছে। আয়োজক ‘ইকো রান বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।গাড়ি তৈরির প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১১টি দল। এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে চারটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তিনটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলোজি (আইইউটি) থেকে তিনটি এবং বরিশাল পলিটেকনিক থেকে একটি দল অংশ নিচ্ছে। আগামীকাল শুক্রবার এই দলগুলোর তৈরি গাড়ি পরীক্ষামূলকভাবে মাঠে নামবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলোজি (আইইউটি) ক্যাম্পাসে।কম জ্বালানিতে চলে এমন পরিবেশবান্ধব গাড়ি তৈরির পরিকল্পনা থেকেই বাংলাদেশে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।এদিকে, এই প্রতিযোগিতাকে সামনে রেখে চুয়েটে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জেআইসিএ) স্বেচ্ছাসেবক ও ‘ইকো রান’ প্রকল্পের কর্মকর্তা ওয়াকা ওয়ারা।জানা গেছে, প্রতিবছর জাপানে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় সহায়তা করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তৈরি গাড়িও অংশ নেয়। এখন পর্যন্ত এ প্রতিযোগিতার রেকর্ড হলো, একটি গাড়ি এক লিটার তেল খরচ করে তিন হাজার কিলোমিটার পথ অতক্রম করেছিল।আয়োজকেরা জানান, ‘ইকো রান’ এমন একটি গাড়ি তৈরি করতে চাইছে যেটি খুব কম জ্বালানিতে চলে। এই গাড়ি হবে পরিবেশবান্ধব। এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার নিয়ম হলো—এক লিটার জ্বালানি তেল ব্যবহার করে যে দলটির গাড়ি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে সে দলটিই বিজয়ী হবে। এ প্রতিযোগিতাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে চুয়েটের প্রতিযোগী শিক্ষার্থীরা। সবাই ব্যস্ত এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। নিজেদের তৈরি গাড়ি ত্রুটিমুক্ত করতে দিন-রাত কাজ করছেন তাঁরা।এ প্রসঙ্গে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনিয়াতুল মুছাইদা বলেন, ‘আমাদের পরীক্ষাগারে যন্ত্রপাতি অপ্রতুল। এ কারণে কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফল করতে পারব।’এ প্রতিযোগিতা প্রসঙ্গে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশকে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।’