গাড়ি ছুটে চলে…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুরা মিলে গাড়ি নিয়ে ঘুরতে যায় অনেকেই। মডেল: রিয়ান, আতিক, মিথিলা, তানহা ও জিনিয়া। ছবি: সুমন ইউসুফ
বন্ধুরা মিলে গাড়ি নিয়ে ঘুরতে যায় অনেকেই। মডেল: রিয়ান, আতিক, মিথিলা, তানহা ও জিনিয়া। ছবি: সুমন ইউসুফ

‘কোনো পরিকল্পনা থাকে না।’ সামির হোসেন কথা শুরু করলেন এভাবে। বললেন, কীভাবে চলে তাঁদের ‘গল্পের গাড়ি’। গল্পের গাড়ি, সে আবার কী জিনিস? বুঝতে হলে সামিরের বাকি কথাটাও শুনতে হবে। ‘গাড়ি নিয়ে বের হই। যে রাস্তায় ইচ্ছা, যেতে থাকি। যখন যেই বন্ধুর বাসা সামনে পড়ে, তাকেই ফোন দিই। “নিচে নামো, আমি আছি”। ব্যস, আর কিছু বলতে হয় না। এভাবে পাঁচ-ছয়জনের একটা দল হয়ে যায়। সবাই মিলে সারা দিন টইটই করে ঘুরি আর গল্প করি।’ কয়েক বছর হলো, বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছেন। বন্ধুরা সবাই কোথাও না কোথাও চাকরি করছেন। সবার একসঙ্গে হওয়াটাই মুশকিল। সামিরদের তাই অপেক্ষায় থাকতে হয় সপ্তাহের ছুটির দিনটার জন্য। আড্ডা দেওয়ার পুরোনো পরিচিত জায়গাগুলোও আজকাল অন্যদের দখলে। গল্পের গাড়িই তাই সামিরদের ভরসা।
গাড়িতে ঘুরে ঘুরেই আজকাল চলে অনেক তরুণের আড্ডা। আঁতকে উঠে বলতে পারেন, ‘এই যানজটের ঢাকা শহরে তো বাইরে কাজ না থাকলে বেরোতেই চাই না। সেখানে আবার ঘোরাঘুরি কিসের?’ তবু, ৪০০ বছরের বেশি পুরোনো শহরটা এখনো অনেক বিস্ময় নিয়ে মোড়ে মোড়ে অপেক্ষায় থাকে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করতে পারেন সামিরা রেহনুমাকে। ‘আসলে কাজে বের হলে যানজট বিরক্তিকর লাগে। বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা ছাড়া স্রেফ ঘুরতে বের হলে ব্যাপারটা একেবারেই অন্য রকম। দেখা যায় যানজটে বসেও আমরা হেসে গড়াগড়ি খাই। আর ঘুরে ঘুরে খাওয়ার মজা তো আছেই।’ পথ চলতে চলতেই হয়তো সামনে পড়ে গেল চটপটির দোকান, গাড়িতে ব্রেক! গন্তব্যহীন এই অভিযানে কখনো হয়তো আবার বিরতি দেয় পাঁচ টাকার ঝালমুড়ি। চটপটি বিরতি, ঝালমুড়ি বিরতি, চা-বিরতির পাশাপাশি ইদানীং আরও একটা বিরতি এই যাত্রায় অবশ্যম্ভাবী। সেলফি বিরতি! যেতে যেতে হঠাৎ হয়তো কোথাও দাঁড়িয়ে একটা সেলফি তুলতে মন চাইল। ঝটপট দাঁড়িয়ে যান সবাই। সেই সেলফি ফেসবুকে দিতেও দেরি হয় না।

শুধু ঘোরাঘুরি নয়, সেলফিও তোলা চাই
শুধু ঘোরাঘুরি নয়, সেলফিও তোলা চাই

শুধু ছুটির দিন কেন, হয়তো সকালেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস একসঙ্গে করা হয়েছে। মধ্যরাতে মনে হলো বন্ধুদের না দেখলে চলছে না। মুঠোফোনে যোগাযোগ করে গাড়িচালক বন্ধুটি সবাইকে নিয়ে আইসক্রিম খেতে যায়। তানভীনও এমন করেন মাঝেমধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র তানভীন বলেন, ‘আমি বাসায় থাকি। বেশির ভাগ বন্ধু বুয়েটের হলে থাকে। কেউ কেউ বাসায়। মাঝরাতে সবাইকে একসঙ্গে করতে পারাও বিশাল ব্যাপার। প্রায় সময় গাদাগাদি করে বসতে হয়। ছোট গাড়িতে জায়গা হয় না, তাতে কী ঘুরতে যেতে পারাই আসল বিষয়।’
বন্ধুরা থাকলে রাস্তা ভাঙা নাকি ভালো, তা তোয়াক্কা করেন না তরুণেরা। সামির যেমন বলছিলেন, ‘সেদিন ধানমন্ডি থেকে আমরা গিয়েছি উত্তরায়। সেখানে যাওয়ার পর সবার ঝোঁক উঠল, পুরান ঢাকা যাবে বিরিয়ানি খেতে। একে তো অনেক দূর, তার ওপর পুরান ঢাকার গলি ঘুপচির ভেতর গাড়ি নিয়ে যাওয়াও এক ঝক্কি। আমি যেতে চাইছিলাম না। আমার আপত্তি কেউ কানেই তুলল না। শেষে বিরিয়ানি, বাদামের শরবত, আইসক্রিম খেয়ে সবগুলাকে বাসায় নামিয়ে তারপর ফিরেছি।’ এত ঝক্কির পরও তাঁর হাসিমুখই বলছিল, দিনটা দারুণ গিয়েছে।
বন্ধুরা সঙ্গে থাকেন, আনন্দটাও তাই বাঁধ মানতে চায় না। তাই বলে নিয়মকানুনের তোয়াক্কা না করে গাড়ি ছোটানোটাও ঠিক নয়। যে বন্ধুটি চালকের স্থানে থাকবেন, তাঁর লাইসেন্স থাকতে হবে। সিটবেল্ট বাঁধতে হবে পাশের জনকেও। গতিটা সীমার ভেতরে থাকলেও, আনন্দটা ঠিকই সীমা ছাড়াবে!