গিরিদর্পণ পত্রিকার ৩৩ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হলেন পার্বত্যাঞ্চলের প্রথম দৈনিক গিরিদর্পণ–এর সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ। দৈনিকটির ৩৩ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাঙামাটির জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারকুল হাসান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে কিছু মানুষ নষ্ট করে দেওয়ার চেষ্টায় রয়েছে। এই মহান পেশার দায়িত্ব পালনের জন্য সংবাদকর্মীদের যোগ্যতা ও মেধার খুবই প্রয়োজন। সংবাদ প্রকাশ করে বাহবা নেওয়ার চেয়ে ভালো সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া অনেক বড় কথা।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় দৈনিক গিরিদর্পণ যে ভূমিকা রেখে চলেছে, তা অতুলনীয়। গিরিদর্পণ পাহাড়ের মানুষের কথা বলে।
গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, মানুষের ভালোবাসা, সাংবাদিকতার প্রতি বিশ্বস্ততা আর দেশের প্রতি পক্ষপাতিত্ব তাঁকে প্রায় অর্ধশত বছর সাংবাদিকতায় নিয়োজিত থাকার সাহস জুগিয়েছে। আর ৩৩ বছর ধরে গিরিদর্পণ প্রকাশ করে যাওয়া পাঠকের ভালোবাসা ও আর বিশ্বাসের অবদান।