গুচ্ছ সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে সীতাকুণ্ড পৌর সদর বাজারের ইন্ট্রাকো সিএনজি নামে একটি গ্যাস ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত গুচ্ছ সিলিন্ডারবাহী ট্রাকও জব্দ করা হয়। আটক করা হয় ফিলিং স্টেশনটির সুপারভাইজার মিজানুর রহমান ও হিসাব সহকারী লিটন কান্তি দেকে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান। অভিযান চলাকালে দুটি গাড়ির গুচ্ছ সিলিন্ডারে গ্যাস ভর্তির কাজ চলছিল। বাকি গাড়ি অপেক্ষমাণ ছিল। জব্দ গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
মুহম্মদ শাহীন ইমরান বলেন, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের বিভিন্ন গ্যাস ফিলিং স্টেশনে গুচ্ছ সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করছিলেন স্টেশন মালিকেরা। প্রতিরাতে বিভিন্ন জাহাজভাঙা কারখানা ও উপজেলার ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে এ গ্যাস নেওয়া হয়।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতটি গুচ্ছ সিলিন্ডারের গাড়ি জব্দ করা হয়। গ্যাস ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক সুপারভাইজার মিজানুর রহমান জানান, সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানাগুলোতে লোহা কাটার জন্য গুচ্ছ সিলিন্ডারে ভর্তি করে এ গ্যাস নেওয়া হয়। সাধারণ গাড়ি থেকে কিছু টাকা বাড়তি ধরে প্রতি ঘনফুট গ্যাস বিক্রি করা হয়।