গুইমারায় সীমান্ত সুরক্ষায় প্রযুক্তি ব্যবহার বিষয়ে কর্মশালা
খাগড়াছড়িতে ‘সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেটের ব্যবহার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বেলা সাড়ে ১১টায় গুইমারা বর্ডার গার্ড হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলার গুইমারা সেক্টরের তত্ত্বাবধানে এ কর্মশালার ব্যবস্থাপনায় ছিল ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
কর্মশালায় সীমান্ত সুরক্ষায় স্যাটেলাইট, সিসি ক্যামেরা, বর্ডার সিকিউরিটি রোবটসহ উন্নত প্রযুক্তির গেজেট ব্যবহারের ওপর আলোচনা করা হয়।
কর্মশালায় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ–পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহামুদুল হক, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ ও ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহম্মেদ।
কর্মশালায় অতিথি বক্তা ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যেষ্ঠ প্রশিক্ষক কর্নেল মোল্লা মো. জুবায়ের, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ ও সহকারী অধ্যাপক মো. আজাদ হোসেন।