গির্জার ঘণ্টাধ্বনি
হিমশীতল রজনী। কুয়াশার চাদরে ঢেকে যাওয়া নগরের কয়েকটি স্থানে আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে। আঁধার ভেদ করে গির্জা থেকে ভেসে আসছে ঘণ্টাধ্বনি। ভাবগম্ভীর পরিবেশে সমবেত প্রার্থনার সুর অন্য রকম এক আবেশে বেঁধে ফেলে পুরো খ্রিষ্টান জনগোষ্ঠীকে। মনের শান্তি, দেশের শান্তি ও বিশ্বশান্তি কামনায় মগ্ন হয়ে পড়ে তারা।নগরের পাথরঘাটা, জামালখান, চকবাজারসহ বিভিন্ন স্থানে বড়দিন ঘিরে এভাবেই জেগে উঠেছে খ্রিষ্টান সম্প্রদায়। এ রকম এক শীতের রাতে কোনো এক গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট। দিনটি তাদের বড়দিন হিসেবে উদ্যাপিত হয়ে আসছে যুগ যুগ ধরে। প্রতিবছর দিনটিকে ঘিরে তাই এ সম্প্রদায়ের লোকজনের উৎসাহ-উদ্দীপনার কমতি থাকে না। বর্ণিল সাজে সাজানো হয় গির্জাগুলোকে।গেল রাত থেকে শুরু হয়ে গেছে মূল আয়োজন। সব বয়সী খ্রিষ্টান নারী-পুরুষ গির্জামুখী। মূল আয়োজন চলে এখানে। রাত নয়টায় চট্টগ্রামের পাথরঘাটার ক্যাথলিক গির্জায় প্রথম প্রার্থনা করা হয় ইংরেজিতে। পরে রাত ১২টায় দ্বিতীয় প্রার্থনা করা হয় বাংলায়। নিজেদের আরও পরিশুদ্ধ ও বিশ্বশান্তির আশায় হাজারো ভক্তপ্রাণ নর-নারী এই প্রার্থনায় যোগ দেন। আজ সকালেও হবে প্রার্থনা। একইভাবে নগরের জামালখানে সেন্ট মেরিস স্কুলসংলগ্ন গির্জায় ক্যাথলিকদের প্রার্থনা অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম ও বরিশাল বিভাগে খ্রিষ্টানদের মোট ১৪টি গির্জা বা ধর্মপল্লি রয়েছে। এই দুই বিভাগকে একসঙ্গে বলা হয় চট্টগ্রাম ধর্মপল্লি। ১৪টি ধর্মপল্লির ১০টিই হচ্ছে চট্টগ্রামে। তবে ১৪টি বড় উপাসনালয় ছাড়াও এই ধর্মপ্রদেশের অধীনে আরও কিছু ছোট ছোট গির্জা রয়েছে। কয়েক দিন ধরে আজকের বড়দিন ঘিরে প্রতিটি উপাসনালয়ে চলছে সাজ সাজ রব।মানুষের মনও এ সময় রঙিন ও পবিত্র হয়ে ওঠে—এমন বিশ্বাস ধর্মগুরুদের। চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেশ এম কস্তা বড়দিনের মাহাত্ম্য বর্ণনা করলেন এভাবে, ‘বড়দিন আমাদের কাছে শান্তির বারতা নিয়ে আসে। লোভ-ক্ষোভ-ঘৃণা এসব পরিত্যাগ করে মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। ভালোবাসতে শেখায়। মানুষে মানুষে বিশ্বাস, আত্মশুদ্ধি এবং নিজেদের মধ্যে কীভাবে শান্তি লালন করা যায়, এই শিক্ষা দেয়।’ক্যাথলিক ছাড়াও চট্টগ্রামে খ্রিষ্টানদের অপর একটি ধারা রয়েছে। সেটি ব্যাপটিস্ট নামে পরিচিত। তারাও বড়দিন উদ্যাপন করে মহা সমারোহে। নগরের জামালখানের এজি চার্চ ও চকবাজারের গির্জায় এই সম্প্রদায়ের লোকজন প্রার্থনায় অংশ নেন। এখানেও চলছে উৎসবের আমেজ। একই জাতিগোষ্ঠীর মধ্যে কেন এত অনৈক্য?—এমন প্রশ্ন দেখা দিতেই পারে। তবে তা কোনোভাবেই মানতে রাজি নন বিশপ মজেস কস্তা। তিনি বলেন, ‘আমাদের মধ্যে উপাসনায় ভিন্নতা রয়েছে। কিন্তু মানসিকতায় কোনো ভিন্নতা নেই। আমরা বেশ কিছু অনুষ্ঠান আবার একত্রে করি। বড়দিন আমাদের কাছে এই ঐক্যের জয়গান নিয়ে আসে।’ কিছু কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও উৎসবের কোনো কমতি নেই কোনোখানে। আয়োজনেও নেই কোনো কার্পণ্য। উৎসবের রং থাকবে আরও কয়েকটা দিন। বড়দিনের এই আনন্দ-উচ্ছ্বাসে ভাসতে ভাসতে আসবে খ্রিষ্টীয় নববর্ষ।