গাড়ি চলাচল দূরের কথা হাঁটাও যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড়-আলমগীর সড়ক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত আট কিলোমিটার দীর্ঘ এই পথে নিয়মিত হেঁটে যেতে হয় বিদ্যালয় কিংবা কলেজশিক্ষার্থীদের। দোহাজারী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিঝুম বলে, ‘বর্ষায় আমরা পরিষ্কার পোশাকে বিদ্যালয়ে যেতে পারি না। রাস্তার গর্তে জমে থাকা পানি ছিটকে পড়ে নোংরা হয়ে যায়। এ সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, হাঁটাও যায় না।’ শুধু নিঝুম নয়, সড়কটির বেহাল দশা নিয়ে এমন অভিযোগ এলাকার প্রায় সব বাসিন্দার। কালিয়াইশ, ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়নের প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কের পাশে কালিয়াইশ ও ধর্মপুর ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা রয়েছে। এ ছাড়া দোহাজারী উচ্চবিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, বিজিসি স্কুল অ্যান্ড কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ, জাফর আহমদ চৌধুরী কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়, রসুলাবাদ সিনিয়র মাদ্রাসা ও জামিজুরী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত আসা-যাওয়া করে এবং শঙ্খের চরে উ ৎ পাদিত বিভিন্ন মৌসুমি শাকসবজি পরিবহন করা হয় এই সড়ক দিয়ে। ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি লতা বড়ুয়া বলেন, নিম্নমানের কাজ আর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এ অবস্থা। সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কেই গর্ত। পিচ প্রায় পুরোটাই উঠে গেছে। কোথাও কোথাও পাশের মাটি ভেঙে সড়ক সংকীর্ণ হয়ে গেছে; যার কারণে এ সড়কে হরহামেশাই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে। এই সড়কের পাশেই রয়েছে একটি প্লাইউড ফ্যাক্টরি ও একটি লাকড়ির মিল। এসব মিলের কাঠ ও তুষ পরিবহনের জন্য এ সড়কে প্রতিদিন চলাচল করে ভারী ট্রাক। মূলত এ কারণেই সড়কের কার্পেটিং উঠে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আকবর প্লাইউড ফ্যাক্টরির স্বত্বাধিকারী ওবাইদুল আকবর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কোনো ভারী গাড়ি এ সড়কে চলাচল করে না, সামান্য কয়েকটি তুষের ট্রাক চলাচল করে, তার ওজনই বা কত।’ওই সড়কে চলাচলকারী অটোরিকশাচালক (সিএনজি) বেলাল হোসেন, আবদুল গফুর ও নওশা মিয়া জানান, খানা-খন্দের কারণে প্রায় প্রতিদিনই এ সড়কে একটা না একটা দুর্ঘটনা ঘটে। তা ছাড়া প্রায় সময় নাটবল্টুসহ নানা মূল যন্ত্রাংশ খুলে পড়ে এবং নষ্ট হয়ে যায়। কালিয়াইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী বলেন, অনেক আগে থেকেই সড়কটির অবস্থা নাজুক। তার ওপর বন্যার পানির স্রোতে একেবারেই শেষ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে এ সড়কের মেরামত প্রয়োজন। এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী মো. তাসাউরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত সড়ক মেরামতের অনুমোদন চেয়ে তিনবার চাহিদাপত্র পাঠালেও অনুমোদন মেলেনি। প্রয়োজনীয় অনুমোদনসহ বরাদ্দ পাওয়া গেলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।