গাড়ি-বাড়ি সফলতা?

চীনের মানুষদের কাছে এখন অর্থ আয়ের চিন্তাটাই সবচেয়ে বড় চিন্তা। দেশটির ৬৮ শতাংশ মানুষ অর্থসম্পদ অর্জন করা ও সফল হওয়ার জন্য চাপে থাকে বলে স্বীকার করেছে। সম্প্রতি বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইপিএসওএসের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
চীনের কমিউনিস্ট বিপ্লবের পর প্রথম কয়েক দশকে মানুষের চাওয়া বা আশা-আকাঙ্ক্ষা ছিল বড়জোর রেডিও, সাইকেল, হাতঘড়ি বা সেলাই মেশিন। কিন্তু বর্তমানে চীনের জনগণের চাওয়া হিসেবে দাঁড়িয়েছে বাড়ি, গাড়ি, মোবাইল ফোন, ক্যামেরা, ল্যাপটপের মতো বিলাসবহুল পণ্য। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইপিএসওএস প্রতিবেদনে বলা হয়, চীনের ৭১ শতাংশ মানুষ তাদের অর্জিত সম্পদ ও অর্থকড়িকেই জীবনের সফলতার বিষয় হিসেবে দেখে। ২০টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতের ৫৮ শতাংশ মানুষ অর্থসম্পদকেই সফলতা হিসেবে বিবেচনা করে। অর্থসম্পদ অর্জন করাকে সফলতা হিসেবে মনে করার ক্ষেত্রে পিছিয়ে আছে সুইডেন। দেশটির মাত্র ৭ শতাংশ মানুষ অর্থসম্পদ অর্জনকে সফলতা হিসেবে মনে করে।
আইপিএসওএস প্রতিবেদনে বলা হয়েছে, অর্থসম্পদ অর্জনকে সফলতা হিসেবে মনে করা মানুষের বৈশ্বিক গড় ৩৪ শতাংশ। গবেষকদের মতে, অর্থ আয়ের চিন্তা বেশি হলে এবং এ ক্ষেত্রে সফলতা না পেলে মানুষ বেশি হতাশায় ভোগে।
আইপিএসওএসের প্রতিবেদনের লিংক