গুগলে সরাসরি
‘গুগল আমার সঙ্গে যোগাযোগ করে প্রথমে ফোনের মাধ্যমে একটি প্রাথমিক সাক্ষাৎকার নেয়। পরবর্তী সময়ে প্রাথমিক বাছাইয়ের পর আমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের প্রধান কার্যালয়ে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিই।’ কথাগুলো বাংলাদেশের তরুণ মো. মোস্তাফিজুর রহমানের। এই গুগল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ইনকরপোরেটেড। এর পরের খবরটা হচ্ছে, গুগল নিয়োগ দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট থেকে শুরু করে গুগল, ফেসবুক—এসব প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান তরুণদের খোঁজ নিয়ে যাচাই-বাছাই করে নিয়োগ দেয়। কখনো আগে থেকে ঘোষণা দিয়ে বিভিন্ন দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে হয়। আবার কখনো চাকরিদাতা প্রতিষ্ঠান তরুণের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকার-প্রক্রিয়া শুরু করে। মোস্তাফিজের ক্ষেত্রে ঘটেছে দ্বিতীয় ঘটনা। আর তাই এ পদ্ধতিতে গুগলে সরাসরি নিয়োগ পেয়েছেন তিনি। সরাসরি নিয়োগগুগলে বাংলাদেশের অনেকেই কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই। কিছুদিন আগে গুগল বাংলাদেশে এসে সরাসরি নিয়োগের একটি পরীক্ষাও নেয়। আর এতে নির্বাচিত হয়ে তিন বাংলাদেশি গুগলে নিয়োগ পাচ্ছেন, এ খবর ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তবে সরাসরি গুগলের নিয়োগের ক্ষেত্রে কিছুটা ভিন্ন মো. মোস্তাফিজুর রহমানের গল্পটি। গুগলে কর্মরত দুই বাংলাদেশি—মুনতাসির আযম খান ও মানযুরুর রহমান খান প্রথমে গুগলের কাছে মোস্তাফিজুর রহমানের নাম প্রস্তাব করেন। পরবর্তী সময়ে গুগলের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক বাছাইয়ের পর তো আমি গুগলের প্রধান কার্যালয়ে গেলাম। সেখানে সব মিলিয়ে পাঁচবার সাক্ষাৎকার নেওয়া হয়, যার সবগুলোতেই আমি ভালো করি। এরপর গুগল আমাকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরির প্রস্তাব দেয়।’ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসে গুগলে যোগ দেবেন তিনি।একজন মোস্তাফিজুর রহমানপ্রয়াত ব্যবসায়ী মো. সামসু মিয়া ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফরিদা খানমের তিন ছেলের মধ্যে বড় মোস্তাফিজুর রহমান। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিযোগাযোগ প্রকৌশলে (কম্পিউটার বিজ্ঞানও ছিল) স্নাতক ডিগ্রি নেন। এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন। পাশাপাশি বর্তমানে সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত। এর আগে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থী থাকার সময় থেকেই প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মোস্তাফিজুর রহমান। ২০০৯ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বসেরা প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এসিএম আইসিপিসি) চূড়ান্ত পর্বে অংশ নেন। এ ছাড়া ২০০৮ সালে গুগল কোডজ্যাম প্রোগ্রামিং প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বেও অংশ নেন তিনি। নির্দিষ্ট এসব প্রোগ্রামিং প্রতিযোগিতার বাইরে ২০০৭ থেকে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা; যেমন—আইসিপিসি, জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) নিয়মিতভাবেই অংশ নিয়েছেন বলেও জানান মোস্তাফিজুর রহমান। লক্ষ্য এবার গুগলগুগলের এমন চাকরির সুযোগ পেয়ে দারুণ খুশি মোস্তাফিজুর রহমান। তিনি জানালেন, গুগলের কাজের পরিধি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি অনেক চ্যালেঞ্জিং এবং মজার কাজ হচ্ছে। চাকরিতে যোগ দিয়ে শুধু কাজই নয়, নিজে অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন মোস্তাফিজ। গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পেয়ে বাংলাদেশি হিসেবে গর্বিত তিনি। নিজের চলার পথে তাই বাংলাদেশি আরও অনেককেই দেখতে চান তিনি। মোস্তাফিজ বললেন, ‘যাঁরা গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাঁদের উচিত প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে ভালো করার চেষ্টা করা এবং প্রচুর প্রোগ্রামিং সমস্যার সমাধান করা।’ যেতে হবে এগিয়েবিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সব প্রতিষ্ঠানে বাংলাদেশি অনেকেই কাজ করছেন অনেক দিন ধরেই। এই তালিকায় রয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানও। বাংলাদেশের তরুণ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য এখন উন্মুক্ত হয়েছে বিশ্বসেরা এসব প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে বিশ্বের সামনে তুলে ধরার কাজ তাঁরা এসব প্রতিষ্ঠানে বসেও করতে পারেন। এভাবেই যেতে হবে এগিয়ে।