গাড়ি চালানোর সময় কথা নয়
গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়—এটা সবাই মানেন। চালকের আসনে বসে কানে ফোন তুললে পুলিশ জরিমানাও করে। সে জন্যই গাড়ি বা মোটরসাইকেল চালানোর জন্য ইয়ারফোন বা স্পিকারফোন ব্যবহারের প্রচলন শুরু হয়। কেননা, ধারণা করা হয় যে এতে হাত দিয়ে ফোন ধরতে হয় না। ফলে স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকে।
কিন্তু গবেষকেরা বলছেন, হাতের ব্যবহার সীমিত করাটাই বড় কথা নয়। গাড়ি চালানোর সময় যেকোনোভাবে ফোনে কথা বলা—তা হাত দিয়ে ধরেই হোক বা ইয়ার প্লাগ বা স্পিকার ব্যবহার করেই হোক, দুর্ঘটনার ঝুঁকি প্রায় চার গুণ বাড়িয়ে দেয়। সিডনি বিশ্ববিদ্যালয়ের জর্জ ইনস্টিটিউটের গবেষকেরা এই তথ্য প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, হাত দুটো মুক্ত রাখাই মূল বিষয় নয়, আসলে ফোনে কথা বলার সময় চালকের মনঃসংযোগ অনেকটাই নষ্ট হয়, পথ, পথের বাঁক, অন্য গাড়ি বা সংকেতের দিকে তাঁরা অপেক্ষাকৃত কম গুরুত্ব দিতে পারেন। দুর্ঘটনার এটাই মূল কারণ। এমনকি গাড়ি চালানোর সময় পাশের বা পেছনের যাত্রীদের সঙ্গে বেশি কথা বলাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কিছুটা।
কিন্তু দুনিয়াজুড়ে গাড়িতে বসে কানে ফোন লাগানো ট্রাফিক আইনে নিষিদ্ধ হলেও গাড়িতে ইয়ার প্লাগ, স্পিকার ইত্যাদির ব্যবহার এখনো বৈধ। এই আইন পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সূত্র: এবিসি হেলথ।