গায়ক, অভিনেতা খেলোয়াড়েরা মাতালেন দিন

সকালে প্রখ্যাত শিল্পীদের সমবেত সংগীত দিয়ে স্বাগত জানানো হয় আগত পাঠকদের। এতে অংশ নেন রথীন্দ্রনাথ রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমাতুজজোহরা, তপন মাহমুদ, তপন চৌধুরী, সুজিত মোস্তফা, মাহমুদুজ্জামান বাবু, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী ও কনা।

এরপর নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করা কয়েকজন তরুণকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার, বিদ্যা সিনহা মিম, মেহ্জাবীনসহ অন্যরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যৎ স্বপ্নের কথা শোনান।
দিনভর দেশসেরা শিল্পীরা নাচ ও গানে মাতিয়ে রাখেন। রাজনীতিক, ক্রিকেটার, নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ পাঠক, তরুণ-শিশু ও গৃহিণীরা বাংলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত করে রাখেন। প্রথম আলোর বিভিন্ন বিভাগ যেমন: বার্তা, ক্রীড়া, বিনোদন, নকশা, রস আলো, কিশোর আলো, বন্ধুসভা, প্রথম আলো ট্রাস্ট, প্রথম আলো ডিজিটাল ও এবিসি রেডিওর আলাদা স্টল করা হয়। আগত ব্যক্তিরা এসব স্টল ঘুরে দেখেন এবং মতামত ও পরামর্শ দেন। খাওয়াদাওয়া ও শিশুদের বিনোদনেরও ব্যবস্থা ছিল।
বিকেলে লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি মঞ্চে উঠলে নড়েচড়ে বসেন সবাই। তিনি বলেন, জীবনে প্রথমে ঢাকায় এসে এই বাংলা একাডেমির বারান্দাতেই তাঁর স্থান হয়। এরপর দেশের মানুষ তাঁকে কুদ্দুস বয়াতির খ্যাতি দেয়।
ক্লোজআপ তারকা সাব্বির, পুলক, সালমা, বিউটি, শিল্পী তানভীর আলম, এস আই টুটুলসহ প্রখ্যাত শিল্পীদের গানে মাতেন শ্রোতারা। গল্প আর কথায় আগত পাঠকদের মাতিয়ে রাখেন তামান্না তিথি।
