গুইসাপটি পিটিয়ে মারল গ্রামবাসী
প্রতিদিনের মতো খাদ্যের খোঁজে বেরিয়ে ছিল গুইসাপটি। এক বাড়ি থেকে আস্ত একটা মুরগিও শিকার করল। কিন্তু দেখে ফেলল গৃহকর্তা। এরপর আর কী? শেষ রক্ষা হলো না বেচারার। মুরগি চুরির অপরাধে গ্রামবাসী হত্যা করল গুইসাপটিকে। ঘটনাটি ঘটেছে ১৭ জুন বিকেলে হাটহাজারীর চৌধুরীহাট এলাকায়।সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় শাহজালাল বিদ্যালয় প্রাঙ্গণে মৃত গুইসাপকে ঘিরে অসংখ্য কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমদ বলেন, ‘পিটিয়ে মেরেছি, না মারলে এলাকার মানুষের ক্ষতি করত গুইসাপটি। গ্রামবাসীর পিটুনিতে নিহত গুইসাপটির দৈর্ঘ্য চার ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ৩০ কেজি। প্রাণীটিকে হত্যার পর স্থানীয় লোকজন মাটিতে পুঁতে ফেলেন।’প্রাণিবিদেরা জানান, গুইসাপের ইংরেজি নাম মনিটর লিজার্ড। এটির বৈজ্ঞানিক নাম ভ্যারানসে সালভেটর। এটি দেখতে বড়সড় টিকটিকির মতো। জিভ দ্বিখণ্ডিত। ভ্যারানিডি গোত্রের সরীসৃপ একসময় খালে-বিলে প্রচুর দেখা যেত। বর্তমানে প্রাণীটি বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে।