গিভ মি টু টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলায় মহড়া শেষ করে আমি আর বিন্তি প্রায়ই স্যানমারের দিকে যাই। স্যানমার ওসান সিটির সামনের সিঁড়িতে বসে আমাদের দুজনের আড্ডাটা বেশ ভালোই জমে। এমন এক সন্ধ্যায় আড্ডার ফাঁকে পাশ থেকে কে যেন বলে উঠল, ‘ভাই, গিভ মি টু টাকা।’ ছেঁড়া গেঞ্জি আর হাফপ্যান্ট পরা ১১-১২ বছরের ছেলেটির মুখে ইংরেজি শুনে আমরা দুজনেই বেশ বিস্মিত হলাম!ছেলেটি আবার বলে, ‘ভাই, গিভ মি টু টাকা।’আমি বলি, ‘হোয়াই?’‘আমি হাংরি।’বিন্তি তার ভুল শুধরে দেয়। ‘আমি হাংরি নই। বলো, আই অ্যাম হাংরি।’ছেলেটি ইংরেজি বাক্যটি মুখস্থ করতে থাকে। ‘আই অ্যাম হাংরি, আই অ্যাম...।’ছেলেটি বিন্তিকে জিজ্ঞেস করে, ‘আপা, আপনে কি ইউনিভার্সিটিতে পড়েন?’বিন্তি বলে, ‘হ্যাঁ। কিন্তু কী করে বুঝলে?’‘আমারে যে ভাইয়াগুলা ইংরেজি শেখায়, হেরাও ইউনিভার্সিটিতে পড়ে। আপনে আমার ভুল ধরাই দিলেন তো, তাই বুঝে গেলাম। আপনাদের ইউনিভার্সিটির কোন ট্রেন কটায় আসে, কটায় যায়—সব আমার মুখস্থ। সকালবেলায় ষোলশহর ইস্টিশনে বইসা থাকি। ভার্সিটির আপা, ভাইয়াগো লগে আড্ডা মারি।’আমি বলি, ‘ইংরেজি শিখে তোর লাভ কী?‘ইংরেজিতে ট্যাকা চাইলে সবাই বেশি কইরা ট্যাকা দেয়। বিদেশি লোকগুলায়ও আমার কথা বুঝতে পারে।’‘বাসায় কে কে আছে?’‘আব্বা, আম্মা আর দুইডা বইন।’‘আব্বা কী করে?’‘কিছু না। এক্সিডেন্টে পা ভাইঙ্গা গেছে।’‘আম্মা?’‘গার্মেন্টসে চাকরি করে। ভাই, আমার বেশি কথা বলার টাইম নাই। ট্যাকা দেন, যাইগা।’আমি একটি ১০ টাকার নোট ছেলেটির হাতে দিই।ছেলেটি বলে, ‘আল্লায় যেন আপনাগো দুজনেরে মিলায়া দেয়। ভাই, আপনে আপারে বিয়া করে ফেলান। আপা খুব সুন্দর।’আমি বলি, ‘বিয়ে করলে খাওয়াব কী?’‘আপা গার্মেন্টসে চাকরি করব, আর আপনে খাইবেন।’বিন্তি খুব হাসতে থাকে...।এরপর প্রায়ই ছেলেটির সঙ্গে দেখা হয়। সে এখন আর আমার কাছে টাকা চায় না। শুধু দু-একটি করে ইংরেজি বাক্য শিখতে চায়।আমিও শেখাতে থাকি, ‘এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব এ ন্যাশন, আই অ্যাম এ বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি...।’ছেলেটি একের পর এক ইংরেজি বাক্য মুখস্থ করতে থাকে। আমি তাকে বিশ্বাস করাতে পারি না যে সূর্য নয়, পৃথিবীটাই ঘুরছে। সহজ চোখে যা দেখে, সে কেবল তা-ই বিশ্বাস করে। এর বাইরে কোনো যুক্তিতেই তার আস্থা নেই।ছেলেটি এখন একটি গণশিক্ষা স্কুলে পড়ে। সে স্বপ্ন দেখে, একদিন ইউনিভার্সিটিতে পড়বে। ষোলশহর স্টেশন থেকে ট্রেনে চেপে সে ইউনিভার্সিটি যাবে।ছেলেটির ইংরেজি শেখার অদম্য স্পৃহা আমাকে অভিভূত করে; হোক না তা বেশি টাকা ভিক্ষা পাওয়ার জন্য। তার আকাশছোঁয়া স্বপ্নগুলো আমাকে হয়তো বেশ লজ্জাও দেয়। শুভাশীষ শর্মাচট্টগ্রাম