গিলটি মিয়া যখন মোটর মেকানিক
(কাজী আনোয়ার হোসেনের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)নিউ পুরাতন গ্যারেজ।ধোলাইখাল, ঢাকা।ধীরে ধীরে গাড়ির তলা থেকে বেরিয়ে এল গিলটি মিয়া। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম দুর্ধর্ষ (!) স্পাই। ‘ওপরের নির্দেশে’ গিলটি মিয়া এখন মোটর মেকানিক।হাতের কালি কাপড় দিয়ে মুছতে মুছতে গাড়ির মালিক ডা. শাকিরা পারভীনকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা আফা, এই যে আমি গাড়ির ইঞ্জিন কুললাম, বাল্ব টিক কললাম, টার জোড়া দিলাম—একদম মানুচের আর্টের (হার্টের) চিকিৎচার মতো করেই। তার পরও আপনাদের ফিচ এত বেচি কেন? আমরা তো বেচি ফিচ নেই না?’ডা. শাকিরা গম্ভীর স্বরে বললেন, ‘সে তো ইঞ্জিন বন্ধ করে মেরামত করো, আর আমরা ইঞ্জিন চালু রেখে মানুষের শরীর ঠিক করি।’এমন সময় গ্যারেজের মালিক হাজি শরীফ মিয়া ডাক দিল ওকে, ‘আবে ওই গিলটি, ম্যাডামের গাড়ি রেডি হইছে নি?’‘হইচে ওস্তাদ।’ বলল গিলটি মিয়া।বিল দেখে চোখ কপালে তুলে ফেললেন ডা. শাকিরা।‘এত টাকা বিল! আমরাও তো মানুষের চিকিৎসা করি, কই, আমরা তো এত টাকা বিল করি না।’গিলটি মিয়া ছাড়ল না, ‘ম্যাডাম, আপনেরা তো অনেক দিন ধইরা শুধুই এক মডেলের গাড়ি মেরামত করে আচছেন। কিন্তু আমরা যে নিত্যনতুন মডেলের গাড়ির ইঞ্জিন মেরামত করচি।’শাকিরা আর কথা বাড়ালেন না। তাড়াতাড়ি বিল দিয়ে গাড়ি নিয়ে সটকে পড়লেন।সপ্তাহ দুয়েক হলো এই গ্যারেজে মেকানিক হিসেবে যোগ দিয়েছে গিলটি মিয়া। হয়েছে কি, মাস খানেক আগে সোহানা চৌধুরী সকালে রিকশায় করে গুলশান ওয়ান্ডারল্যান্ডে যাচ্ছিল। বলা নেই কওয়া নেই হঠাৎ একটা ট্যাক্সিক্যাব তার হ্যান্ডব্যাগ কেড়ে নিয়ে হাওয়া হয়ে গেল!অবাক হয়ে গেল সোহানা!পরে খোঁজ নিয়ে জানল, শহরে হরহামেশাই এ রকম হচ্ছে। বিশেষত, বিশেষ এক রঙের ট্যাক্সিক্যাব দ্বারাই এ ধরনের ছিনতাই বেশি হয়! জানা গেল, এসব গাড়ির বেশির ভাগই রেজিস্ট্রেশনবিহীন।বিসিআই চিফ মেজর জেনারেল (অব.) রাহাত খানকে বলতেই কেন জানি উনিও রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গেই। মাসুদ রানা দেশে নেই।সোহেল ডেস্কে ব্যস্ত।সলিল হাসপাতালে। সোহানাও বিদেশে যাচ্ছে।অগত্যা গিলটি মিয়াকেই এ কাজে পাঠিয়েছেন বুড়ো।বিশেষ রঙের ক্যাবের চক্রটাকে ধরতে হবে। তাই হাজি শরীফের এই গ্যারেজে কাজ নিয়েছে গিলটি। এখানে প্রতিদিন অনেক গাড়ি ঠিক হয়। বিশেষ রঙের ক্যাবগুলোও মাঝেমধ্যে আসে।গ্যারেজ থেকে মেরামত হওয়া একটা গাড়ি নিয়ে বের হলো গিলটি। উদ্দেশ্য, টেস্ট করা।একটা ঘটনা মনে হতেই হাসি পেল ওর।সেবার ও আর রানা দুজন জাপানের টোকিওয় গেছে একটা অ্যাসাইনমেন্টে। উঠেছে হোটেলে। বিকেলবেলায় একা একা হাঁটতে বের হলো গিলটি।কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাস্তা হারিয়ে ফেলল সে। এখন হোটেলে ফিরবে কীভাবে? জাপানি ভাষাও তো জানে না!শেষে একটা ট্যাক্সি থামাল সে। পকেট থেকে হোটেলের দেওয়া ম্যাচ বক্সটা দেখাল। জাপানি ড্রাইভার হেসে তুলে নিল ওকে। একটু পর নামিয়ে দিল একটা ম্যাচ ফ্যাক্টরির সামনে!বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে, ভাবছিল গিলটি মিয়া। এমন সময় ওকে চমকে দিয়ে বেজে উঠল পকেটে রাখা মুঠোফোনটা।মাসুদ রানা ফোন করেছে। ফোন ধরেই হাউমাউ করে কেঁদে উঠল গিলটি মিয়া, ‘ছার, আমারে বাঁচান!’‘কী হয়েছে, গিলটি মিয়া? কবির চৌধুরী কি তোমাকে ধরে নিয়ে গেছে?’ উদ্বিগ্ন রানা জানতে চাইল।অনেক চেষ্টার পর গিলটি মিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, ‘ছার, আমি...না...হারায় গেচি!’১০ মিনিট পর ওকে গাড়িতে তুলে নিল মাসুদ রানা।দুই বছর পর সিঙ্গাপুরের নির্জন এক রাস্তা থেকে গিলটি মিয়াও একজনকে তুলে নিয়েছিল।লোকটা রাস্তায় কান পেতে ছিল।গাড়িতে উঠে হড়বড় করে লোকটা বলল, ৫০ কিলোমিটার সামনে একটা লাল রঙের মার্সিডিজ গাড়ি। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ছুটছে।গিলটি মিয়া অবাক হলো। রাস্তায় শুধু কান পেতেই লোকটা একটা গাড়ির বেগ, রং, ব্র্যান্ড বলে দিতে পারল!কীভাবে, জিজ্ঞেস করতেই লোকটা বলল, ‘ছিনতাইকারীরা আমার মার্সিডিজ গাড়িটা ছিনতাই করেছে ৫০ মিনিট আগে। তাই বলতে পারলাম।’বাস্তবে ফিরে এল গিলটি মিয়া।আজ শনিবার।অফিস বন্ধ।রাস্তাঘাটে ভিড় কম।এক জায়গায় ভিড় দেখে গাড়ি থামাল সে। একটা রিকশা ঘিরে ছোটখাটো জটলা। কী হয়েছে, জিজ্ঞেস করতেই একজন বলল, ‘আপার ব্যাগ ছিনতাই হইছে! ট্যাক্সিক্যাবে লইয়া গেছে গা।’রাগে গা জ্বলে উঠল গিলটি মিয়ার। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। দুই সপ্তাহ হয়ে গেল সে এসেছে মোটর মেকানিক হিসেবে। কাজের কাজ কিছুই হয়নি!ভিড় ঠেলে এগিয়ে গেল সে। মহিলা রিকশায় বসে আছে। ‘আফা, ব্যাগের অংটা কেমুন?’‘কালো’, মহিলার ঠোঁটে মুচকি হাসি।‘আফা, কয়জন ছিল?’ আরেকজন জিজ্ঞেস করল।‘তিনজন মনে হয়’, মহিলা হাসিমুখে জবাব দিল।‘ব্যাগে মনে হয় অনেক ট্যাকাপয়সা আর গয়না ছিল, তাই না আফা?’ আরেকজন জিজ্ঞেস করল।‘না’, মহিলা আরও জোরে হাসল। তার জবাব শুনে সবাই মনে হয় হতাশ হলো।‘আপনে হাসচেন ক্যান?’ গিলটি মিয়া জিজ্ঞেস করল।মহিলা বলল, ‘হাসব না! ব্যাগে করে ইউরিন আর স্টুল নিয়ে যাচ্ছিলাম, প্যাথোলজি ল্যাবে পরীক্ষা করব বলে! ছিনতাইকারীরা সেটাই ছিনতাই করে নিয়ে গেল। ভাবছি, ব্যাগ খুললে চেহারাটা কেমন হবে তাদের! হা হা হা।’