গাঢ় রঙের পাঞ্জাবিতে জোভানের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ঈদে এই পাঞ্জাবি পরবেন জোভান। ছবি: সুমন ইউসুফ
এবারের ঈদে এই পাঞ্জাবি পরবেন জোভান। ছবি: সুমন ইউসুফ

যেকোনো গাঢ় রঙের পোশাক পরতে ভালোবাসেন অভিনেতা জোভান। ঈদে তাঁর পুরোটা দিন কাটে পাঞ্জাবিতে। সেখানেও গাঢ় রং। অনেক সময় বেছে নেওয়ার সুযোগ থাকে না, কারণ উপহার পান নানা ধরনের পোশাক। এবারই যেমন অভিনেতা নাইমের কাছ থেকে উপহার পেয়েছেন কালচে রঙের ডটপ্রিন্টের পাঞ্জাবি। জোভান জানালেন, ‘নাইম ভাইয়ের দেওয়া এই পাঞ্জাবি খুব পছন্দ হয়েছে আমার। এটাই পরব ঈদের দিন। আরও উপহার হয়তো পাব। ঈদ উপলক্ষে নিজের জন্য খুব কম কেনাকাটা করা লাগে।’

এবারের ঈদে এই পাঞ্জাবি পরবেন জোভান। ছবি: সুমন ইউসুফ
এবারের ঈদে এই পাঞ্জাবি পরবেন জোভান। ছবি: সুমন ইউসুফ

কালো জমিনের ওপর খুদে ডট ছাপ দেওয়া এই পাঞ্জাবির সঙ্গে জোভান পরবেন সাদা পায়জামা। পায়ে আরামদায়ক স্যান্ডেল। মুঠোফোন, ঘড়ি আর রোদচশমা ছাড়া বিশেষ অনুষঙ্গ থাকবে না। তবে ঈদের পরের কয়েক দিন জিনস, টি-শার্ট ও শার্ট পরে কাটে বেশি। একাধিক পাঞ্জাবি থাকলে সেগুলোও পরেন ঈদের পরে যেকোনো দিন।
নিজেদের বাড়ি দিনাজপুরে কেউ থাকে না বলেই ঢাকায় ঈদ করেন জোভান। বাবা প্রবাসে, তাই মা আর ছোট বোনকে নিয়ে মিরপুরে নানাবাড়িতে চলে যাবেন। ঈদের পরে এক সপ্তাহ সেখানেই ঘাঁটি গাড়বেন। ঈদের দিন নানির হাতের পায়েস না খেলে তাঁর চলেই না।
সারা বছর কাজের কারণে যেসব আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো হয় না, মায়ের সঙ্গে তাদের বাড়িতে যাবেন ঘুরতে। জোভান বলেন, ‘ঈদের আগে পুরো মাস কাজের খুব চাপ যায়। অভিনেতা সিয়াম, তৌসিফসহ আমাদের একটা গ্রুপ আছে। সবাই ব্যস্ত থাকি বলে দেখা কম হয়। তাই চাঁদরাতে আমরা সবাই একত্র হই। এবারও তেমন পরিকল্পনা আছে।’