গাড়ি চলাচল বন্ধ এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর বন্যার সময় সাতকানিয়ার জীবন মার্কেট–আলীনগর সড়কের আলীনগর এলাকার একটি অংশ ডলু নদে ধসে যায়। এরপর সড়কটি সংস্কার না হওয়ায় এক বছর ধরে বন্ধ যান চলাচল। ছবিটি ২১ জুলাই তোলা l প্রথম আলো
গত বছর বন্যার সময় সাতকানিয়ার জীবন মার্কেট–আলীনগর সড়কের আলীনগর এলাকার একটি অংশ ডলু নদে ধসে যায়। এরপর সড়কটি সংস্কার না হওয়ায় এক বছর ধরে বন্ধ যান চলাচল। ছবিটি ২১ জুলাই তোলা l প্রথম আলো

গত বছরের বন্যায় সড়কের বেশ কিছু অংশ ধসে পড়েছে পাশের ডলু নদে। এক বছর পার হতে চললেও এখনো সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ওই সড়কে বন্ধ রয়েছে গাড়ি চলাচল। এই চিত্র সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের জীবন মার্কেট-আলীনগর সড়কের আলীনগর এলাকার।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে সড়কটিতে ইট বিছিয়ে সংস্কারকাজ করা হয়েছিল। গত বছরের জুন মাসে বন্যার সময় সড়কটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। ওই বছরের আগস্ট মাসে সৃষ্ট তৃতীয় দফা বন্যার সময় সড়কটির আলীনগর এলাকার প্রায় ২০০ মিটার ডলু নদে বিলীন হয়ে যায়। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন অন্তত ১০ হাজার মানুষ।
২১ জুলাই সরেজমিনে দেখা গেছে, সাড়ে তিন মিটার প্রস্থের ওই সড়কের মধ্যে প্রায় তিন মিটারই নদে ধসে পড়েছে। যতটুকু আছে তা থেকেও ইট উঠে গেছে। ওই পথে হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়েছে।
সড়কে চলাচলকারী রোজমরপাড়া, আলীনগর ও ইছামতী এলাকার লোকজন জানান, সড়কটি সংস্কার না হওয়ায় সাতকানিয়া সদর ও চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দূরের বিকল্প সড়ক দিয়ে তাঁদের চলাচল করতে হচ্ছে। এতে এলাকার লোকজনকে অতিরিক্ত গাড়ি ভাড়ার পাশাপাশি সময়ও লাগছে বেশি।

আলীনগর গ্রামের চাষি আরিফুল ইসলাম (৩০) বলেন, উৎপাদিত কৃষি পণ্য বিভিন্ন হাট-বাজারে নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে। বেড়েছে পণ্য পরিবহনের খরচ।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ বলেন, ‘সড়কটি সংস্কারের ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে বাঁধ নির্মাণের পাশাপাশি সড়কটি সংস্কার করতে পারব।’

জানতে চাইলে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, নদের পাড়ে ব্লক না বসালে সড়কের ধসে পড়া অংশটি কোনোভাবেই সংস্কার করা সম্ভব নয়। কারণ ওই অংশ সংস্কার করলেও তা টেকসই হবে না। তাই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্লক বসানোর ব্যবস্থা করলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাউবোর পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ডলু ও শঙ্খ নদের ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রকল্পটি অনুমোদনের পর বরাদ্দ পাওয়া গেলে ধসে পড়া অংশসহ বিভিন্ন এলাকায় ব্লক বসানোর মাধ্যমে নদের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।