গাড়ি রাখার ব্যবস্থা না রেখেই গড়ে উঠছে বহুতল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও আবাসিক এলাকার মুখে পর্যাপ্ত গাড়ি রাখার (পার্কিং) ব্যবস্থা না রেখে গড়ে উঠছে বহুতল ভবন। এ নিয়ে আশপাশের লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা ইতিমধ্যে সিটি করপোরেশনে অভিযোগ করেছেন। এএনএফএল প্রোপার্টিজ লিমিটেড এএনএফএল কিং সিটি নামের এ ভবনটি নির্মাণ করছে। মূল নকশা অনুযায়ী, নয় হাজার ৭০০ বর্গফুট জায়গার ওপর নির্মাণাধীন ১৪ তলা ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত হবে শপিংমল। এতে থাকবে ১৩৫টি দোকান। ষষ্ঠ থেকে ১৪ তলায় হবে ৫৬টি অ্যাপার্টমেন্ট। আর ভবনটিতে ভিত্তিতলায় (বেসমেন্ট) ৩০টি এবং সেমি বেসমেন্টে ১৪টিসহ ৪৪টি গাড়ি রাখার ব্যবস্থা থাকছে।স্থানীয় লোকজনের অভিযোগ, ভবনটিতে অ্যাপার্টমেন্ট আছে ৫৬টি। কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ৪৪টি। সে হিসেবে সব অ্যাপার্টমেন্টের জন্যও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাহলে শপিংমলের গাড়ি কোথায় পার্কিং করা হবে—এ প্রশ্ন রাখেন তাঁরা। এএনএফএল কিং সিটির প্রকল্প কর্মকর্তা এহছানুল করিম বলেন, ‘পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেই ভবনটি গড়ে তোলা হচ্ছে। আর পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নকশার অনুমোদন দিত না।’এ প্রসঙ্গে চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ‘গাড়ি পার্কিং সুবিধা অপর্যাপ্ত কি না—তা খতিয়ে দেখতে হবে। ভবনটি ইমারত নির্মাণ আইনবহির্ভূত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’২৪ এপ্রিল সরেজমিন চান্দগাঁওয়ের এএনএফএল কিং সিটির প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, চান্দগাঁও এ ব্লকের ১ নম্বর সড়কের দক্ষিণ পাশে ও আরাকান সড়কের উত্তর পাশের প্লটটি চারদিকে টিন দিয়ে ঘেরা। আরাকান সড়কের ফুটপাতঘেঁষে দুটি অস্থায়ী কক্ষের (পাকা) দেয়ালে শোভা পাচ্ছে বিশালাকার নামফলক। এতে লেখা আছে ‘এএনএফএল কিং সিটি’। এএনএফএল প্রোপার্টিজ লিমিটেডের ঠিকানা ও মুঠোফোন নম্বর রয়েছে ওই নামফলকে। টিন দিয়ে ঘেরা প্লটটির ভেতরে চলছে পাইলিংয়ের কাজ। ৮-১০ জন শ্রমিক এ কাজে ব্যস্ত।চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির এ ব্লকের সভাপতি শফিউল হাসান বলেন, ‘যতটুকু জেনেছি নির্মাণাধীন ভবনটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকছে না। আমরা তো এ বিষয়ে সিটি করপোরেশনে অভিযোগ দিয়েছি। এমনিতে যানজটের যন্ত্রণায় বাঁচি না। উপরন্তু ১৪ তলা এ ভবন নির্মিত হলে যানজট সমস্যা হবে ভয়াবহ।’চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের বাসিন্দা আবুল বশর তালুকদার বলেন, ‘আমরা এ প্রকল্পের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছি।’