গিরি ধারকানের নির্জনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো এক ফোকর গলে হিম বাতাস ঢুকে পড়ছে। গরম কাপড়টা টেনেটুনে আরেকটু জড়িয়ে নিলাম। তাও জবুথবু দশা কাটছে না। সূর্যটাকে বুঝি বড্ড আলসেমিতে পেয়েছে আজ। সেই কখন থেকে আড়মোড়া ভাঙছে তো ভাঙছেই। তেজ নেই, লালচে ভাব নিয়ে জড়োসড়ো হয়ে ঠায় বসে আছে।হঠাৎ ঘোষণা এল, ‘গাড়ি থেকে নামতে হবে আমাদের। এখান থেকে উঠতে হবে চান্দের গাড়িতে।’ চান্দের গাড়ি! নামটা শুনেই খলবলিয়ে উঠল মনটা। কত শুনেছি এই নাম। কিন্তু চড়া হয়নি কখনো। যাক, এবার তাহলে আশ মেটানোর মওকা পাওয়া গেল একটা।গাড়ি থেকে নেমে পাশের একটা দোকানের সাইনবোর্ডে নজর পড়ল, ‘...স্টোর, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।’ আমাদের গন্তব্য বান্দরবানের লামা। এখান থেকে চান্দের গাড়িতে ঘণ্টা খানেকের পথ। কালবিলম্ব না করে ঝটপট উঠে পড়ল সবাই। কিন্তু হায়, একী! কোথায় কী চান্দের গাড়ি? আমার কপালে জুটল একখানা মাইক্রোবাস। বন্ধুর অনুরোধে ঢেঁকি গিলতে হলো অবশেষে।সরু, আঁকাবাঁকা পথ বেয়ে গাড়ি চলছে। খানিক দূর পর পর রাস্তার পাশে ছোট বসতি। কুঁড়েঘরই বেশি। হঠাৎ গাড়িটা নাক উঁচু করে ওপরের দিকে উঠতে লাগল। তারপর আবার ঢাল বেয়ে নামল নিচে এবং থেমে গেল। গন্তব্যে পৌঁছে গেছি আমরা।গাড়ি থেকে নেমে কোয়ান্টামমের মূল ফটকে পা রাখলাম। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে পাহাড়ে ও পাহাড়ের ফাঁকে ফাঁকে তৈরি করা হয়েছে এক কানন। নাম দেওয়া হয়েছে কোয়ান্টামম। কোয়ান্টামমে আছে ছোট-বড় অসংখ্য কটেজ। আছে পাহাড়ের কোলঘেঁষে বানানো দৃষ্টিনন্দন স্কুল। কোয়ান্টামম শব্দটি ‘কোয়ান্টাম’ ও ‘মমতা’ এ দুটি শব্দের মিশেল। নিরিবিলিতে ধ্যান করতে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে খুদে এই বাগান।খানিক বিশ্রামের পর নাশতা সেরে বেরিয়ে পড়লাম জায়গাটা ঘুরে দেখতে। সঙ্গে কোয়ান্টাম পরিবারের সদস্য বন্ধু মারুফ ইবনে মাহবুব। মূল ফটক দিয়ে বেরিয়ে সামনের যে পাহাড়টা শুরুতে সেটায় চড়লাম। ন্যাড়া পাহাড়, ওপরে একটু খালি জায়গা পরিষ্কার করে গোল পাকা মেঝে করা হয়েছে। তার ওপর লোহার পাত বসিয়ে ওপরে দেওয়া হয়েছে টিনের ছাউনি। কোয়ান্টামমের একটি ধ্যানমঞ্চ এটি। মারুফ জানাল, পাহাড়টার নাম ‘গিরি শোকরান’। নাম কে দিল? জানতে চাইলাম। জবাবে বন্ধুটি বলল, ‘কোয়ান্টাম থেকেই পাহাড়গুলোর নাম দেওয়া হয়েছে।’ বিশেষত্ব কিছু নেই গিরি শোকরানের। তবে এখান থেকে কোয়ান্টামমে ঢোকার মেঠো, সর্পিল পথটা স্পষ্ট দেখা যায়।গিরি শোকরান থেকে নেমে পাহাড়ি পথ ধরলাম। ধূলিময় পথ পেরিয়ে একটা ছড়ার পাশে গিয়ে দাঁড়ালাম দুজনে। নালার মতো দেখতে ছড়াটায় ঘটাসমান পানি, স্ফটিকের মতো স্বচ্ছ। রোদ পড়ে পানির নিচের বালু চিকচিক করছে।ছড়া পেরিয়ে ছোট্ট একটা পাহাড়, তার কোলে একখানা স্কুল। নাম বোধিছড়া পাবলিক স্কুল। অদূরেই শিক্ষকদের থাকার ব্যবস্থা। আধা পাকা ঘরের ওপর সৌরবিদ্যুতের প্যানেল বসানো। স্কুল থেকে সামনে এগিয়ে জাবলে সামস নামে একটি পাহাড় পড়ল। পাহাড়ময় আমলকীর গাছ। জাবলে সামসের ঢালে কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গড়ে তোলা এই ব্যাম্বোরিয়ামে ২৪ প্রজাতির বাঁশ আছে। বাঁশের সে কী বাহার! কোনোটা দেখতে বেতের মতো চিকন, কোনোটা বেশ মোটা। কোনোটার পাতা চিরল চিরল, কোনোটার চ্যাপ্টা। সোনা রঙের একগুচ্ছ বাঁশও দেখা গেল। নাম সোনালি বাঁশ। এ ছাড়া আছে ঘটি, পেঁচা, থাই আরও কত নামের বাঁশ।ব্যাম্বোরিয়াম থেকে দক্ষিণ দিকে গিরি ধারকান। মাঝারি আকৃতির কালো কিছু পাথর স্তূপ করে রাখা হয়েছে পাহাড়টায় ওঠার পথে। দুই পাশে দুটি হাতির ভাস্কর্য। ছোট ফটক ঠেলে খাড়া পথ বেয়ে ওপরে উঠলাম। দুই পাশে অসংখ্য পাথর বসানো। এগুলোতে বসে ধ্যান করেন কোয়ান্টামের সদস্যরা। একেবারে চূড়ায় একটি ধ্যানমঞ্চ। মঞ্চের পাশে দাঁড়িয়ে চোখ জুড়িয়ে গেল। যেদিকে চোখ যায় সবুজে সবুজময় পাহাড়। দূর পাহাড়ের সঙ্গে নীল-সাদা মেঘের মিতালি চোখ ভরে দেখলাম। গিরি ধারকানের ঝিরিঝিরি বাতাস গা ছুঁয়ে যায়, মন ছোঁয় সুনসান নীরবতা। জায়গাটার শান্ত-স্নিগ্ধ রূপ শহুরে উতলা মনকে নিমেষে শান্ত করে আনে। অনিন্দ্য সুন্দরের এক আধার যেন পাহাড়টা। সেই সৌন্দর্যকেও পাশ কাটাতে হলো একসময়। ছুটলাম গিরি ফিকরানের দিকে। সেখানে আছে কোয়ান্টাম কসমো স্কুল। উঁচু-নিচু পাহাড়ে থরে থরে সাজানো চমৎকার এক বিদ্যাপীঠ। সূর্য তখন মাঝ আকাশে। এবার নামার পালা। নামতে হচ্ছে ইট-পাথরের সিঁড়ি ভেঙে। দুই পাশে সৌরবিদ্যুতের খুঁটি। নিচে খুদে শিক্ষার্থীদের আবাসন, খাবারদাবার ও খেলার মাঠ। ওদের ওঠানামার সুবিধার্থেই পাহাড়ের বুকে সিঁড়ির ব্যবস্থা।সন্ধ্যার খানিক পর ফেরার প্রস্তুতি নিচ্ছি। আকাশে পূর্ণ চাঁদ, কুয়াশা ফুঁড়ে জ্যোৎস্নার নরম আলো ছড়িয়ে পড়েছে বনভূমিতে। শীতটা আরও জেঁকে বসেছে। হঠাৎ শুনলাম, কোয়ান্টাম পরিবারের সদস্যরা দলবল নিয়ে গিরি ধারকান দর্শনে যাচ্ছে। এই শীতের রাতেই ধ্যান করবে সেখানে। মনে মনে আফসোসে মরে যাই। আরেকটুর জন্য জ্যোৎস্না রাতে গিরি ধারকান দর্শন হলো না।যেভাবে যাবেনআর দশটা পর্যটন এলাকার মতো লামার কোয়ান্টম কোনো দর্শনীয় এলাকা নয়। এটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যের নিরিবিলিতে ধ্যানের স্থান। তাই যে কেউ চাইলেই পাহাড়ের এই নীরবতা ভাঙতে পারবেন না। তবে কোয়ান্টাম পরিবারের সদস্য কারও সঙ্গে চাইলে যেতে পারেন আপনি। প্রতি মাসে কোয়ান্টামম-সাফারি নামে একটি ট্যুর থাকে। আড়াই হাজার টাকা দিয়ে দুই দিনের এ সফরে যাওয়া যাবে। যাওয়া-আসা ও থাকা-খাওয়া এই খরচাতেই চলবে।