গায়ে হলুদে এখন নানা রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলদি-মেহেদি বেটে, মিষ্টিমুখ করে গায়েহলুদের কত আয়োজন! তবে হলুদ বরন কন্যার সাজে সব সময় হলুদ রংই থাকবে, তা নয়। এখন দেখা যাচ্ছে গায়েহলুদে থিমভিত্তিক সাজের বাহার। হলুদ, লাল, কমলা—এসব রং তো থাকতেই পারে। এর সঙ্গে সবুজ, সাদা, বেগুনি রংও প্রাধান্য পাচ্ছে। ফ্যাশন ডিজাইনার আনিলা হক মনে করেন, পুরোনো আমলের জমিদারবাড়ির সাজ, রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের কোনো চরিত্রের সাজ হতে পারে গায়েহলুদে। রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মতে, ফিউশন সাজ বিয়ে বা বউভাতে চলতে পারে। গায়েহলুদে ঐতিহ্যবাহী বাঙালি সাজটাই মানানসই।শাড়ির রঙে বৈচিত্র্যএকসময়ের হলুদ শাড়ি লাল পাড় আর গাঁদা ফুলের গয়নার চল এখন কমে গেছে। গায়েহলুদের সাজে এসেছে পরিবর্তন। হলুদে জামদানি শাড়ির জনপ্রিয়তাই বোধ হয় এখন সবচেয়ে বেশি। অনেকে কাতানও পরছেন। আবার আরও একটু বৈচিত্র্য-পিয়াসীরা গরদ বা গ্রাফিক্যাল প্রিন্টের শাড়িও পরছেন। জামদানির রংটা অনেক রকম হচ্ছে। হলুদ, লাল, সবুজ, নীল থেকে সাদা, বেগুনি পর্যন্ত। শাড়ির পাড়ে, জমিনে ছোট লাল বুটি থাকতে পারে। চওড়া পাড়ের সুতি শাড়ির জনপ্রিয়তা এখনো আছে। এই শাড়িগুলো হতে পারে হলুদ বা কমলা। পাড়টা লাল বা সবুজ হতে পারে। শাড়ির ঢংটা একটু পুরোনো হলেও এর সঙ্গে সাজ, গয়না হচ্ছে একদমই অন্য রকম। সাদা, চাপা সাদা কাতানে সোনালি বা লাল পাড়—এমন শাড়িও দারুণ চলছে আজকাল। সিল্ক, মসলিনও পিছিয়ে নেই। আনিলা হক মনে করেন, ব্লাউজটাও হতে হবে বাহারি। কন্ট্রাস্ট ব্লাউজেরই চল এখন। কামিজ কাটের ব্লাউজ শীতে বেশ চলছে। তাঁর মতে, লাল বা কমলা জামদানির সঙ্গে পরা যেতে পারে সাদা গ্রাফিক্যাল প্রিন্টের কামিজ কাটের ব্লাউজ। সাদা রংটা ভালো লাগবে টিয়া বা সবুজ রঙের শাড়ির সঙ্গেও। ফিরোজা বা হলুদ শাড়ির সঙ্গে চলতে পারে ফিরোজা ব্লাউজ। সরষে-হলুদ রংটাও ভালো লাগবে। শাড়িতে এই রঙের প্রিন্ট থাকতে পারে বা ব্লাউজে। সাদা রঙের যেকোনো শাড়ির সঙ্গেই বেছে নিন লাল ব্লাউজ।রুপার তৈরি খোঁপার কাঁটা, বিছা ও নূপুর পরা যেতে পারে গায়েহলুদে। আঁচলের শেষ প্রান্তে ঝোলাতে পারেন বাহারি চাবির গোছা। বটুয়া থাকতে পারে হাতে। গয়নায় আভিজাত্যফুলের গয়নার ধরনে পরিবর্তনটা কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। নতুন অনেক রকম ফুল দিয়ে বানানো হচ্ছে গয়না। বছর তিনেক ধরে শুকনা ফুল রমরমা চললেও এবার তাজা ফুলের জনপ্রিয়তা বেশ। তাজা ফুল বলতে অর্কিডই এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। শীতকালটা বেলির সময় নয়। তবে বছরের অন্য সময়ে বেলি আর রঙ্গনের গয়না পরতে বেশ দেখা যায়। স্পিকিং রোজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমকুম হাসান বলেন, ‘শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে সব সময় ফুল পাওয়া যায় না। এ জন্যই শুকনা ফুলের চল শুরু। এখন নানা রঙের অর্কিড, ক্রিসেনথিমাম, কার্নেশান, জারবারা, গ্লাডিওলাস পাওয়া যাচ্ছে। সবজু, বেগুনি রঙের তাজা ফুলও এখন আমরা দিতে পারছি। অনেকে আবার গয়না তৈরিতে ফুলের সঙ্গে পাতাও যোগ করছেন। শুকনা ফুলের মধ্যে সোনালি, হলুদ, লাল রং তো আছেই; এখন ফিরোজা, কমলা, পিচ, নীলের নানা শেডও হচ্ছে। শাড়ি দেখে এর সঙ্গে মানানসই সব গয়নাই তৈরি করে দেওয়া সম্ভব।’গায়েহলুদের গয়নায় এখন জবরজং ভাবটা একদমই নেই। আভিজাত্যপূর্ণ ছিমছাম গয়নাই এখন চলছে। পুঁতির চল কমে গিয়ে এখন মুক্তা আর ক্রিস্টালের ব্যবহার শুরু হয়েছে। ফুলের ফাঁকে নানা রঙের মুক্তা বা ক্রিস্টাল দেখতে দারুণ লাগে। বললেন কুমকুম হাসান। মাথার গয়না এখন কম করেই পরা হচ্ছে। শুধু একটা চওড়া টিকলি পরলেই বেশ লাগে। এক পাশে সিঁথি করা হলে একটা ঝাঁপটা পরতে পারেন। কানে টানা গয়নার চল বেশ আর কণ্ঠহারের মধ্যে একটা বড় ফুল। রতনচূড়ও ভালো দেখায়। তবে পায়ে বা হাতে শুধু একটা আঙুলে আঙটি পরা হচ্ছে। অনেকে আবার বিছাও পরছেন কোমরে। কুমকুম হাসানের মতে, শাড়ির পাড়ে মিনা বা কোনো কাজ করানো থাকলে সেই রঙের গয়না বেছে নেওয়াই ভালো। শাড়ির মূল রং নয়, বরং কম প্রাধান্য পেয়েছে এমন কোনো রঙে গয়না তৈরি করার চল এখন। আর গড়ন একটু ভারী হলে বড় একটা ফুল মাঝে রেখে গয়না তৈরি করলে ভালো দেখাবে। যেকোনো গয়নায় বড় একটা ফুল এমফ সময়ের ট্রেন্ড। এর সঙ্গে মুক্তা বা ক্রিস্টালের চেইন থাকতে পারে।সাজে সতেজতাগায়েহলুদ উৎসবটাই বেশ বাহারি, নানা রঙের ছড়াছড়ি তাতে। কন্যার সাজটাও হতে হবে এমন উৎসবের সঙ্গে মানানসই। তবে বাঙালি মেয়ের ঐতিহ্যবাহী সাজ কিন্তু এমনই। কপালে লাল টিপ, হাতে-পায়ে আলতার নকশা, এক প্যাঁচে শাড়ি—এমন সাজটাই গায়েহলুদে ভালো লাগবে। বললেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। সাধারণত বিয়ের উৎসবের প্রথম অনুষ্ঠানটাই হয় গায়েহলুদ। এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন তিনি। অনুষ্ঠানের আগে ১৫ দিনের ব্যবধানে দুটি ফেসিয়াল করিয়ে নেওয়া ভালো। ফেয়ার পলিশ, ওয়্যাক্সিং, থ্রেডিং করতে হবে অনুষ্ঠানের এক দিন আগে। আবার হলুদের পরই বিয়ে। তাই এরপর একটা ক্লিনিং ফেসিয়াল করিয়ে নেওয়া যেতে পারে। এক দিন সময় থাকলে করতে পারেন অ্যারোমা ম্যাসাজ।পাঞ্জাবিতে ছেলের সাজগায়েহলুদে ছেলের সাজে পাঞ্জাবিই সেরা। সুতি, খাদি বা অ্যান্ডি—যেকোনো কাপড় ব্যবহার করা যেতে পারে; তবে রংটা যেন বেশ উজ্জ্বল হয়। কয়েক বছর গায়েহলুদে পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পরতে দেখা গেলেও এই মৌসুমে পাঞ্জাবির সঙ্গে পরা যেতে পারে লম্বা জ্যাকেট। ছেলের পাঞ্জাবির রংটা হতে পারে মেয়ের শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে অথবা মানানসই। তবে পাঞ্জাবিতে যেকোনো একটা রঙের প্রাধান্য থাকা চাই। যেকোনো রঙের পাঞ্জাবির সঙ্গেই সাদা রঙের চুড়িদার পরা ভালো বলে মনে করেন আনিলা হক। পাঞ্জাবির রং মিলিয়ে চুড়িদার পরলে মোটেও ভালো দেখায় না। এখন অনেকে জিনসও পরছেন। পায়ে থাকতে পারে চামড়ার চটি। মডেল: জয়া, রাকা ও অভিপোশাক: অ্যান্ডেজগরদ শাড়ি: দোয়েল সিল্কসাজ: কানিজ আলমাস খানগয়না: স্পিকিং রোজেসমঞ্চ সাজ: ওয়েডিং ডায়েরি