‘এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জাহাজের মতো দুলতে থাকে গাড়ি। বড় বড় গর্ত এড়িয়ে যেভাবে গাড়ি চলে, তাতে মনে হয়, এখনই একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ ঘটবে।’ পোর্ট কানেকটিং সড়কের তাসফিয়া কমিউনিটি সেন্টার থেকে বড়পোল পর্যন্ত অংশে নিয়মিত ভোগান্তির কথা এভাবেই বললেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌফিক ইসলাম। গত বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার পথে প্রথম আলোকে তিনি আরও বলেন, ‘সংস্কারের আগে মোটামুটি ভালোই ছিল পোর্ট কানেকটিং সড়কের এই অংশটি। মাত্র আধা কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে শুধু মেরামতই হচ্ছে। কিন্তু এখনো সড়কের চেহারাই খুঁজে পাচ্ছি না।’ এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রীরা জানান, বর্ষা মৌসুমের আগে সড়কের সংস্কারকাজ শুরু হয়। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। বর্ষার পানিতে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পোর্ট কানেকটিং সড়ক হয়ে প্রতিদিন পতেঙ্গা এলাকায় একটি বেসরকারি ডিপোতে নিজ কর্মস্থলে যান আকবর পাশা। তিনি বলেন, ‘ভাঙা রাস্তায় শুধু কষ্ট হচ্ছে না, ভাড়াও বেশি দিতে হচ্ছে চালকদের। আধা কিলোমিটার ভাঙা সড়কের জন্য সিএনজিচালিত ট্যাক্সিচালকদের এখন ২০ থেকে ৩০ টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে।’ জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকামুখী পণ্য নিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার লরি এ সড়ক দিয়ে চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে এসব বড় গাড়ি হেলেদুলে চলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। সকাল এবং বিকেলে নিয়মিত যানজটও লেগে থাকছে। পোর্ট কানেকটিং সড়কের সঙ্গে সংযুক্ত হালিশহরের আই ব্লক সড়কেরও বেহাল দশা। ওয়াপদা মোড় থেকে বিডিআর সিনেমা হল পর্যন্ত সড়কটি নতুন করে নির্মাণ হলেও আই ব্লকের সড়কের চেহারাই যেন মুছে গেছে। পোর্ট কানেকটিং সড়ক হয়ে প্রতিদিন আই ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে যান স্কুলশিক্ষিকা মাছুমা আক্তার। তিনি বলেন, ‘পোর্ট কানেকটিং সড়কের রাস্তার চিহ্ন থাকলেও আই ব্লকের সড়কের এখন কোনো চিহ্নই নেই। রিকশায় চড়ে যাওয়ার সময় মনে হয়, এখন জান বের হয়ে যাবে।’ ঘর থেকে বের হয়ে নিয়মিত এ রকম দুর্ভোগে পড়ে ক্ষুব্ধ অনেকে। নয়াবাজারের বাসিন্দা মো. ফেরদৌস বলেন, পোর্ট কানেকটিং সড়কের সঙ্গে সংযুক্ত নয়াবাজার এলাকার কয়েক শ মিটার রাস্তার এক বছরের বেশি সময় ধরে বেহাল দশা। রাস্তার এই সামান্য অংশটুকু দেখার যেন কেউ নেই। আবার নয়াবাজারের এই অংশটুকু পেরিয়ে পোর্ট কানেকটিং সড়ক দিয়ে যেতে পাঁচ মাসের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের তো সহ্যের সীমা থাকে—ক্ষুব্ধকণ্ঠে বললেন ফেরদৌস।