থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পিনপতন নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা সন্ধ্যা সোয়া সাতটার ঘর ছুঁই ছুঁই। মঞ্চের পর্দা থেকে চোখ সরছে না দর্শকের। হ্যাঁ, শুরু হতে যাচ্ছে অনুষ্ঠান। দুপাশে সরে গেল পর্দা। তার আগেই গিটারে বাজাতে শুরু করলেন শিল্পী ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি। কালজয়ী এ দেশের গানের সঙ্গে মঞ্চ আলো করে নাচতে নাচতে এলো চার শিশুশিল্পী। দুজনের মাথায় গামছা বাঁধা, গায়ে লাল-সবুজের ফতুয়া। বাকি দুজনের পরনে শাড়ি। নাচের পাশাপাশি সুন্দর অভিনয়ে তারা তুলে ধরে মুক্তিযুদ্ধের গল্প—হানাদারের নৃশংসতা, অত্যাচার, গণহত্যা, ধর্ষণ এবং বিজয়। শুরুতেই দর্শকের ভালো লেগে যায় অনুষ্ঠানটি। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে ২৮ অক্টোবর অর্পণ বড়ুয়ার গিটারবাদন অনুষ্ঠানের শুরুর চিত্র এটি। এরপর একে একে তিনি গিটারে তুলতে থাকেন রকমারি গান। রবীন্দ্রসংগীত ‘এ কি লাবণ্যে’, নজরুলগীতি ‘এসো হে সজল’, আধুনিক গান ‘অনেক বৃষ্টি ঝরে’ ও ‘যে আঁখিতে এত হাসি’ বাজিয়ে অর্পণ একটু কথা বলে নিলেন যন্ত্রীদের সঙ্গে। এরপর দর্শকের হূদয় ছুঁলেন হেমন্তের ‘ও নদীরে’ গানটি বাজিয়ে। সুরে সুরে মাথা দোলালেন দর্শকর। নড়েচড়ে বসলেন অনেকে। তখনো গিটারে বাজতে থাকে ‘সে দিনের সোনাঝরা সন্ধ্যা’, ‘কে তুমি তন্দ্রাহরণী’, লতার গান ‘আজ মন চেয়েছে’। মান্না দের ‘পৌষের কাছাকাছি’ বাজিয়ে ইতি টানলেন প্রথম পর্বের। প্রবীর পালের উপস্থাপনায় এরপর শুরু হলো সম্মাননা পর্ব। মঞ্চে ডাকলেন অনুষ্ঠানের দুই অতিথি, অর্পণের দুই গুরু শিল্পী অমল কান্তি মিত্র ও বাবুল কান্তি দেকে। তাঁদের হাতে ফুলের শ্রদ্ধার্ঘ্য তুলে দিলেন শিল্পী। পাঁ ছুঁয়ে আশীর্বাদ নিলেন। শিষ্যের হাতে গুরুরা তুলে দিলেন উত্তরীয় আর সম্মাননাপত্র। অমল কান্তি মিত্র বলেন, ‘অর্পণ আমার প্রিয় ছাত্র। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের কর্মকাণ্ডের জন্য আমি গর্বিত। আমার বিশ্বাস, আবার ফিরে আসবে হাওয়াইন গিটারের প্রাণ, বাড়বে চর্চা।’বাবুল কান্তি দে বলেন, ‘আমাদের ব্যর্থতা ও ব্যস্ততার জন্য মাঝখানে কিছুদিন গিটারবাদনের অনুষ্ঠান করা যায়নি। নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে হাওয়াইন গিটার সম্পর্কে কিছুই জানে না। তাদের গিটার শিখতে উৎসাহিত করতে হবে।’আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র বলেন, ‘কণ্ঠের পরিবর্তে তারযন্ত্রের মাধ্যমে সুরকে দর্শকের হূদয়ে পৌঁছে দেওয়ার কাজটা কঠিন। সেই কাজটিই করছেন শিল্পী অর্পণ বড়ুয়া, যিনি বাংলাদেশ বেতারের এ গ্রেডের শিল্পী। আমরা সাংস্কৃতিক জোয়ার আনতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’এ পর্বের পর আবার শুরু হলো মূল অনুষ্ঠান। এবার অর্পণ বাজালেন মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘তুমি যে আমার কবিতা।’ এরপর একে একে লতার গান ‘ভালো করে তুমি’, পুরোনো হিন্দি চলচ্চিত্রের গান ‘আপকি নজরোনে’, গোলাম আলীর গজল ‘হামনে কিকে গামনে’, অনুপ জালোতার ভজন ‘মাতকারে তু অভিমান’, ওম শান্তি ওম চলচ্চিত্রের গান ‘তোমকো পায়া’ এবং জবজিৎ সিংয়ের গজল ‘হোঁটসে’। অনুষ্ঠান শেষ হলো কিন্তু দর্শকের তৃপ্তি বুঝি হলো না। তাঁরা আরও শুনতে চাইছেন। বলছেন ‘ওয়ান মোর!’ ‘ওয়ান মোর!’ স্বজনেরা ঘিরে ধরলেন শিল্পী অর্পণকে। তিনি অভিভূত। প্রথম আলোর প্রশ্নের জবাবে অর্পণ বড়ুয়া বলেন, ‘আরও ভালো বাজাতে পারলে আমার ভালো লাগত। ১৫ বছর পর দর্শকের মুখোমুখি হলাম। আমি মনে করি শিল্পীর চেয়ে শ্রোতারা অনেক বেশি জানে। আমি চাই বেশি বেশি গিটারবাদনের অনুষ্ঠান হোক। এতে নতুন প্রজন্ম উৎসাহিত হবে।’ভুল-ত্রুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বেতারের অনুষ্ঠান বা রেকর্ডিংয়ের সময় সংশোধন করা যায়। লাইভ প্রোগ্রামে এটা সম্ভব নয়। এ ধরনের অনুষ্ঠানে তবলা বা অন্যান্য যন্ত্রের নিয়ন্ত্রণের শক্তি থাকে না।’শিল্পীকে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন দি সাউন্ড ভাইব্রেশান মিউজিশিয়ানস টিমের লিটন মিত্র (তবলা), জুয়েল দাশ (অক্টোপ্যাড), রাজীব ঘোষ (লিড গিটার), সজল সরকার (বেজ গিটার) ও সৃজন রায় (কি-বোর্ড)। এ ছাড়া শব্দ নিয়ন্ত্রণে মুহাম্মদ জসিম, আলোক প্রক্ষেপণে মুহাম্মদ নুরু ভালো করেছেন।