গাড়ি চলে হেলেদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের কোথাও উঠে গেছে পিচ ঢালাই। কিছু স্থানে ছোট-বড় গর্ত। গাড়ি চলছে হেলেদুলে। সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের কাটগড়-আলমগীর সড়কের এখন এমন বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির এই দশা।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় থেকে পূর্ব দিকে কাটগড়-আলমগীর সড়কের শুরু। সড়কের দৈর্ঘ্য চার কিলোমিটার। বিওসি মোড় থেকে বড় মৌলভী সাহেবের মাজার পর্যন্ত দুই কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালিয়াইশ প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে ধসে পড়েছে সড়কের কিছু অংশ। ওই অংশে গাড়ি চলছে এক পাশ দিয়ে।
স্থানীয় লোকজন জানান, ২০১৩ সালের প্রথম দিকে সড়কের সংস্কারকাজ করার উদ্যোগ নেওয়া হয়। ওই সময় সড়কের বিভিন্ন স্থানে ইটের কিছু খোয়া ফেলেই দায়িত্ব শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে গত বছর স্থানীয় বাসিন্দারা সড়কজুড়ে সৃষ্টি হওয়া গর্তে মাটি ও ইট বিছানো কাজ করেন নিজেদের অর্থে। কিন্তু কয়েক মাস না যেতেই আবার বেহাল হয়ে পড়ে সড়ক। বর্ষা এলে সড়ক দিয়ে কীভাবে যাতায়াত করবে সেই চিন্তা এখন স্থানীয় লোকজনের মনে।
বিওসির মোড় এলাকার বাসিন্দা ও স্থানীয় রসুলাবাদ ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন দিন ধরে সড়কটির কোনো সংস্কারকাজ হচ্ছে না। অটোরিকশা বা রিকশায় চড়ে সড়ক দিয়ে চলাচল করতে গেলে ঝাঁকুনির কারণে কোমর ব্যথা হয়ে যায়। বর্ষা এলে সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হবে। তখন কীভাবে চলাচল করব জানি না।’
সিএনজিচালিত অটোরিকশাচালক নওশা মিয়া ও বেলাল হোসেন প্রথম আলোকে জানান, সড়কের বেহালের কারণে প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের শুরুর দিকে সড়কের দুই কিলোমিটার এলাকায় সংস্কারকাজ শুরু হয়েছিল। কিন্তু সংস্কারকাজে ব্যবহৃত পণ্যের মূল্যবৃদ্ধির অজুহাতে কাজ করতে অনীহা প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে প্রকৌশল অধিদপ্তরের চাপে কিছু কিছু স্থানে ইটের খোয়া ফেলেছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অবশ্য সংস্কারকাজ শেষ না করার দায়ে তখন ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল।
কালিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সব্বির আহমদ ওসমানী বলেন, ‘অনেক আগ থেকেই এই সড়কটির অবস্থা নাজুক। এ ছাড়া গত বর্ষায় বৃষ্টির পানি ও ভারী যানবাহন চলাচলের কারণে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। সড়কটি নতুন করে মেরামতের ব্যবস্থা করতে উপজেলা পরিষদকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, ‘সম্প্রতি নতুন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কটির সংস্কারকাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু করতে পারব।’