গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খবর: ৮৮ দিনে কমপক্ষে ৬৬টি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের জন্য। সংবর্ধনার অর্ধশতক পেরিয়ে গত ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। (সূত্র: প্রথম আলো, ২৬ জুলাই ২০১৫)
প্রিয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ
পত্রের শুরুতে রেকর্ড সংখ্যক গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। আশা করি, রেকর্ড লেখার শত ব্যস্ততার মাঝেও ভালো আছেন। অদ্ভুত থেকে ভয়ংকর প্রায় সব রেকর্ডই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়। সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্বরেকর্ড হয়ে গেলেও তা আপনাদের দৃষ্টিগোচর হয়নি! তাই আপনাদের দৃষ্টিগোচর করতে এই পত্রখানা লিখেছে রস+আলোর রেকর্ডবিহীন বিশেষজ্ঞ কমিটি।
মে থেকে জুলাই, মাত্র তিন মাসে অকল্পনীয় এক রেকর্ডের মালিক হয়েছেন এক বাংলাদেশি। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্টের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুরের গড়া বিশ্বরেকর্ডের কথা বলছি না! এমন এক রেকর্ডের কথা বলছি, যার পাশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা কিংবা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম থাকার কথা ছিল। কিন্তু মাত্র ৮৮ দিনে কমপক্ষে ৬৬টি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাইকে পেছনে ফেলে এই অকল্পনীয় রেকর্ডের মালিক হয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম শহরের মেয়র আ জ ম নাছির উদ্দীন! এমনকি শত রেকর্ডের মালিক, চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও এই রেকর্ড কোনো দিন ভাঙতে পারবেন না!

আজ এখানেই শেষ করছি। আশা করি, গিনেস বুকে এই রেকর্ডটি জায়গা করে নেবে এবং আমাদের সম্মানিত করবে!

ইতি
রস+আলোর রেকর্ডবিহীন বিশেষজ্ঞ কমিটি