গাড়ি মানে না লেন, নিয়ম ভাঙে পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরার হাম্মাদিয়া মসজিদ এলাকায় লেন না মেনে উল্টো পথে ঢুকে পড়েছে একটি বাস। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরার হাম্মাদিয়া মসজিদ এলাকায় লেন না মেনে উল্টো পথে ঢুকে পড়েছে একটি বাস। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে লেন মেনে চলছে না বেশির ভাগ গাড়ি। উল্টো পথে গাড়ি চলার কারণে ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক পার হতে গিয়ে অনেক ক্ষেত্রে পথচারীরাও নিয়ম ভঙ্গ করছে। গত চার মাসে মহাসড়কে যত দুর্ঘটনা ঘটেছে এ জন্য এই দুটি কারণ বেশির ভাগ ক্ষেত্রে দায়ী বলে হাইওয়ে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সিটি গেট থেকে মিরসরাইয়ের ধুমঘাট পর্যন্ত ৬৮ কিলোমিটার মহাসড়কে গত চার মাসে (এপ্রিল–জুলাই) দুর্ঘটনায় নারী-শিশুসহ ৪২ জন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ৪৫ জন। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছলিমপুরের এমপিঘাটা এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের ছাত্রী ছাত্রী কাজী নেহলিন বিনতে আকবর।

সরাসরি সড়ক পার হচ্ছেন এক পথচারী (গোল চিহ্নিত)
সরাসরি সড়ক পার হচ্ছেন এক পথচারী (গোল চিহ্নিত)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের ব্যবস্থাপক জুলফিকার আহমেদও দুর্ঘটনার জন্য মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচলকে প্রধান কারণ বলে উল্লেখ করেন। এ ছাড়া নিয়ম না মেনে পথচারীদের রাস্তা পারাপার, হাটবাজার এলাকায় গতি না কমানো, অতিরিক্ত পণ্য পরিবহন এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে দায়ী করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের কাজ শেষ হয়েছে। এখন গাড়ির গতি সর্বোচ্চ ১০০ কিলোমিটার করে দেওয়া হয়েছে। তবে মহাসড়কের পাশে হাটবাজার এলাকায় সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার।’ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য তিনি হাইওয়ে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।
গতকাল বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিরার হাম্মাদিয়া মসজিদ এলাকায় অবস্থান করে দেখা যায়, আধ ঘণ্টায় লেন না মেনে নয়টি গাড়ি উল্টো পথে এসেছে। এর মধ্যে রয়েছে ট্রাক, মিনিবাস ও ব্যক্তিগত গাড়ি। এ সময় সড়কে কোনো হাইওয়ে পুলিশকে দেখা যায়নি।
স্থানীয় লোকজনের ভাষ্য, দূরত্ব কমাতে বেশির ভাগ গাড়িচালক উল্টো পথে গন্তব্যে পৌঁছাতে চান। তা ছাড়া পদচারী–সেতু ব্যবহারে কারও আগ্রহ নেই।
হাইওয়ে পুলিশ ওই ৬৮ কিলোমিটার মহাসড়কের ১৭টি স্থানকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে। দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো হচ্ছে সোনাপাহাড় ফিলিং স্টেশন, মিঠাছড়া বাইপাস, বড়তাকিয়া বাইপাস, নয়দুয়ারিয়া বাঁকা সড়ক, মিঠাছড়া গাংচিল পেট্রলপাম্প, পন্থিছিলা বটতল, বারৈয়ারঢালা, সীতাকুণ্ড বাইপাস, বাঁশবাড়িয়া, মগপুকুর, সুলতানা মন্দির, জোড় আমতল, ভাটিয়ারি, মাদামবিবিরহাট, ঘোড়ামারা, ফৌজদারহাট ও কালুশাহ রেলরোড ওভারব্রিজ।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত চার মাসে জোরারগঞ্জ এলাকায় ১২টি দুর্ঘটনায় নারী, শিশুসহ ১৩ জন নিহত ও ১২ জন আহত হয়। এসব দুর্ঘটনায় ১২টি মামলা হয়েছে। এ ছাড়া হতাহত হয়নি এমন দুর্ঘটনার সংখ্যা ৮৯টি, যার বেশির ভাগ পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান ও লরি।
সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছালেহ্ আহম্মদ পাঠান বলেন, গত চার মাসে সীতাকুণ্ডে ১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৩ জন, আহত হয় ৮ জন। ছিটকে পড়া ৩৯টি গাড়ি খাদ থেকে ওঠানো হয়েছে।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি বলেন, গত চার মাসে সীতাকুণ্ডের কুমিরা থেকে সিটি গেট পর্যন্ত ২০ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, মহাসড়কের ওই অংশের পাশে ছোট-বড় প্রায় দুই শতাধিক কারখানা রয়েছে। কারখানায় যাওয়ার অসংখ্য শাখা সড়ক (ফিডার রোড) রয়েছে। কারখানাগুলোর নিজস্ব গাড়ি আছে। কিন্তু সব কারখানায় পার্কিংয়ের ব্যবস্থা নেই। বড় কারখানার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করে রাখার কারণে মহাসড়ক সংকুচিত হচ্ছে। এতে দ্রুতগামী গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে।
এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, উল্টো দিক থেকে গাড়ি আসা বন্ধ করার দায়িত্ব হাইওয়ে পুলিশের। পুলিশ সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করছে না। এ ছাড়া চালক ও পথচারীদের সচেতনতার অভাবও রয়েছে। তিনি বলেন, সীতাকুণ্ড ও মিরসরাই শিল্পাঞ্চল এলাকায় গাড়ি ও মানুষের চলাচল বেশি থাকে। শিল্পকারখানার গাড়ি মহাসড়কে প্রবেশ কিংবা মহাসড়ক থেকে কারখানায় ঢোকার জন্য আলাদা লেন আছে কি না, তা দেখতে হবে। যদি না থাকে তাহলে এই মহাসড়ক চার থেকে ছয় বা আট লেনে উন্নীত করেও দুর্ঘটনা থামানো যাবে না।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা অঞ্চল) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার বাসিন্দা রাখাল চন্দ্র দাস এপ্রিলের শেষের দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ওষুধ কিনতে যাচ্ছিলাম। মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাস আমাকে ধাক্কা দেয়। দুদিন পর জ্ঞান ফিরে পাই। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি।’ কিছুদিন আগে কাভার্ডভ্যানের চাপায় নিহত হন রাখালের জেঠাত ভাই যাত্রামনি দাস।
যাত্রামনির ছেলে স্বপন দাস প্রথম আলোকে বলেন, ‘বাবা দুপুরে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান বাবাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।’
চার লেন প্রকল্পের ব্যবস্থাপক জুলফিকার আহমেদ জানান, সিটি গেট থেকে মিরসরাইয়ের ধুমঘাট সেতু পর্যন্ত রাস্তা পারাপারের জন্য ১০টি ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) নির্মাণের পরিকল্পনা ছিল। নেভি গেট ও মাদামবিরি হাটের পদচারী–সেতু নির্মাণাধীন। বাকি আটটি চালু হয়েছে। কিন্তু এই ৬৮ কিলোমিটারের মধ্যে আরও আটটি পদচারী–সেতু নির্মাণের আবেদন করেছেন স্থানীয় লোকজন।