অহেতুক গুজবে কান দেওয়া ঠিক হবে না। পুঁজিবাজারে এখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে বিনিয়োগ প্রভাবিত হতে পারে। তবে একটি সংঘবদ্ধ গোষ্ঠী এ ধরনের গুজব রটাচ্ছে বলে ধারণা করা হয়। এদেরও শক্ত হাতে দমন করতে হবে। এমনই মন্তব্য বাজার বিশ্লেষকদের। এ প্রসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মুদ্রানীতিতে পুঁজিবাজারকে প্রভাবিত করার মতো কিছু বিষয় থাকবে বলে গত কয়েক দিন ধরে নানা গুজব শোনা যাচ্ছিল। এসব গুজব ছড়ানো খুবই দুঃখজনক। পুঁজিবাজারের সঙ্গে মুদ্রানীতির সম্পর্ক আছে। কিন্তু এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ মূহূর্তে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থেই গুজব রটনাকারীদের শক্ত হাতে দমন করা উচিত। প্রয়োজনে এদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা দরকার। তাঁর মতে, শেয়ারবাজার সামগ্রিক বিচারে ভালোভাবেই চলছে বলা যায়। কারণ সমপ্রতি আইপিও বিক্রি করেও অনেক বিনিয়োগকারী বেশ লাভবান হয়েছেন। বাজারে আরও কিছু আইপিও আসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। বাজার বিশ্লেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালেহ জহুর বলেন, ‘বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কিছু নেই। ব্যাংক ছাড়া অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়লে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। ব্যাংকগুলোতে এখনো তারল্য সংকট থাকায় তারা হয়তো সেভাবে এগুতে পারবে না। কিন্তু অন্যদেরও এগিয়ে আসতে হবে। অধ্যাপক সালেহ জহুর জানান, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সবগুলোর কাজই এগিয়ে চলছে। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগেকারীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাও বাস্তবায়নের কাজ চলছে। সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা যাবে বলে তিনি মনে করেন। তবে এক্ষেত্রে যথাযথ নজরদারি এবং একই সঙ্গে বাজারের স্থিতিশীলতার জন্য খন্দকার মোহাম্মদ ইব্রাহীমের দেওয়া তদন্ত প্রতিবেদন বস্তবায়নের ওপরও জোর দেন তিনি।