খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম-নাজিরহাট এবং চট্টগ্রাম-দোহাজারী রুটের লোকাল ট্রেন সার্ভিস। একসময় এই দুই রুটের ট্রেন চলাচল লাভজনক ছিল। তবে এখন জ্বালানি তেলের খরচই ওঠে না। লক্কড়-ঝক্কড় হয়ে পড়ায় মধ্যবিত্ত শ্রেণির যাত্রীরা এই ট্রেনগুলোতে ভ্রমণ করেন না। নিরুপায় হয়ে কেবল নিম্ন আয়ের যাত্রীরাই এখন এই দুই রুটের ট্রেনে চড়েন।রেলওয়ে কর্মকর্তারা জানান, ৮০ বছর আগে নাজিরহাট ও দোহাজারী রুটের ট্রেন চলাচল শুরু হয়। ব্রিটিশ ও পাকিস্তান আমলেও এই দুটি রুটের ট্রেন চলাচল লাভজনক ছিল। ওই সময় যাত্রীরা টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতেন। দেশ স্বাধীনের পরও কয়েক বছর সন্তোষজনক হারে যাত্রী পরিবহন হয়। ২০ থেকে ২৫ বছর আগে সড়ক পথে যোগাযোগব্যবস্থার উন্নতি হলে এ দুটি লোকাল ট্রেনে যাত্রী পরিবহন কমে যায়। মধ্যবিত্ত যাত্রীরা জানান, রেল লাইন ও ট্রেনের বগি সংস্কার না হওয়ায় তারা ট্রেনে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।রেল কর্মকর্তারা জানান, গত অর্থবছরে দুটি রুটে যাত্রী পরিবহন করে পৌনে ২৯ লাখ টাকা এবং পণ্য পরিবহন করে ৬২ লাখ টাকা আয় হয়েছে রেলওয়ের। এই আয় দিয়ে ট্রেনের জ্বালানি তেলের খরচ ও রেল কর্মচারীদের বেতন-ভাতার টাকাও ওঠেনি। রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আসলে যাত্রীসেবা নিশ্চিত করতে এই দুটি রুটে ট্রেন চালু রাখা হয়েছে। খরচের অঙ্ক হিসাবে আনলে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। সেটা করা উচিত হবে না। কারণ নিম্ন আয়ের লোকজনের ভোগান্তি বাড়বে।’ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, দুটি রুটে গত অর্থবছরে শুধু জ্বালানি তেল বাবদ খরচ হয়েছে ৭৫ লাখ টাকা। এ ছাড়া লুব্রিকেটিং বাবদ খরচ হয় আরও ২৫ লাখ টাকার মতো। রেল সূত্র জানায়, ইঞ্জিন ও কোচের মেরামত খরচ, বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং লোকোমাস্টার (ট্রেন চালক) ও গার্ডের বেতন-ভাতা জ্বালানির সঙ্গে যুক্ত করলে খরচের অঙ্ক আরও অনেক বেশি হবে।রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ভোর পাঁচটা ৫০ মিনিটে নাজিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ১০টায় নাজিরহাটের উদ্দেশে ট্রেন যাত্রা করে। একইভাবে দুপুর একটা ২০ মিনিটে নাজিরহাট থেকে এবং বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম থেকে আবার নাজিরহাটের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। দোহাজারী রুটে চট্টগ্রাম থেকে সন্ধ্যা পৌনে ছয়টায় এবং দোহাজারী থেকে বিকেল চারটা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। নাজিরহাট ও দোহাজারী রুটে চলাচলকারী ট্রেনগুলোর কামরাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। উর্যাকট দুর্গন্ধের কারণে ট্রেনে বসা দায়। কাঠ, বাঁশ, লাকড়িসহ মালামাল পরিবহনের কারণে ট্রেনে যাত্রীদের বসার জায়গা থাকে না। এই দুই রুটের ট্রেনে নিয়মিত মাদক পাচার করা হয় বলেও অভিযোগ আছে। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হচ্ছে লোকাল ট্রেন। বিশেষ করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চট্টগ্রাম স্টেশনে আসে। সেখান থেকে উত্তর চট্টগ্রামে নাজিরহাটাগামী এবং দক্ষিণ চট্টগ্রামে দোহাজারীগামী ট্রেনে পরিবহন হয়। মাদক পরিবহনের সঙ্গে বস্তির লোকজন জড়িত। আমেনা বেগম আরও বলেন, ‘আমার সীমানার ওপর দিয়ে ট্রেন চলাচল করলেও রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব রেল পুলিশের। এ কারণে ট্রেনের ভেতর আমরা অভিযান চালাই না।’