গাড়ি চলে হেলেদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় সময় সড়কে আটকে যায় গাড়ি। খানাখন্দে পড়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভাড়াও বেড়েছে দ্বিগুণ। এ অবস্থার মধ্যে চলাচল করতে হচ্ছে শত শত মানুষকে। অথচ এ নিয়ে কারও মাথাব্যথা নেই।’ কথাগুলো বলছিলেন আনোয়ারা-রুস্তমহাট সড়কে চলাচলকারী কলেজ শিক্ষার্থী রাশেদা আকতার।সরেজমিনে দেখা গেছে, সড়কের অবস্থা বেহাল। পাঁচ কিলোমিটারজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। গাড়ি চলাচল করছে হেলেদুলে।স্থানীয় লোকজন জানান, বটতলী, রায়পুর, জুইদণ্ডী ও বারশত ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম আনোয়ারা-রুস্তমহাট সড়ক। এর মাধ্যমে সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন তাঁরা। এ সড়কে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু গত দুই মাস ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখন ভোগান্তি এড়াতে আট কিলোমিটার দূরের পথ ঘুরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার সড়ক দিয়ে চাতরী চৌমুহনী হয়ে আনোয়ারা সদরে যাতায়াত করছেন। এতে সময়ের অপচয় হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডি এইচ মনসুর জানান, সড়কটিতে গাড়িতে চলাচল না করে হেঁটে চলা অনেক ভালো। কারণ রিকশা কিংবা অটোরিকশায় চড়ে গেলে শরীর ব্যথা হয়ে যায়। অটোরিকশা চালক আবদুল হান্নান জানান, আগে দিনে আট-নয়বার যাত্রী নিয়ে আসা-যাওয়া করতাম। এখন দুই-তিন বারের বেশি চলাচল করতে পারি না। খানাখন্দে পড়ে প্রায় সময় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘সড়কটির জীর্ণদশা আমরা দেখে এসেছি। দ্রুত এটি সংস্কারের ব্যবস্থা করা হবে।’