গুজবের শিকার তক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজবের বশবর্তী হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি চক্র অবাধে তক্ষক ধরছে। গুজব ছড়িয়েছে তক্ষকের রক্তরস দিয়ে ওষুধ তৈরি হয় এবং এটি চড়া দামে বিক্রি হয়।এলাকার বাসিন্দারা জানান, তক্ষকের সন্ধানে প্রতিদিন একশ্রেণীর মানুষ বন-বাদাড়ে ও মানুষের বাড়ি বাড়ি ঘুরছে। গত সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন ব্যক্তি তক্ষক ধরায় ব্যস্ত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিকশাচালক জানান, তিনি তক্ষকের একটি বাচ্চা বিক্রির জন্য নাইলনের বস্তায় আটকে রেখেছেন। বাচ্চাটির দৈর্ঘ্য ১০ থেকে ১৫ সেন্টিমিটার। তিনি জানান, এর আগে আরও আটটি বাচ্চা সংগ্রহ করে বাড়িতে রেখেছিলেন। তবে পরে সবগুলো মারা যায়। প্রাণীটি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এমন গুজব শুনে তিনি বনের কয়েকটি গাছের খোঁড়ল থেকে বাচ্চাগুলো ধরে এনেছেন। ২০০-২৫০ গ্রাম ওজনের একটি তক্ষক ২০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হয় বলে গুজব ছড়িয়েছে। তাই রাতারাতি তক্ষক ধরে ধনী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই।সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের একটি বাড়িতে গিয়ে বন থেকে শিকার করা মাঝারি আকারের তিনটি তক্ষকের দেখা মেলে। ওই গ্রামের প্রবীণ ব্যক্তি আলী হোসেন আক্ষেপ করে বলেন, ‘কিছুদিন আগেও তক্ষকের ডাক শোনা যেত। এখন আর শোনা যায় না’। এ ব্যাপরে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘তক্ষক শিকারের বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।’ জেলা দক্ষিণ বনসংরক্ষক আব্দুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘গত কয়েক মাস ধরে টেকনাফে বিভিন্ন এলাকায় তক্ষক শিকারের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে বিজিবির জওয়ানেরা ১০-১২টি তক্ষক জব্দ করে নাইট্যং পাহাড়ে ছেড়ে দিয়েছে।’এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘তক্ষকের রক্তরস দিয়ে ওষুধ তৈরির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফিলিপাইনে এসব প্রাণী শিকার করা হলে সর্বোচ্চ ১২ বছর সাজা দেওয়ার বিধান রয়েছে। চড়া দামে এটি বিক্রির বিষয়টিও নিছক গুজব। শিগগিরই অবাধে শিকার বন্ধ করা না গেলে প্রাণীটি বিপন্ন হয়ে উঠবে।’