
অজগর সাপের মতো প্যাঁচানো রাস্তা। পিচঢালা তো দূরের কথা, ইটের টুকরার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। ধুলোর ওড়াওড়িতে হাত খানেক দূরের জিনিসও ঠিকমতো দেখা যায় না। একেকটা মোড় ঘুরতে গেলে ধুলোর দাপটে চোখ ঝাপসা হয়ে আসে। তার মাঝেই চোখের পলকে ছুটে যাচ্ছে রেসিং কার। কত দ্রুত পৌঁছানো যাবে অভীষ্ট লক্ষ্যে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, মানে কতটা অল্প সময়ের মধ্যে পাড়ি দেওয়া যাবে নির্দিষ্ট দূরত্ব। উত্তেজনার পারদ কেবলই ঊর্ধ্বমুখী। দূরত্ব অবশ্য খুব বেশি নয়। মাত্র ১ দশমিক ৬ কিলোমিটার। এইটুকু রাস্তা পাড়ি দিতে হবে দেড় থেকে তিন মিনিটের মধ্যে। টেলিভিশনে দেখা কার রেসিংয়ের বর্ণনা নয়। এ দৃশ্যের অবতারণা হয়েছিল খোদ ঢাকায়, ১৯ এপ্রিল। রাজধানীর পিডব্লিউডি মাঠে (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ) ‘নিটল-টাটা র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ’ নামের এমন রেসের আয়োজন করেছিল বাংলাদেশ মোটরস্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান।

আয়োজকদের দাবি, মোটর কার নিয়ে এমন ‘রেস’ প্রথমবারের মতো আয়োজিত হলো বাংলাদেশে। প্রথম বলেই সম্ভবত তরুণদের মধ্যে সাড়াও পড়েছিল বেশ। নিত্যনতুন মডেলের গাড়ির সঙ্গে নিজেদের গাড়ি চালনার দক্ষতাটুকু প্রদর্শন করতেই ৩০টি গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন চালক ও সহচালকেরা। অবশ্য এ তালিকায় কিছু করপোরেট প্রতিষ্ঠানের নামও ছিল। সব মিলিয়ে অংশ নেওয়া গাড়িগুলোর মধ্যে মিতশুবিশি, টয়োটা প্রিমিয়ো, টয়োটা স্যালন, টয়োটা অ্যালিয়ন, হোন্ডা, মাজদা, নিশান, ভক্সওয়াগন ও টাটা ব্র্যান্ডের গাড়ির আধিক্য ছিল। রেসে অংশ নেওয়ার জন্য নাম তালিকাভুক্তি ও ফিটনেস পরীক্ষা দিতে হয়েছিল প্রতিযোগিতার আগেই। সিসি হিসেবে ভাগও করা হয়েছিল চারটি ক্যাটাগরিতে। ২০০০ সিসি গাড়িগুলো নিয়ে এ গ্রুপ, ১৬০১-১৯৯৯ সিসি গাড়িগুলো বি, ১৩০১-১৬০০ সিসি গাড়িগুলো সি ও ১০০০-১৩০০ সিসি গাড়িগুলো ছিল ডি গ্রুপে। প্রতিটি গাড়ি নিয়ে তিনবার করে ল্যাপে অংশ নিয়েছিলেন প্রতিযোগীরা। তিনবারের রেসে সবচেয়ে কম সময়ে শেষ করা সময়টাই সেরা হিসেবে ধরা হয়েছে। এভাবে প্রতি গ্রুপ থেকে তিনজন করে বিজয়ী নির্ধারণের পর সবশেষে তাঁদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি সমন্বিত রেস। সমন্বিত এবং গ্রুপ এ থেকে বিজয়ী হন এইচ এম তৌহিদ আনোয়ার। পুরো রেস তিনি শেষ করেন ৮৭ দশমিক ৪৫৫ সেকেন্ডে। আয়োজন শেষে তাঁর হাতে তুলে দেওয়া হয় ১৫ হাজার টাকা, দুজনের কক্সবাজারের বিমান টিকিট, দুই রাত নিটল বে রিসোর্টে থাকার সুবিধাসহ ডানলপ ব্র্যান্ডের চারটি টায়ার। একইভাবে পুরস্কার তুলে দেওয়া হয় অন্য বিজয়ীদের হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। আয়োজন নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা বললেন বাংলাদেশ মোটরস্পোর্টস ইভেন্টের মুখ্য নির্বাহী এস এস সারোয়ার, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশে এমন আয়োজন করতে পেরে আমরা খুশি। ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।’
