গুগলের এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল শব্দটির সঙ্গে পরিচিত নন, এমন কাউকে আর এখন সহজে খুঁজে পাওয়া যাবে না। ইন্টারনেটের বিশাল এই তথ্যভান্ডার থেকে সঠিক তথ্যটি খুঁজে পেতে সহায়তা করে গুগল নামের এই সার্চ ইঞ্জিনটি। বিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত করা এবং সেগুলো সর্বসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করার লক্ষ্য সামনে রেখে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর প্রথম যাত্রা শুরু করে গুগল। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন নামের দুজন কম্পিউটার প্রকৌশলী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় প্রতিষ্ঠানটি চালু করেন। এখন গুগলের সেবাগুলো পরিচালনার জন্য বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি ডেটাসেন্টার রয়েছে এবং প্রতিদিন ১০০ কোটিবার গুগলে তথ্য খোঁজ হয়।তথ্য অনুসন্ধান দিয়ে শুরু করা হলেও ধীরে ধীরে ওয়েবভিত্তিক নানা ধরনের সেবা দিতে শুরু করে গুগল। ই-মেইল করার সফটওয়্যার জিমেইল, সামাজিক যোগাযোগের সাইট অর্কুট, গুগল বাজ, গুগল ম্যাপ ইত্যাদি। একই সঙ্গে ডেস্কটপ কম্পিউটারে ব্যবহারের জন্য বিভিন্ন সফটওয়্যারও রয়েছে। যেমন—গুগল ডেস্কটপ সার্চ, পিকাসা—ছবি সম্পাদনা ও ব্যবস্থাপনার সফটওয়্যার, গুগলটক—সংক্ষিপ্ত বার্তা আদান-প্রদানের সফটওয়্যার। ওয়েব ও ডেস্কটপের পাশাপাশি বেশ কিছুদিন ধরে গুগল মুক্ত মুঠোফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তৈরির কাজ করছে। গুগলের অনলাইন সেবা ও সফটওয়্যারগুলো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাওয়া যায়। যদিও অধিকাংশ সফরওয়্যারেরই বাণিজ্যিক সংস্করণ রয়েছে। অনলাইন বিজ্ঞাপন গুগলের প্রধান আয়ের উৎস। যদিও গুগল এই এক যুগে নিজেদের কোনো বিজ্ঞাপন প্রকাশ করেনি।