নগরে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের ধুম পড়েছে। চারদিকে জমজমাট উৎসব। আলোচনা, কর্মশালা, নাচ, গান, ফ্যাশন, আবৃত্তির অনুষ্ঠান চলছে সমানে। সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে চলছে অলিখিত প্রতিযোগিতা। সাহিত্য-সংস্কৃতিকর্মীদের বেড়েছে ব্যস্ততা। কারণ কী, ঈদ আসছে তাই!মডেল ওয়ার্ল্ডের ঈদ ফ্যাশননাচ আর গানে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মোটামুটি জমেছিল মডেল ওয়ার্ল্ডের ঈদ ফ্যাশন অনুষ্ঠান। ‘মেঘ গুড়গুড় মেঘলা দিনে’ গানের সঙ্গে ময়ূর সেজে আট শিশু এবং তিন কিশোরীর সুন্দর নাচ দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। নৃত্য পরিচালনায় ছিলেন অনন্য বড়ুয়া। এরপর ছিল কাওসার জাহান পারভিনের ডিজাইন করা শাড়ির কিউ। নতুন ডিজাইনের সব শাড়ি নিয়ে মঞ্চ আলো করে এলেন নুসরাত, তানিয়া, মনীষা, সানজিদা, প্রভা, নিশা, অহনা ও প্রিয়া। ‘...তাদের মার্জনা করো প্রভু’ গানের সঙ্গে শব্দবিভ্রাটে এলোমেলো হয়ে পড়েন মডেলরা। কোরিওগ্রাফিতে ছিলেন হিরো। এরপর বিপণিবিতানের উল্লাসের পাঞ্জাবি পরে মঞ্চে এলেন মডেল ফারহান, তানভির, তুষার, সাব্বির, সানজিদ, ইরাদ, রিজোন ও মানস। অতিথি ছিলেন রাজনীতিক সোলায়মান আলম শেঠ।তিনি বলেন, ‘ফ্যাশন দিয়ে বিশ্বে আমরা অনেক দূর এগোতে পারি। আমাদের পোশাকশিল্পের কদর আছে বহির্বিশ্বে।’বেশি হাততালি জুটেছে দুই দলের। এক দলে ছিল শিশু মডেলেরা। অন্য দলে ছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে নেচেছিল যে ১২ শিশুশিল্পী তারা। দর্শক দেখলেন তিনটি ফুটবল নিয়ে লাল-সাদা ফ্রক পরা মেয়েরা মনের আনন্দে নেচে নেচে মাতিয়ে গেল পুরো মঞ্চ। ফ্যাশনে আরও ছিল নেক্সাস ডিজাইন হাউসের ফুলশার্ট ও জিনস আর অপ্সরার সালোয়ার-কামিজ এবং বড়দের লেহেঙ্গা ও ছেলেদের পাঞ্জাবি-শেরওয়ানির কিউ। পুরো অনুষ্ঠান দেখে নাখোশ দর্শক রবিউল হোসাইন। তিনি বলেন, ‘এটা কেমন অনুষ্ঠান। সময়জ্ঞান নেই আয়োজকের। উপস্থাপনার যা শ্রী তাতে মেজাজই তো খারাপ হয়ে যাবার জোগাড়। মঞ্চে যার খুশি উঠে নাচছে, যখন যা খুশি বাজানো হচ্ছে!’গিটারে বাবুলের সুরের ঝংকারআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে গত ২৮ জুলাই হয়ে গেল বাবুল দের একক হাওয়াইয়ান গিটারবাদনের অনুষ্ঠান। সেদিন টিআইসি মিলনায়তনে গিটারের অনবদ্য ঝংকারে দর্শকের মন ছুঁয়েছিলেন বাবুল।তিনি ‘সব কটা জানালা’, ‘এত সুর আর এত গান’, ‘আমার এ দুটি চোখ’, ‘যারে যারে উড়ে যা পাখি’, ‘দুঃখ আমার বাসর রাতে কলঙ্ক’, ‘আবার হবে তো দেখা’ গানের মতো ১২টি জনপ্রিয় গান গিটারে বাজিয়ে শোনান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মী আরা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক লিটন মিত্র। শিল্পীকে কি-বোর্ডে সৃজন রায়, তবলায় লিটন মিত্র, ঢোলকে পিপলু দাশ, অক্টোপ্যাডে রতন মজুমদার, বেজগিটারে সজল সরকার, লিডগিটারে রাজীব ঘোষ সহযোগিতা করেন। উপস্থাপনায় ছিলেন প্রবীর পাল। এ অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব ছিল শিল্পীর হাতে অঙ্গনের সম্মাননা ও তাঁর ছাত্র দোলন কানুনগো ও অর্পণ বড়ুয়ার সম্মানী চেক তুলে দেওয়া।সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান শাস্ত্রীয়সংগীতের প্রচার-প্রসারে নিবেদিত সদারঙ্গের ৪৫তম দ্বিমাসিক পর্বটি ৩০ জুলাই অনুষ্ঠিত হলো টিআইসির গ্যালারি। অনুষ্ঠান শুরু হয় শিশুশিল্পী অনয় চক্রবর্তীর ত্রিতালে তবলা লহরা পরিবেশনের মধ্য দিয়ে। হারমোনিয়ামে নাগমা বাজিয়ে অনয়কে সহায়তা করেন পলাশ দেব। এরপর আরেক শিশুশিল্পী দ্বীপ কানুনগো পরিবেশন করেন মালকোষ রাগে বিলম্বিত ও মধ্যলয়ে খেয়াল। তবলায় ছিলেন অরুণ নাথ, হারমোনিয়ামে লিটন দাশ এবং তানপুরায় রাজীব দাশ। সর্বশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন মিটন বিশ্বাস। তিনি গিটারে রাগ মারোয়া পরিবেশন করেন। তাঁকে তবলায় সহায়তা করেন জুয়েল চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হৈমন্তী ব্যানার্জি। এদিকে, সদারঙ্গের প্রতিষ্ঠাতা ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী সম্প্রতি সুরের মায়াজাল ছড়িয়ে পাটনা মাতিয়ে এলেন। গুরু পূর্ণিমা উপলক্ষে ৩৬তম বার্ষিক উচ্চাঙ্গসংগীত সম্মেলনের আয়োজন করেছিল মাতৃ উদ্বোধন আশ্রম। স্বর্ণময় চক্রবর্তী প্রথমে মালকোষ রাগে বিলম্বিত ও দ্রুত খেয়াল এবং তারানা পরিবেশন করেন। পরে দর্শকের অনুরোধ একটি পাহাড়ি ঠুমরি ও একটি ভজন পরিবেশন করেন। তাঁকে তবলায় সহযোগিতা করেন বিপ্লব ভট্টাচার্য।অভিনয় এবং একবিংশ শতাব্দীর নাট্য ভাবনাটিআইসির উদ্যোগে ১ আগস্ট অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘অভিনয় এবং একবিংশ শতাব্দীর নাট্য ভাবনা’ শীর্ষক কর্মশালা। খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ এ কর্মশালা পরিচালনা করেন। তিনি বলেন, স্তানিস্লাভসকি, বার্টোল্ট ব্রেখট বা শিশির ভাদুড়ী যুগের অভিনয় কৌশল বা নির্মাণ আজকে বিশ্ব নাট্য অভিজ্ঞানে অনেক যুগোপযোগী পরিবর্তন সাধিত হয়েছে। বিশ্ব নাট্য পরিক্রমায় নাট্যকর্মীরাও নতুন নতুন ভাবের আদান প্রদানে অনেক দূর এগিয়েছে। তাই থিয়েটার শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। টিআইসির ল্যাবরেটরি হলে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী।