গাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বুঝি বাংলাদেশে গাড়ি হারানোর ভয় দূর হতে চলল! প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণকক্ষে বসেই নজরদারি করা হবে আপনার গাড়ির ওপর। এ ছাড়া ট্রাফিক পুলিশের আইনি ব্যবস্থা নিতেও সুবিধা হবে। নতুন এ প্রযুক্তিতে গাড়িতে যুক্ত হচ্ছে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট, বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ (আরএফআইডি) ও স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড বা ভেহিকল ওনারশিপ কার্ড। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ মোটরযানের জন্য চালু করছে নতুন এই প্রযুক্তি, যা দেশের সব ধরনের মোটরযানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট: এই নম্বরপ্লেট গাড়ির শ্রেণীভেদে নির্দিষ্ট রঙের ও আকারের হয়ে থাকে। যে নম্বরপ্লেট শুধু দিনেই নয়, রাতেও দৃশ্যমান। নতুন এ নম্বরপ্লেট সম্পর্কে বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল) সীতাংশু শেখর বিশ্বাস জানান, নম্বরপ্লেটের আকার, সংখ্যা, অক্ষরের উচ্চতা ও যতটুকু ফাঁকা জায়গায় নম্বরপ্লেট লাগাতে হবে, তা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও জানান, প্রচলিত নম্বরপ্লেটে কোনো নিরাপত্তাব্যবস্থা না থাকায় ভুয়া নম্বরপ্লেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। তা নিয়ন্ত্রণ করতেই এই ব্যবস্থা। মোটরযানভেদে তিন আকারের নম্বরপ্লেটের প্রচলন করা হয়েছে। ট্যাক্সিক্যাব ও ভাড়ায় চালিত সব ধরনের মোটরযানের জন্য সবুজের রঙের নম্বরপ্লেটের ওপর কালো রঙে লেখা থাকতে হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মোটরযানের জন্য নম্বরপ্লেটের রং হবে সাদা, যার ওপর লেখা হবে কালো হরফে। আরএফআইডি ট্যাগ: কোনো মোটরযানের গতিবিধি লক্ষ রাখা বা সেই যান সম্পর্কে কোনো তথ্য জানতে এই নিরাপত্তা ট্যাগ ব্যবহার করা হয়। আরএফআইডি ট্যাগ লাগানো কোনো গাড়ি যখন আরএফআইডি স্টেশন অতিক্রম করবে, তখন কম্পিউটার সার্ভারে গাড়িটির সার্বিক তথ্য দেখাবে। যেমন কর, গাড়ির ফিটনেস, রুট পারমিট ইত্যাদি। আর কেন্দ্রীয় ডেটাবেসে গাড়ির মালিকের নাম, গাড়ির রংসহ বিস্তারিত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে রুট পারমিটের মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয়ভাবে খুদে বার্তায় জানানো হবে হালনাগাদ করার তথ্য। এ ছাড়া নিয়ন্ত্রিত কক্ষে বসেই গাড়িটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। বর্তমানে ঢাকায় গুরুত্বপূর্ণ ১২টি ট্রাফিক পয়েন্টে বসানো হচ্ছে আরএফআইডি স্টেশন। যার চারটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ‘ঢাকার বাইরে ট্রাফিক পুলিশের কাছে থাকা বিশেষ মুঠোফোনের মাধ্যমে এই কাজ করা হবে বলে জানান সীতাংশু শেখর বিশ্বাস। স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড: মোটরযানের নিবন্ধনের জন্য কাগজের সনদপত্রের পরিবর্তে এখন দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড, যা বর্তমানে প্রচলিত ড্রাইভিং লাইসেন্সের মতো। কার্ডটিতে মালিকের ছবিসহ দরকারি সব তথ্য থাকছে। এই কার্ডের মাধ্যমে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারবে গাড়ির প্রকৃত মালিক সম্পর্কে, যা গাড়ি চুরি রোধে ভূমিকা রাখবে।